বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে হকি আবারও মাঠে ফিরেছে। হকি অঙ্গনের অস্থির আর গুমোট পরিবেশ কিছুটা কেটেছে। মোহামেডান ও অন্য বিদ্রোহী ক্লাবের অনেক খেলোয়াড়ই সমঝোতায় ফিরেছেন। জাতীয় দলের স্ট্রাইকার পুষ্কর খীসা (মিমো) তাঁদেরই একজন। এবারের মৌসুমে আবাহনীর হয়ে স্টিক হাতে তুলতে পেরে দারুণ উচ্ছ্বসিত রাঙামাটির তরুণ

মৌসুমের শুরুতে খেলা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। সেটা কি কেটে গেল?
পুষ্কর খীসা (মিমো): হ্যাঁ। দলবদলের আগ পর্যন্ত একটু টেনশনে ছিলাম। মোহামেডান ক্লাব থেকে আগেই টাকা নিয়ে রেখেছিলাম। কিন্তু মোহামেডান যখন দলবদলে অংশ নিল না, আমাদের মতো অনেকেই বেশ চিন্তায় পড়ে যাই। এরপর যে টাকায় মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলাম, একই অঙ্কে আবাহনীতে খেলতে রাজি হয়ে গেলাম। মোহামেডান আমাকে এই ছাড়টা দিয়েছে। পরিবারের সবাই আমাকে খুব প্রেশার দিচ্ছিল, যেন খেলা ছেড়ে না দিই। শেষ পর্যন্ত খেলতে রাজি হলাম। খেলতে পেরে খুবই ভালো লাগছে।
আবাহনীকে বিজয় দিবস টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে আপনার একটা বড় ভূমিকা রয়েছে।
পুষ্কর: আমি আগেও আবাহনীতে খেলেছি। আবারও আবাহনীর জার্সি পরে খেলতে পেরে খুব ভালো লাগছে। আমি পুরো টুর্নামেন্টে মাত্র দুটি গোল করেছি। কিন্তু দলের জয়ে অবদান রাখতে পারছি ভেবেই ভালো লাগছে। এ পর্যন্ত আমার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।
মোহামেডানের মতো বড় দল না খেলায় টুর্নামেন্ট কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ?
পুষ্কর: মোহামেডান, মেরিনার্স, ওয়ারী এবার খেলছে না। লিগ বলুন বা টুর্নামেন্ট বলুন, একটু তো রং হারাবেই। কিন্তু এবার আবাহনী যথেষ্ট ভালো দল গড়েছে। ঊষা দলটা ততটা ভালো হয়নি। আজ সেনাবাহিনীর কাছে হেরেছে! সেনাবাহিনী এই টুর্নামেন্টে খুবই শক্তিশালী দল। টুর্নামেন্টটা তাই মোটামুটি জমেছে। তবে মোহামেডান থাকলে টুর্নামেন্ট ও লিগ সবকিছুই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। লিগে সার্ভিসেস দলের খেলোয়াড়েরা খেলবে, তাই আশা করি জমজমাট একটা লিগই হবে।
বিজয় দিবসে দেখা যাচ্ছে, বিদ্রোহী ক্লাবগুলোর অনেকে খেলছেন...
পুষ্কর: মোহামেডানের সঙ্গে আমি যেভাবে কথাবার্তা বলে চলে এসেছি সেভাবেই মনে হয় কৌশিক, সারোয়ার, অজিত, ইরফানরা খেলছে। খেলোয়াড়দের স্টিক ছাড়া থাকলে যে কেমন খারাপ লাগে, সেটা বলে বোঝানো যাবে না। তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। ওরা হয়তো শুধু টুর্নামেন্টের জন্য অনুমতি পেয়েছে। আমার মতে, মোহামেডান যেহেতু লিগ করবে না, তাই ওদের সবাইকে একেবারে ছেড়ে দিলে ভালো হতো। অন্য দলে খেললে সেই দলটাও শক্তিশালী হতো।
আপনার তো হল্যান্ডে যাওয়ার কথা ছিল?
পুষ্কর: এখনো যাওয়ার প্রক্রিয়া চলছে। ওখানে যে বিশ্ববিদ্যালয়ে পড়ব সেখানে একটা স্কলারশিপের চেষ্টা করছি। যাতে একই সঙ্গে ক্লাবে খেলতে পারি ও পড়াশোনা করতে পারি। সবকিছু মিলে গেলে হল্যান্ডে চলে যাব।
শিগগিরই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। অনেক অভিজ্ঞ ও সিনিয়ররা বহিষ্কৃত। দলে এর প্রভাব পড়বে কেমন?
পুষ্কর: সাসপেন্ড হওয়া খেলোয়াড়দের বাদ দিলে আমরা মাত্র কয়েকজন সিনিয়র আছি। জুনিয়রদের নিয়ে একটা ক্যাম্প নাকি ২৭ তারিখ শুরু হবে। ওখান থেকে কিছু খেলোয়াড় আসলে দলটা হয়তো ব্যালান্সড হবে।
অভিজ্ঞ স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বহিষ্কৃত। আপনার তো দায়িত্ব বেড়ে গেল।
পুষ্কর: জিমি ভাই দেশের একজন সেরা খেলোয়াড়। দলে ওনার অভাব অপূরণীয়। তবে আমি চেষ্টা করব ওনার জায়গাটা কাভার করতে।