‘এটা তো বিদেশিদের টুর্নামেন্ট!’
শফিকুল ইসলাম মানিক বললেন, ‘প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে।’ মারুফুল হকের চোখে, ‘দেশি খেলোয়াড়দের মধ্যে ভালো করার একটা তাড়না লক্ষণীয়।’ দেশের অন্যতম দুই শীর্ষ কোচ তাঁরা দুজন। শফিকুল মুক্তিযোদ্ধার, মারুফ শেখ রাসেলের। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে দুজনই ইতিবাচক দিকটির ওপরই বেশি আলো ফেলতে চান। দুজনই বলছেন, মৌসুমসূচক টুর্নামেন্টে যে প্রতিদ্বন্দ্বিতার অভাস পাওয়া গিয়েছে, তাতে আসন্ন বাংলাদেশ লিগও জমবে। আগামীকাল শুরু ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। আর এই পর্বে ঢোকার আগে বড় দলগুলো সবাই কমবেশি চিন্তিত। গ্রুপে মোহামেডানের মতো দলকে হারিয়ে দিয়েছে নবাগত এবং অখ্যাত কক্স সিটি। ব্রাদার্সের সঙ্গে ড্র করেছে ওয়ারী। মুক্তিযোদ্ধা হেরেছে বিজেএমসির কাছে। আবাহনীকে হারিয়ে দিয়েছে ফেনী সকার। একমাত্র শেখ রাসেলই গ্রুপের তিনটি ম্যাচই জিতেছে। এতে বোঝা যায়, বড় দল মাঠে নামলেই পুরো পয়েন্ট—সেই দিন আর নেই।শেখ জামালের অধিনায়ক আমিনুল এটা ভেবেই খুশি, ‘সমান মানের দল প্রায় এখন ছয়-সাতটি। এ কারণে খেলায় উত্তেজনা আসবে আশা করা যায়।’ তিনি অবশ্য নেতিবাচকও দিকটাও ভুলে যাচ্ছেন না, ‘চারজন করে বিদেশি খেলানোয় স্থানীয় অনেকেই যথারীতি সাইড বেঞ্চে চলে গিয়েছে। এটা নিয়ে বহুবার কথা বলেও কাজ হয়নি। তার পরও এই ক্ষতিকারক দিকটি মৌসুমের শুরুতেও আমাদের ফুটবলে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।’বিজেএমসির অধিনায়ক আলফাজ আহমেদ এক পা এগিয়ে বললেন, ‘এটা মনে হয় না বাংলাদেশের ঘরোয়া কোনো টুর্নামেন্ট। এটা তো বিদেশি লিগ হচ্ছে।’ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ব্যাখ্যাও করেছেন, ‘গতবার তবু কোনো কোনো দল চারজন খেলানোর সুযোগ থাকলেও দুজন বিদেশি নিয়েছে। এবারও তো সবাই কোমর বেঁধে চারজন নিয়ে নামছে। ক্লাব কর্মকর্তারা দেশি খেলোয়াড়দের ওপর আস্থা পুরোপুরি হারিয়ে এখন বিদেশিনির্ভর হয়ে পড়েছেন। দেশের ফুটবলের জন্য এর চেয়ে ক্ষতিকতর আর কী হতে পারে!’ ব্রাদার্সের ম্যানেজার আমের খান সামনে আনছেন অন্য একটি প্রসঙ্গ, ‘আমাদের কোচিংয়ের মান বেড়েছে। তবে বিদেশিদের দাপটে স্থানীয় খেলোয়াড়েরা যথারীতি ভুক্তভোগী রয়ে যাবে। গ্রুপ পর্বের খেলা দেখে এটাই পরিষ্কার বুঝতে পারছি, লড়াই করবে বিদেশি বনাম বিদেশি। দেশের ফুটবল এ থেকে কোনোভাবে উপকৃত হবে না।’ আমের খানের এই বক্তব্যের সমর্থক বাফুফের কয়েকজন কর্মকর্তা ছাড়া সম্ভবত গোটা ফুটবল অঙ্গনই।