আর একদিন পরই মাঠে নেমে পড়ছে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত দক্ষিণ এশীয় গেমস। দুই সপ্তাহের এই ক্রীড়াযজ্ঞ বাংলাদেশকে তো বটেই, দক্ষিণ এশিয়ার ৮টি দেশকেই মাতিয়ে রাখবে প্রতিদ্বন্দ্বিতায়, সৌহার্দ্যের বিনি সুতোর মালায় এবং উত্সবময়তায়। কেমন হতে পারে এই আয়োজন? নেপথ্যের অন্যতম প্রধান চরিত্র বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের মুখেই শুনুন এ নিয়ে শেষ সময়ে এসে কেমন লাগছে? আয়োজনের একজন নেপথ্য নায়ক হিসেবে কি একটু টেনশন লাগছে?কুতুবউদ্দিন আহমেদ: ভালোই লাগছে। না, কোনো টেনশন নেই। সমস্ত কাজই আমরা গুছিয়ে ফেলেছি। এখন শুধু মিলনমেলা শুরুর অপেক্ষা। ২০টি কমিটি ও ২৩টি ফেডারেশন একটা টিম হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছে। এখন অপেক্ষা সফলভাবে এটি শেষ করার। গেমসটা কি সাফল্যের দিক দিয়ে বাংলাদেশের জন্য মাইলফলক হতে পারবে?কুতুবউদ্দিন: আয়োজনগতভাবে হয়তো খুবই সফল হবে এটি। কিন্তু ওটা নিয়েই তো সন্তুষ্ট থাকা যায় না। খেলায়ও ভালো করতে হবে। এখন আমাদের খেলোয়াড়েরা যদি জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত থাকেন, তাহলে এই গেমস দারুণ হবে বলে আমি আশাবাদী। খেলোয়াড়দের ভালো কিছু দেওয়ার কথা বলছেন, কিন্তু তাঁদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশাটা কেমন ভিত্তির ওপর তৈরি?কুতুবউদ্দিন: সীমাবদ্ধতা সত্ত্বেও এবার খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক বছরেরও বেশি সময় খেলোয়াড়দের একটানা অনুশীলন হয়েছে। অনুশীলনের জন্য ২২ কোটি টাকা দিয়ে সরকার বিরাট কাজ করেছে, এটি এ যাবত্কালের সর্বোচ্চ। ক্রীড়া দক্ষতার দিক দিয়ে এই গেমস থেকে আমরা কী চাই?কুতুবউদ্দিন: গত কলম্বো দক্ষিণ এশীয় গেমসে আমরা পদক তালিকায় ষষ্ঠ স্থানে ছিলাম। এবার আমাদের লক্ষ্য তৃতীয় স্থানে ওঠার। এর আগে একটা জরিপ চালিয়ে আমরা দেখেছি, ১৭টি সোনা আমরা পেতে পারি। তবে শেষ পর্যন্ত সোনার সংখ্যা বেশিও হতে পারে। নিজেদের দেশে আয়োজিত গেমসের পদক তালিকায় আমরা হয়তো তৃতীয় হতে পারলাম, কিন্তু ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা থাকবে?কুতুবউদ্দিন: ওটাই আসল চ্যালেঞ্জ। এই সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো করতে হবে আমাদের। আমি খুব আশাবাদী যে আমরা পারব। আমাদের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী আজ (কাল) সেই আশ্বাসই দিয়েছেন যে সব রকমের সহযোগিতা দিয়ে যাবে তাঁর সরকার। মাত্র দিন বিশেক আগেও কিন্তু ভেন্যুগুলো তৈরি হবে কি না দুশ্চিন্তা ছিল। সবই কি এর মধ্যে ঠিক হয়ে গেল?কুতুবউদ্দিন: হ্যাঁ, ভেন্যুগুলো তৈরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই। ওগুলোর মান নিয়েও কোনো সংশয় থাকবে না আশা করি। ভেন্যুগুলো আসলে কেমন হয়েছে? সামনে বড় কোনো আন্তর্জাতিক গেমস আয়োজন করা যাবে?কুতুবউদ্দিন: এখনই বলব না যে ওগুলো আন্তর্জাতিক মানের। তবে কাছাকাছি গেছে। আরেকটু কাজ করলে অবশ্যই আন্তর্জাতিক মানের হবে। সত্যি করে বলুন তো উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের চাকচিক্যের দিকেই বেশি মনোযোগী ছিলেন আপনারা, না খেলার দিকে?কুতুবউদ্দিন: অবশ্যই খেলার দিকে বেশি সজাগ ছিলাম। তবে এটাও ঠিক এত বড় একটা গেমসের উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের জাঁকজমকের দিকটাও আপনাকে ভাবতে হবে। কারণ দুই হাজারের বেশি বিদেশি অতিথি আসবে, পুরো দক্ষিণ এশিয়ার ১৫০ কোটিরও বেশি মানুষের চোখ থাকবে এই গেমসের দিকে। এর মাধ্যমে আরেকটা বার্তাও পাঠাতে পারব যে বাংলাদেশ শুধু বন্যা-খরা আর অভাবের দেশ নয়, সম্ভাবনারও দেশ। উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের বাজেট কত টাকার?কুতুবউদ্দিন: মোট ৪০ কোটি টাকার। এ জন্য আমরা স্পনসরদের কাছে কৃতজ্ঞ যে সরকারি অর্থ ব্যয় হচ্ছে না। এ পর্যন্ত ৩৫ কোটি টাকা পাওয়াও গেছে। কেমন হবে উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান?কুতুবউদ্দিন: এটা একটা চমক হিসেবেই বরং থাকুক। তবে এটুকু বলতে পারি, এটা হবে ঐতিহাসিক আয়োজন।