রূপসী বাংলা হোটেলের এগারো তলায় ‘টপ অব দ্য পার্ক’। কাল বেলা ১১টায় সেখানেই হওয়ার কথা ছিল সেমিফাইনালের আগে চিটাগং কিংসের টিম মিটিং। পরিবর্তে হলো একটা সংবাদ সম্মেলন, যার পুরোটাতেই ছিল ক্ষোভ আর হতাশার ছড়াছড়ি।রোববার বরিশাল বার্নার্সের কাছে হেরে সেমিফাইনাল-স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। পরদিন আবার তাদের সেমিফাইনালে তুলে দেয় বিপিএলের গভর্নিং কমিটি। সেই সিদ্ধান্ত আবার পাল্টে যায় সোমবার গভীর রাতে।রাত ২টা ১৯ মিনিটে টেকনিক্যাল কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন ও সদস্য দেওয়ান শফিউল আরেফীন চিটাগং কিংস কর্মকর্তাদের একটি কাগজ ধরিয়ে দেন, যাতে লেখা—বিপিএলের চতুর্থ সেমিফাইনালিস্ট বরিশাল বার্নার্স, চিটাগং কিংস নয়।কালকের জরুরি সংবাদ সম্মেলন ওই সিদ্ধান্তকে কেন্দ্র করেই। সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজির মালিক সামীর কাদের চৌধুরী বলেছেন, ‘আমাদের দল আইন অনুযায়ী সেমিফাইনালে গেছে। আমাদের সেমিফাইনালে খেলতে দেওয়া হোক।’ দলের কোচ খালেদ মাহমুদের অভিযোগ, ‘এত বড় টুর্নামেন্ট, অথচ বিপিএল গভর্নিং কাউন্সিলই যদি বাইলজটা না জানে, সেটা খুবই দুঃখজনক।’প্রথম বিপিএলের অভিজ্ঞতাতেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয়ে পড়ে গেছেন চিটাগং কিংসের মালিক, ‘সেমিফাইনালের আগের রাত দুইটায় কী এমন হলো যে আইন বদলে গেল! আমাদের কোনো প্রশ্নেরই উত্তর দেওয়া হয়নি। এ রকম কি আগামী বছরও হবে? এভাবেই কি হবে? তাহলে তো ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আমি বিপিএলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারব না।’বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এখনো লিখিত চুক্তি হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজিরই। চিটাগং কিংস আদৌ চুক্তিতে সই করবে কি না, তৈরি হয়েছে সেই সংশয়ও। ‘বিপিএল যেভাবে চলছে, আমাদের আরও চিন্তা করতে হবে চুক্তিতে সই করব কি না। আমাকে যদি আমার টাকা ফেরত দিয়ে দেয়, সালাম দিয়ে চলে যাব।’ বলেছেন সামীর কাদের।বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের আলোচনাটাকে আরও জোরালো করে দিয়েছেন তিনি, ‘বিপিএলে আমার কাছে তিনবার ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব এসেছে। আমি দুর্নীতি দমন বিভাগের কাছে রিপোর্ট করেছি। তারা আমার বক্তব্য নিয়েছে, সই নিয়েছে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ তবে কাল এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর দাবি করলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো লিখিত অভিযোগ আসেনি।’ফিক্সিংয়ের বিরুদ্ধে চিটাগং কিংস কঠোর অবস্থান নিলেও বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে সাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ সামীর কাদেরের, ‘চিটাগং কিংস একজন পাকিস্তানি সন্দেহভাজনকে ধরিয়ে দিয়েছে। এখানে বিসিবি বা অন্য কেউ কিছু করেনি। তাকে গ্রেপ্তারের পর এখনো আমরা অন্ধকারে আছি। তাকে ধরে নিয়ে গেল, তারপর কী হলো না-হলো আমরা এখনো কিছু জানি না। মালিক হিসেবে আমি বলছি, এটা আমার দলের জন্য অপমানজনক। ক্রিকেটের জন্যও।’বড় এক অভিযোগই করে বসেছেন এরপর, ‘আমার কাছে এখন সবই সন্দেহজনক লাগছে। এটা পুরোই একটা জুয়ার আসর। এখন জুয়ার কারণেই বরিশালকে এগিয়ে আর আমাদের পিছিয়ে দেওয়া হলো কি না, আমি এর উত্তর চাই।’সামীর কাদেরের এমনও সংশয়, কোনো অপশক্তির কারণেই সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত করা হলো তাদের, ‘যেভাবে জুয়া হচ্ছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে, হতে পারে এটাও বাজিকরদের চাপেই করা হয়েছে।’