‘এটা যুদ্ধ নয়, ফুটবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোভাষী হিসেবে ছিলেন একজন। কিন্তু তাতে ঠিক আলাপনটা জমবে না বলে ভাঙা ভাঙা ইংরেজিতে উত্তর দিয়ে গেলেন। ভাঙা ইংরেজি, কিন্তু সব উত্তরই হলো সুস্পষ্ট, সুনির্দিষ্ট। বোঝাই গেল, দল সম্পর্কে তাঁর চিন্তাভাবনা একেবারেই স্বচ্ছ। শান্ত ভঙ্গিতে উত্তর দিয়ে গেলেন। বড় দলের কোচসুলভ অহং একেবারে নেই। বরং কথা বলতেই উৎ সুক। ফাঁকে ফাঁকে রসিকতা করে সংবাদ সম্মেলনটিকে প্রাণবন্তও করে রাখলেন। কাল স্থানীয় হোটেলে সাংবাদিকদের মনও যেন জয় করলেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা এই ম্যাচের প্রস্তুতি কেমন?সাবেলা: দুই দিন আগে আমরা ভেনেজুয়েলার বিপক্ষে একটা ম্যাচ খেলেছি। দল নিয়ে কাজ করার সময় খুব একটা পাইনি। মাত্র তিন দিন একসঙ্গে ছিলাম আমরা। এখন এখানে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ। ফলে প্রস্তুতি নেওয়ার সময় খুব পাইনি। কোচ হিসেবে আমি নতুন। এখন ওদের চেনার চেষ্টা করছি। ওরাও আমাকে চেনার চেষ্টা করছে।  ভেনেজুয়েলার চেয়ে নাইজেরিয়া অনেক শক্তিশালী। সর্বশেষ ওদের বিপক্ষে ৪-১ গোলেও হেরেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে কী প্রত্যাশা করছেন?সাবেলা: এটা একেবারেই আলাদা একটা ম্যাচ। সেটা ছিল নাইজেরিয়ায়। আর এই ম্যাচটা ভিন্ন একটা দেশে হচ্ছে। দলেও অনেক পার্থক্য আছে। সেখানে আমাদের একেবারেই অন্য একটা দল খেলেছিল। আর এখানে নাইজেরিয়া কেমন দল মাঠে নামাবে, তা এখনো আমি জানি না। গতকাল ওরা মাদাগাসকারের বিপক্ষে খেলেছে। কেমন দল খেলিয়েছে, বলতে পারি না। তবে যা-ই হোক, এটা ভিন্ন একটা ম্যাচ। এখানে আমরা অনেক শক্তিশালী একটা দল নিয়ে এসেছি। শেষ পর্যন্ত কী হয়, সেটা কাল বোঝা যাবে।  এই ম্যাচে আপনারা নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবেন?সাবেলা: আমি মনে করি না ‘প্রতিশোধ’ একটা ভালো শব্দ। মানুষের জন্য এটা ভালো কিছু নয়। কারও জন্যই ভালো নয়। এটা যুদ্ধ নয়, ফুটবল। আমরা ফুটবল খেলতে এসেছি। আমরা জিততে এসেছি। ফলে আমি এই শব্দটা মাথায় আনতে চাই না।  দুর্দান্ত ফরোয়ার্ড নিয়েও আর্জেন্টিনা যথেষ্ট গোল করতে পারছে না। আপনি উদ্বিগ্ন?সাবেলা: খুব বেশি উদ্বিগ্ন নই। উদ্বিগ্ন হতাম যদি আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা প্রচুর সুযোগ তৈরি করছি, অসাধারণ সব মুভ করছি। খেলায় গতি আছে, ভালো পাসিং আছে, সুযোগ তৈরি হচ্ছে। ফলে চিন্তার কিছু নেই। কিছুদিনের মধ্যেই আমাদের ফরোয়ার্ডরা অনেক গোল পেতে শুরু করবে। ভালো দল নিয়েও আর্জেন্টিনা অনেক দিন বড় কিছু জেতেনি। আর্জেন্টিনার দুর্বলতাগুলো কোথায়?সাবেলা: এর একটা বড় কারণ দলে আক্রমণ ও রক্ষণটা ভারসাম্যপূর্ণ ছিল না। বেশ কয়েক বছর ধরে আমাদের আক্রমণভাগের শক্তি খুব ভালো। আমাদের সব সময় খুব ভালো কিছু স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। কিন্তু ডিফেন্সে একটু দুর্বলতা আছে। এটা নিয়েই আমি কাজ করতে চাই। আক্রমণ ও রক্ষণটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে। এটাই আমার প্রথম ও প্রধান কাজ।  লিওনেল মেসিকে অধিনায়ক করা হয়েছে কেন, তাঁর কাছ থেকে কী ভূমিকা আশা করেন?সাবেলা: বিভিন্ন গুণের জন্য মানুষ অধিনায়ক হয়। কারও ব্যক্তিত্ব অসাধারণ, কেউ গ্রেট খেলোয়াড়, কারও দলের সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। মেসির মধ্যে তিনটি গুণই দেখতে পাই। সে নিঃসন্দেহে গ্রেট খেলোয়াড়। এখন বিশ্বের সেরা। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো।  মেসির সঙ্গে আপনার জুটিটা কেমন হবে?সাবেলা: কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পরই বার্সেলোনায় গিয়েছিলাম মেসির সঙ্গে কথা বলতে। দীর্ঘ আলাপ হয়েছে। সে খেলোয়াড় হিসেবে গ্রেট, মানুষ হিসেবেও অসাধারণ। এরই মধ্যে ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আমার। আশা করছি, অধিনায়ক হিসেবে ও খুব ভালো করতে পারবে। মাত্রই এখানে সে শুরু করল। গত ম্যাচে সে নিজের সেরাটা খেলার চেষ্টা করেছে। আমি ওর সঙ্গে মিলে ভালো ফলাফল আনার ব্যাপারে আশাবাদী।  জাতীয় দলের হয়ে মেসি গোল পান না। এটা কি দুশ্চিন্তার?সাবেলা: এটা নিয়ে আমরা চিন্তিত নই। মেসি গ্রেট খেলোয়াড়। সে আর্জেন্টিনার হয়ে নিজের সর্বোচ্চ পরিশ্রম করেই খেলে। নানা কারণেই এখানে নিয়মিত গোল পায় না। সেটা কোনো সমস্যা না। ও গোলের সুযোগ তৈরি করে দেয়। আর আমি আশাবাদী, সে যেভাবে খেলছে, তাতে গোল পাবে। এটা কোনো সমস্যা না।  মেসিকে কোন পজিশনে খেলাতে চান?সাবেলা: আমি চাই, তার যে জায়গায় ভালো লাগে, সেখানে খেলুক। আমার ওকে স্ট্রাইকার হিসেবে খেলতে দেখতে সবচেয়ে ভালো লাগে। কিন্তু এ ব্যাপারে ওর ইচ্ছার ওপর নির্ভর করি। ওকে খুশি রাখাটা আমাদের দায়িত্ব। ও বিশ্বের সেরা খেলোয়াড়। সে যেখানে খেলে, যেভাবে খেলে আনন্দ পায়, সেটাই করতে হবে। ওর দলে ভূমিকাটা হবে ফ্রি এজেন্টের মতো, ইচ্ছেমতো পজিশন নিয়ে খেলবে।  আপনারা কলকাতায় খেলে এসেছেন। ঢাকার কন্ডিশন কেমন দেখছেন?সাবেলা: (মজা করে) এখানকার কন্ডিশন সম্পর্কে তো কিছু বলতে পারি না। এসি বিমানে এসেছি, তারপর এসি গাড়িতে করে এসি হোটেলে ঢুকেছি। ফলে বাইরের আবহাওয়া, আর্দ্রতা কেমন তা-ও জানি না। আজ অনুশীলনের পর কাল হয়তো বুঝতে পারব, এখানকার কন্ডিশনটা আমাদের জন্য কেমন হবে।  বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা কেমন?সাবেলা: সত্যি বলতে, বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানি না। দুই দেশের দূরত্ব এত বেশি যে তেমন কিছু জানতে পারিনি। তবে এখানে দেশটির আতিথেয়তা দেখে মুগ্ধ হয়েছি। এখানকার মানুষের ব্যবহার খুব ভালো। সবাইকে বলতে চাই—ধন্যবাদ।