‘এটা লাঠিয়ালদের খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন দেশের ক্রিকেট দল দেখলে বোঝার উপায় থাকে না সেটা টেস্ট, ওয়ানডে নাকি টি-টোয়েন্টির দল? উত্তরটা অবশ্যই বাংলাদেশ। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, বাংলাদেশে এ মুহূর্তে টি-টোয়েন্টির জন্য আলাদা দল করাটা কঠিনইটি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিশ্চয়ই দেখেছেন। কেমন হলো সেটা?রকিবুল হাসান: আমি সন্তুষ্ট। বিশেষ করে আশরাফুলকে ফেরানোর সিদ্ধান্তটা ভালো। তার উৎসাহটা ধরে রাখতেই তাকে ম্যাচে রাখতে হবে। সে ব্রিলিয়ান্ট, ম্যাচ উইনার। দলে জহুরুল ইসলামকে নেওয়াটাও ঠিক আছে। এটা তার প্রাপ্য। সে টুইন ওয়ান ক্রিকেটার—উইকেটকিপার হিসেবেও খেলতে পারে।এটাকে কি ঠিক টি-টোয়েন্টি ক্রিকেটের দল বলবেন? ওয়ানডে বা টেস্টেও তো এমন বাংলাদেশ দলই দেখি আমরা। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলে কেউ নেই...রকিবুল: এটার মূল কারণ আমাদের দেশে ভালো ক্রিকেটারের অভাব। এখানে অত বেশি খেলোয়াড় নেই যে তাদের বিভিন্ন শ্রেণীতে ফেলতে পারব। যারা আছে তারাই ‘সব সালুনের জিরা’। ওখান থেকে একজনকে এদিকে নেওয়া আরেকজনকে ওদিকে নেওয়া...এই তো! এ অবস্থার হয়তো পরিবর্তন হবে পাঁচ বছর পর। এ মুহূর্তে আমাদের জন্য আলাদা দল করা কঠিন।জুনায়েদ সিদ্দিক টি-টোয়েন্টি ক্রিকেটে সফল ব্যাটসম্যান হলেও দলে নেই। অথচ একটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না খেলা ইমরুল কায়েসকে নেওয়ার সিদ্ধান্ত সমর্থন করেন?রকিবুল: সমর্থন করি। প্রথম কারণ জুনায়েদের চেয়ে ইমরুল ভালো ফিল্ডার। দ্বিতীয়ত, ইমরুল জুনায়েদের চেয়ে বেশি আক্রমণাত্মক এবং তৃতীয়ত, নিকট অতীতে ইমরুল জুনায়েদের চেয়ে ভালো খেলেছে। হয়তো এসব চিন্তা থেকেই...। আসলে দুজনের মধ্যে আমিও খুব বেশি পার্থক্য করতে পারছি না, উনিশ আর সাড়ে উনিশ। দুজন ‘ভেরি গুড’ থাকার পর যদি একজন ‘ভেরি গুডের’ই প্রয়োজন হয়, আরেকজনকে তো বাদ পড়তেই হবে।আইসিএল ক্রিকেটাররা ফেরার পরও যেন উপেক্ষিতই থাকছেন। আফতাব দলে আছেন। শাহরিয়ার নাফীস বা অলক কাপালিকেও কি সুযোগ দেওয়া যেত না?রকিবুল: শাহরিয়ার নাফীসকে সুযোগ দেওয়া হয়েছিল, সেটা সে কাজে লাগাতে পারেনি। আফতাব দলে থাকলেও কিছু করতে পারছে না। আর কাপালি তো কিছু করছেই না। আইসিএল ক্রিকেটাররা এক বছর দলের বাইরে ছিল। তাদের অবর্তমানে দলটা একভাবে তৈরি হয়ে গেছে। একটা প্রতিষ্ঠিত দল থেকে হঠাৎ করে তিন-চারজনকে সরানো, তাদের জায়গায় এমন কাউকে আনা যারা টেন্ডুলকার-রিকি পন্টিং না, আমি এর কোনো যৌক্তিকতা দেখি না। প্রত্যেককেই সামর্থ্য প্রমাণ করে আসতে হবে।ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করায় প্রায় সব ক্রিকেটারকেই ভালোভাবে দেখার সুযোগ হয় আপনার। টি-টোয়েন্টির জন্য আদর্শ হতে পারে এমন কোনো নতুন ক্রিকেটার কি চোখে পড়েছে?রকিবুল: সত্যি বলতে কি টি-টোয়েন্টি ক্রিকেটকে আমি পাত্তাই দিই না। আমি ক্রিকেট নিয়ে গবেষণা করি, কিন্তু টি-টোয়েন্টি নিয়ে আমার কোনো গবেষণা নেই। এটা চোখের পলকে শেষ হয়ে যায়। এটা লাঠিয়ালদের খেলা। বাংলাদেশ দলে যদি খুব ভালো কোনো লাঠিয়াল থাকে যে প্রতিটি বল তার লাঠিতে লাগাতে পারবে আমি তাহলে ওই লাঠিয়ালকেই নেব। কিন্তু সেটা তো আর পারছি না...। তবে ভালো খেলোয়াড় আমাদের অবশ্যই আছে।টি-টোয়েন্টি নিয়ে কি আলাদা করে ভাবা উচিত বিসিবির?রকিবুল: আমাদের খেলতে হবে। ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে। বিশ্বকাপের আগে এ রকম টুর্নামেন্ট খুবই ভালো। যদিও আমি বলব, টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষতি করছে, খেলাটা কিন্তু টিকে থাকবে। ক্রিকেটকে অনেক টাকা দিচ্ছে টি-টোয়েন্টি।শুরুর দিকে মনে হয়েছিল টি-টোয়েন্টিই বুঝি বাংলাদেশের খেলা! অথচ এখানেই বাংলাদেশের সাফল্য কম। কেন?রকিবুল: কারণটা বংশগত। আমাদের বাবা-মা এটার কারণ। আমাদের বাবা-মা যদি আর্য হতেন তাহলে আমি ৬ ফুট ২ ইঞ্চি লম্বা হতাম, আমার হাতের কবজি অনেক চওড়া হতো, আমার পেশিতে অনেক শক্তি থাকত। ইটস এ গেম অব পাওয়ার। জলবায়ু, আবহাওয়া, খাদ্যাভ্যাস—সব মিলিয়ে আমাদের সামর্থ্য আসলে কতটুকু সেটা আমাদের বুঝতে হবে।