‘এটা কপালের ব্যাপার’
চতুর্থ দিন শেষে হারারে টেস্টে বাংলাদেশের জয়টাকেই সবচেয়ে বাস্তব ফলাফল মনে হচ্ছে। কিন্তু জিতলেও কি একটা আক্ষেপ থেকে যাবে না? দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। প্রথম ইনিংসে সম্ভাবনা জাগিয়েও পারেননি সাকিব আল হাসান আর নাসির হোসেন। কাল দিনশেষের সংবাদ সম্মেলনে নাসির হোসেনের কণ্ঠে তাই একটু আক্ষেপ মিশে থাকল, ‘এই টেস্টে আমরা হয়তো দুই-তিনটা সেঞ্চুরিও করতে পারতাম। তবে আমি মনে করি, এটা কপালের ব্যাপার। এবার না হলেও ইনশা আল্লাহ ভবিষ্যতে হবে।’ এই টেস্ট জিতে সিরিজটা ড্র করতে পারলে হয়তো ব্যক্তিগত দুঃখগুলোকে এত বড় কিছু মনে হবে না। আজ সকালে শুরুটা ভালো হলে সেই জয় পেতে বেশি সমস্যা হবে বলে মনে করেন না নাসির, ‘আমরা এখন ভালো একটা অবস্থানে আছি। কাল (আজ) সকালে তাড়াতাড়ি ওদের দুইটা উইকেট ফেলতে পারলে ম্যাচ পুরোপুরি আমাদের হাতে চলে আসবে।’ সে জন্য সবার আগে ফেরাতে হবে কাল ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করা হ্যামিল্টন মাসাকাদজাকে। যদিও নাসির মনে করেন, ‘ও একা তেমন একটা ক্ষতি করতে পারবে না আমাদের।’ব্যাটিং নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের সব পরিকল্পনাই কাজে লেগে গেছে। লক্ষ্য ছিল অন্তত চার শ রানের লিড, সঙ্গে লাঞ্চের পর এক ঘণ্টা ব্যাট করা। মুশফিকুর রহিম যখন ইনিংস ঘোষণা করলেন, ততক্ষণে লাঞ্চের পর ঠিক এক ঘণ্টাই হয়েছে খেলা। লিডটাও কাঁটায় কাঁটায় চার শ। দুই ইনিংসে ফিফটি করলেও লক্ষ্য পূরণে নাসির কৃতিত্ব দিচ্ছেন দুই অগ্রজকে, ‘দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৩ উইকেট পড়ার পর আমরা খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু মুশফিক ভাই আর সাকিব ভাই ভালো জুটি গড়ায় ভালো অবস্থানে চলে এসেছি। আজ (গতকাল) ওদের রান হয়তো একটু বেশি হয়েছে, তবে চারটি উইকেটও হারাতে হয়েছে সে জন্য।’এই টেস্টে বাংলাদেশের জয়টাই এখন সবচেয়ে সম্ভাব্য ফলাফল। তবে জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক গ্রান্ট ফ্লাওয়ার কালই শেষ দেখে ফেলেননি হারারে টেস্টের, ‘পিছিয়ে পড়ার পরও ছেলেরা আত্মবিশ্বাস হারায়নি। বিশেষ করে হ্যামিল্টন (মাসাকাদজা) খুবই ভালো ব্যাটিং করছে। ওর সামর্থ্যের ওপর আমার পুরোপুরি আস্থা আছে। আর ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। দেখা যাক কী হয়।’দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার রান না পেলেও সেটিকে বড় হয়ে উঠতে দেননি মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ফ্লাওয়ারের আশা, আজ জিম্বাবুয়ের মিডল অর্ডারও এমন ঘুরে দাঁড়াবে। আর সেটার জন্য দলকে একটু অন্যভাবেও সাহস দেওয়ার চেষ্টা করলেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক, ‘বাংলাদেশ টেস্টটা জিততে মরিয়া। তারা হয়তো ভালো অবস্থায়ও আছে। কিন্তু না জিতলে দেশের মানুষ এবং বোর্ড তীব্র সমালোচনা করবে—এই ব্যাপারগুলো মাথায় আছে বলে ওরা প্রবল চাপেও থাকবে।’