‘এটা তো আমার নিয়ন্ত্রণে নয়’
আইপিএলের নিলামে এবারও কোনো দল তাঁকে কেনেনি—খবরটা কাল চট্টগ্রাম টেস্টের চা-বিরতির সময়ই পেয়েছেন সাকিব আল হাসান। তবে তাতে বাংলাদেশ অধিনায়ককে খুব একটা হতাশ বলে মনে হলো না। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন শেষে কুল ডাউনের পর ড্রেসিংরুমে ফেরার পথে বরং বললেন, তিনি মোটেও অবাক হননি এই খবরে।বিস্মিত, অবাক কিংবা হতাশা—আইপিএলে খেলা হচ্ছে না বলে এই ব্যাপারগুলো সাকিবকে যতটা না স্পর্শ করছে, তার চেয়ে বেশি স্পর্শ করছে সাকিবের সতীর্থদের। দল সূত্রের খবর, কাল সকালে মুম্বাইতে অনুষ্ঠিত আইপিএল নিলামের খবর শুনে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা বেশ বিস্মিত এবং হতাশ। সবাই ধরেই নিয়েছিলেন, মোটামুটি ভালো একটা দামেই বিকোতে যাচ্ছেন সাকিব। অবাক করা ব্যাপার হলো, এই দিক দিয়ে প্রবল ব্যতিক্রম সাকিব নিজেই। ‘সুযোগ পেলে হয়তো ভালো হতো। তবে আমি এতে হতাশ নই। বিষয়টা যেহেতু আমার নিয়ন্ত্রণে নেই, এটা নিয়ে ভাবছিও না’—দাবি করলেন আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।