
এশিয়া কাপের দল নির্বাচনের আগে তাঁর সঙ্গে কথা না বলায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তা থেকে সৃষ্ট বিতর্ক ডালপালা ছড়িয়েছে আরও। গত পরশু দেশে ফিরে কাল সকালে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসব নিয়েই কথা বললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ
:অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বলেছেন, এশিয়া কাপের দলের ব্যাপারে তাঁর মতামত নেওয়া হয়নি। আপনি কী বলেন?
ফারুক আহমেদ: আমাদের যে নীতিমালা আছে, তাতে কিন্তু এটা বাধ্যতামূলক নয়। আর অধিনায়ক যখন একাদশ বানায়, আমাদের সঙ্গে কথা বলাটাও তার জন্য বাধ্যতামূলক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ওয়ানডে হয়েছে, অধিনায়কই কিন্তু একাদশ নির্বাচন করেছে। এশিয়া কাপের দল নির্বাচনের আগে কোচের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম কোচ অধিনায়ককে প্রতিনিধিত্ব করছেন। এখন যদি বোর্ড একাদশ করার সময় নির্বাচক কমিটির সঙ্গে আর ১৫ জনের দল করার সময় অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করাটা বাধ্যতামূলক করে দেয়, তাহলে ভালো হবে। আমি দীর্ঘ ১৬-১৭ বছর জাতীয় দল ও ক্লাবের অধিনায়কত্ব করেছি। আমি জানি, অধিনায়ককে সবচেয়ে বেশি চাপ নিতে হয়। যা কিছু হয়েছে, এটা একটা ভুল বোঝাবুঝি।
:কিন্তু মুশফিক তো সংবাদ সম্মেলনে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন...
ফারুক: এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারব না। আপনারা জানেন, প্রত্যেকেরই একটা কোড অব কনডাক্ট আছে। কোড অব কন্ডাক্টে মুশফিক বোর্ডের চাকুরে, সে খেলোয়াড়। নির্বাচক কমিটির প্রধান হিসেবে আমিও বোর্ডের কর্মচারী। আমি কতটুক যেতে পারব, কার সঙ্গে কথা বলতে পারব, এটা বোধ হয় পরিষ্কারভাবে লেখা আছে।
:আপনার কী মনে হয়, দল নির্বাচনের ব্যাপারে নির্বাচকদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের বোঝাপড়ায় কোনো সমস্যা আছে?
ফারুক: খেলাটিতে আপনারা আছেন, আমি আছি, খেলোয়াড়েরা খেলছে। সবার লক্ষ্য কিন্তু একটাই। সাংবাদিকতা যেন এমন না হয়, যাতে দলের মধ্যে কোনো সমস্যা সমাধানের চাইতে আরও ছড়িয়ে পড়ে। আমাদের অধিনায়ক যা বলেছেন, বোর্ড সিদ্ধান্ত নেবে কথাটা তার বলা উচিত হয়েছে কি না। আর নিয়মের কথা বললে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পরপরই এশিয়া কাপের দলটা দেওয়া হয়েছে। অধিনায়ক তখন মাঠে ছিলেন, আমরা কোচকে ডেকে ছিলাম। তার আগে ভিবের (ফিজিও বিভব সিং) সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছি। আমাদের বেশ কিছু জিনিস মেলাতে হয়েছে। আমার মনে হয়, এসব নিয়ে আর কথা না বলে নিশ্চিত করা উচিত, আমরা যাতে নির্বাচনের কাজটা সুষ্ঠুভাবে করতে পারি, অধিনায়ক যাতে মাঠে তার কাজটা ঠিকভাবে করতে পারে।
:তাঁর সঙ্গে কথা না বলায় অধিনায়কের দুঃখবোধ তো থাকতেই পারে, তাই না?
ফারুক: আবারও বলছি, এটা কিন্তু বাধ্যতামূলক না। একাদশ নির্বাচনে যেমন আমাদের কোনো সম্পৃক্ততা নেই। গত তিনটা ওয়ানডের দল হয়েছে অধিনায়ক ও কোচের সিদ্ধান্তে। আমি মন থেকে বিশ্বাস করি, ক্রিকেটে অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ, তাকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে। এর আগে আমরা যে দলগুলো করেছি, কোনো মতবিরোধ দেখা দিলে যুক্তির মাধ্যমে ঠিক করেছি। এই দলটাও কোচের সঙ্গে আলোচনা করেই করেছি। তবে একাদশ নির্বাচন হোক বা ১৫ জন, সবার মধ্যে আলাপ-আলোচনাটা খুব জরুরি।
:মুশফিকের সঙ্গে কথা হয়েছে?
ফারুক: এখনো হয়নি। আজ (গতকাল) কোচ আমাকে জিজ্ঞেস করেছে, টিম কম্বিনেশন কেমন হবে। আমরা এরই মধ্যে চিন্তা করতে শুরু করে দিয়েছি। যেটা আলোচনার মাধ্যমে আমরা করতে পারি। প্র্যাকটিসের পর আলোচনা করে নেব।
:সাবেক ক্রিকেটার হিসেবে বলেন, ও কি কখনো কখনো একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায়?
ফারুক: মুশফিককে ২০০২ সাল থেকে চিনি। সে যখন অনূর্ধ্ব-১৫ দলে, ওই দলের ম্যানেজার হয়ে আমি দুবাই গিয়েছিলাম। ২০০৫ সালে ইংল্যান্ডে ওকে লর্ডসে টেস্ট ম্যাচ খেলিয়েছি। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে তাকে চিনি। খুব শক্ত মানসিকতার একজন খেলোয়াড়। যে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। যদি কিছু হয়ে থাকে, আমরা কথা বলে ঠিক করে নেব।