‘এটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ’
সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটা নিয়ে গোটা উপমহাদেশেই তৈরি হয়েছে একটা ভিন্নতর পরিস্থিতি। মোহালিতে এই ম্যাচ অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারত। মিডিয়া প্রচারণার মধ্য দিয়ে রীতিমতো একটা যুদ্ধ-যুদ্ধ ভাব-ই তৈরি হয়েছে এই ম্যাচটা ঘিরে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ তো ইতিমধ্যেই এই ম্যাচটাকে আখ্যায়িত করেছেন ‘শতাব্দীর সেরা ম্যাচ’ হিসেবে। তবে এটাকে কিছুটা বাড়াবাড়ি বলেই মনে করছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। দীর্ঘদিন পর ভারত-পাকিস্তান দ্বৈরথটা অনেক উত্তাপ-উত্তেজনা ছড়াবে এটা স্বীকার করলেও মোহালিতে আজকের এই লড়াইকে শুধু একটা ক্রিকেট ম্যাচ হিসেবেই দেখতে চান এবারের বিশ্বকাপের অন্যতম সেরা এই ক্রিকেটার।সমর্থকদের খুব বেশি উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়ে যুবরাজ বলেছেন, ‘আমি মনে করি না যে, এই ম্যাচটা আমার জীবনের সেরা ম্যাচ, শতাব্দীর সেরা ম্যাচ বা এ ধরনের কিছু। এটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ, যেটাতে জিততেই হবে। হ্যাঁ, ম্যাচটা নিয়ে অনেকেরই অনেক আবেগ কাজ করছে। কিন্তু এটা তো নতুন কিছু না। আমরা এটার জন্য প্রস্তুতও আছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। হারটা হবে খুবই দুঃখজনক। কিন্তু তারপরও এটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ।’আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতকে অনেক শক্তি যোগাবে ইতিহাস। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিপক্ষে হারের মুখ দেখে নি ভারত। এবারও ভারত এই ‘অপরাজিত’ তকমাটা অক্ষুণ্ন রাখতে পারবে বলে আত্মবিশ্বাসী যুবরাজ। হিন্দুস্তান টাইমস।