‘এটাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিপ অন ডুয়িং, হোয়াট ইউ আর ডুয়িং, স্যামি...’—জনপ্রিয় রেগে গায়ক আর্নি স্মিথের গানটা নিশ্চয়ই অনেক শুনেছেন ড্যারেন স্যামি। পরশু ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ককে উদ্বুদ্ধ করল হয়তো জ্যামাইকান গায়কের গানটিই। বল হাতে নেওয়ার পর আর থামাথামির নাম নেই। ১১ ওভারের টানা স্পেলে ১৪ রানে ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে তবেই থামলেন। সাড়ে তিন দিনে রোমাঞ্চ আর নাটকীয়তা শেষে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে প্রায় ভুলে যাওয়া এক স্বাদ। যে দলটি না জিতলেই একসময় বড় খবর হতো, সেই দল জিতল ১৭ ম্যাচ পর। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ত্রিনিদাদে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই ছিল উইন্ডিজের সর্বশেষ। ‘অধিনায়ক’ স্যামিরও এটা প্রথম টেস্ট জয়, আর ‘ক্রিকেটার’ স্যামির মাত্র দ্বিতীয়!ব্যক্তিগত অর্জন আছে আরও একটি, টেস্টে ম্যাচসেরার স্বীকৃতি পেলেন এই প্রথম।মাঠের বাইরের পরিস্থিতি বিবেচনায়ও ওয়েস্ট ইন্ডিজের কাছে এই জয় একটু বেশি মধুর। বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্ব, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচের মনোমালিন্য, গেইল-ব্রাভোদের চুক্তিতে সই না করা, অধিনায়কের যোগ্যতা নিয়ে প্রশ্ন—বিতর্কে জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিছুটা হলেও সুবাতাস বইবে এই জয়ে। স্যামিও বললেন এমনটাই, ‘এটাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এই পারফরম্যান্সটা আমাদের খুব প্রয়োজন ছিল। গত কিছুদিনে সবকিছু ভালোভাবে হচ্ছিল না। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম, দলও বিশ্বাস হারায়নি। অবশ্য এটা মাত্রই একটা জয়, আমাদের পরিশ্রম করে যেতে হবে, উন্নতি করতে হবে।’উন্নতির প্রথম লক্ষ্য হওয়ার কথা ব্যাটিং। গায়ানায় দুই দলেরই ব্যাটিং-দৈন্য ফুটে উঠেছে প্রকটভাবে। ২০ এলবিডব্লুর বিশ্ব রেকর্ড তো আর শুধু উইকেট আর বোলিংয়ের কারণে হয় না। চতুর্থ ইনিংসে মিসবাহর ৫২ ছিল ম্যাচের একমাত্র ফিফটি! সাঈদ আজমলের স্পিনের সামনে যেমন শিক্ষানবিশ মনে হয়েছে উইন্ডিজ ব্যাটসম্যানদের, স্যামি-রামপলের সুইংয়ে তেমনি দিশেহারা হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। এই বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতায় ব্যবধান গড়ে দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজের লোয়ার-অর্ডার। প্রথম ইনিংসে শেষ দুই জুটিতে এসেছে ৫১ রান, দ্বিতীয় ইনিংসে চন্দরপল-বিশুর শেষ জুটিতে ৪৮। আর পাকিস্তান হেরেছে ৪০ রানে!অধিনায়ক মিসবাহর প্রতিক্রিয়ায়ও বাজে ব্যাটিংয়ের আগে উঠে এল উইন্ডিজের লোয়ার-অর্ডারের ব্যাটিং, ‘ওদের লোয়ার-অর্ডারকে আমরা খুব বেশি রান দিয়ে ফেলেছি। অনেক ক্যাচও ছেড়েছি। দলের ব্যাটিংও ছিল কিছুটা হতাশাজনক। ২ রানে ৩ উইকেট হারানোর পর ছেলেরা ভালোই লড়াই করেছে। কিন্তু বেশির ভাগ ব্যাটসম্যানই ভালো বলে আউট হয়েছে। ওরা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে।’ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুধু পাকিস্তান ও শ্রীলঙ্কাই কোনো টেস্ট সিরিজ জেতেনি এখনো। এবারও জেতা হচ্ছে না পাকিস্তানের। লড়াই এখন হার বাঁচানোর। আর আগামী টেস্ট ড্র করতে পারলেও দুই বছর পর সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শুক্রবার, সেন্ট কিটসে। ওয়েবসাইট।