‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন’
গোটা ফুটবল ক্যারিয়ারে কেবল সফলতা আর সফলতা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন, পেয়েছেন ফুটবলের ‘রাজপুত্রের’ খেতাব। ফুটবলার হিসেবে তাঁর সফলতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু একজন কোচ হিসেবে ম্যারাডোনাকে কীভাবে মূল্যায়ন করবেন আপনি? কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়ার পণ নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন। শুরু থেকে দুর্দান্ত খেলে আসা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত! এ কারণে কোচ ম্যারাডোনার সফলতা-ব্যর্থতা নিয়ে বিতর্ক হতে পারে। এ রকম একটা হারের পর ম্যারাডোনার মনের অবস্থাটা কী শুনুন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন—জানিয়ে দিয়েছেন এই কিংবদন্তি।‘৫০ বছর বয়স হতে চলেছে। কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন দিন!’ হারের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার রয়টার্সকে বলছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার বিদায়ে তাঁর মনে পড়ছে ফুটবল থেকে বিদায়ের মুহূর্তটি। তবে সেই স্মৃতিও নাকি এতটা কঠোর ছিল না। ভগ্ন হূদয়ে ম্যারাডোনা বলছেন, ‘যে দিন ফুটবল থেকে বিদায় নিয়েছিলাম, আজকের দিনটি সে রকম হতে পারত। কিন্তু আজকের দিনটি তার চেয়েও কষ্টের!ম্যারাডোনা যে বারবার কঠিন দিনের কথা বলছেন, তা কতটা কঠিন বুঝতে পারছেন? না হলে ম্যারাডোনার মুখেই শুনুন, ‘এটা বক্সার মোহাম্মদ আলীর ঘুষি খাওয়ার মতো! কোনো কিছু করার শক্তি নেই আমার।’আগের দিন ব্রাজিলের বিদায়ের পর নিশ্চিত হয়েছে কার্লোস দুঙ্গার বিদায়। ম্যারাডোনাকেও হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। সেই সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যে নেবেন জানিয়ে ম্যারাডোনা বলছেন, ‘সতর্কতার সঙ্গেই সিদ্ধান্তটি নেব আমি। আমার পরিবার, খেলোয়াড়, সহকর্মী সবার সঙ্গে আলোচনা করতে হবে। আমি কালও চলে যেতে পারি। কিন্তু ফুটবলারদের অবশ্যই আর্জেন্টাইনদের মতো করে খেলে যেতে হবে।’