
দুই ক্লাব থেকে টাকা নিয়ে পরে সমঝোতা। বাংলাদেশের ফুটবলে এটা পুরোনো সংস্কৃতি। এটা নিয়ে ক্লাব বা ফুটবলার কোনো পক্ষেরই শাস্তি হয়নি। তবে এবার দুই ক্লাব থেকে টাকা নেওয়া পাঁচ ফুটবলারের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে। তাঁদেরই অন্যতম জাহিদ হোসেন অবশ্য কোনো দায় নিতে রাজি নন
শোনা যাচ্ছে, আপনি দুই ক্লাব থেকে টাকা নিয়েছেন আগামী মৌসুমে খেলার জন্য। এটা কি সত্যি?
জাহিদ হোসেন: হ্যাঁ, সত্যি। আমি প্রথমে ১০ লাখ টাকা নিয়েছিলাম মোহামেডান থেকে। তারপর শেখ রাসেল আমাকে টাকা দিয়েছে। শুধু আমি নই মামুন মিয়া, শাকিল, নাহিদও মোহামেডান থেকে টাকা নিয়ে পরে শেখ রাসেল থেকে নিয়েছে (আবাহনী থেকে এক লাখ টাকা নিয়ে পরে শেখ রাসেল থেকে টাকা নিয়েছেন মিঠুন চৌধুরী)।
দুই ক্লাব থেকে টাকা নেওয়া কতটা নৈতিক?
জাহিদ: আমি এটা বুঝি, কোনো অন্যায় করিনি। মোহামেডান আমাকে ১০ লাখ টাকা দেওয়ার পর বাকি টাকা আর দিচ্ছিল না। দু-তিনটা তারিখ চলে যায়। তবু তারা চুক্তির বাকি টাকা দেয়নি। তাই বাধ্য হয়ে শেখ রাসেল মানে আমার গতবারের দলের সঙ্গেই চুক্তি করেছি। এবার চুক্তি ৩৮ লাখ টাকা।
কিন্তু দুই ক্লাব থেকে টাকা নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, এটা কি আপনি জানতেন না?
জাহিদ: শাস্তির প্রশ্ন এখানে আসছে কেন? মোহামেডান আমাকে ৩৫ লাখ টাকা চুক্তির মাত্র ১০ লাখ দিয়েছে। অল্প কিছু বাকি রেখে শেখ রাসেল চুক্তির টাকা দিয়ে দিয়েছে আমাকে। আমরা টাকার জন্য ফুটবল খেলি। আপনি ১০ লাখ টাকা দিলেন, বাকি টাকার খবর থাকবে না, এটা তো হতে পারে না।
মোহামেডান বাকি টাকা কবে দেবে বলেছিল? সেটা নিয়ে কোনো লিখিত অঙ্গীকার কি তারা করেছিল?
জাহিদ: লিখিত অঙ্গীকার করেনি, মুখে বলেছে, অমুক তারিখে দেবে। আমি, এমিলিসহ আমরা আরও কয়েকজন মোহামেডান থেকে একসঙ্গে টাকা নিই। তারপর বাবু ভাইকে (মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম) ফোন দেওয়ার পর বাকি টাকার ব্যাপারে সাড়া পাই না। মোহামেডানের ওপর তাই আমি আর ভরসা পাইনি।
মোহামেডানের টাকা ফেরত দিয়েছেন?
জাহিদ: মোহামেডানের টাকা ফেরত দিতে চেয়েছি। কিন্তু ক্লাব (শেখ রাসেল) বলেছে, বিষয়টা তারা দেখবে। ফেডারেশনের মাধ্যমে টাকাটা মোহামেডানকে ফেরত দিয়ে দেবে, এটাই শেখ রাসেল আমাদের বলেছে।
মোহামেডান তো আপনাদের পরিকল্পনায় রেখে দল গড়তে চেয়েছে। এখন এভাবে ডিগবাজি দেওয়ায় ওরা যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়?
জাহিদ: মোহামেডান কী ব্যবস্থা নেবে? আমরা তো তাদের সঙ্গে কোনো চুক্তিপত্রে সই করিনি, যেটা করেছি শেখ রাসেলের সঙ্গে। কাজেই অন্যায় কেন হবে? আমরা মোহামেডান থেকে টাকা নিই ভাউচারে সই করে। মোহামেডানের বাকি টাকার জন্য বসে থাকব নাকি?
এখন ফেডারেশনও তো শাস্তি দিতে পারে আপনাদের। বিষয়টা সমাধান করার জন্য ৫ আগস্ট পর্যন্ত ফেডারেশন আপনাদের সময় দিয়েছিল। সমাধান তো করলেন না...
জাহিদ: ফেডারেশনের শাস্তি দেওয়ার কিছু নেই। আগেও এমন অনেক হয়েছে। ক্লাবের কমিটমেন্টের অভাব থাকলে প্লেয়ার তো আরেক ক্লাবে যাবেই। দোষটা ক্লাবের।
ক্লাব বলে খেলোয়াড়দের কোনো অঙ্গীকার নেই। আসলে কোনটা সত্যি? দলবদল শুরুর এত আগে খেলোয়াড়েরাই বা টাকা নেন কেন?
জাহিদ: বাংলাদেশে এটাই নিয়ম হয়ে গেছে। মৌসুম শুরুর অনেক আগেই খেলোয়াড়দের নিয়ে টানা টানাটানি শুরু হয়। আমি বলব, খেলোয়াড়দের অঙ্গীকার আছে। শাকিল, মামুন মিয়াদের জিজ্ঞেস করেন, ওরা কেন শেষ সময়ে এসে শেখ রাসেলে এল। তার মানে ওদেরও আশাহত করেছে মোহামেডান।