'এটাই বলতে পারি, বিশ্বকাপ জিততে চাই'

জার্মান ফুটবল ধারাবাহিক বরাবরই৷ তবে ২০০৬ বিশ্বকাপ থেকে প্রাণবন্ত ফুটবল খেলে মন জয়ও করেছে জার্মানি৷ ওই বিশ্বকাপের সহকারী কোচ, এখনকার প্রধান কোচ জোয়াকিম লো অবশ্য এতেই তৃপ্ত নন৷ ফিফা ডট কমকে জানালেন, জিততে চান বিশ্বকাপ
l প্রস্তুতির ব্যাপারে খুঁতখুঁতে বলে একটা পরিচিতি আছে আপনার৷ আদতে পরিকল্পনা সাফল্যে কতটা প্রভাব ফেলে আপনার বিশ্বাস?
জোয়াকিম লো: অনেক পরিকল্পনা আগেভাগেই করা যায়, যেমন: ফিটনেস, কৌশল, মাঠে বিচরণ...তবে সাফল্যের পরিকল্পনা স্রেফ একটা পর্যায় পর্যন্ত করা যায়৷ আমরা ভিতটা গড়ে দিতে পারি এবং লক্ষ্য অর্জনের সম্ভাব্যতা বাড়িয়ে দিতে পারি৷ অনুশীলন শিবিরে এটা নিয়েই আমরা একাগ্র কাজ করছি৷ ছেলেরা যেভাবে অনুশীলন করছে, দলের সঙ্গে মিশে গেছে এবং সেরাটা উজাড় করে দিচ্ছে, আমি তাতে অভিভূত৷ তবে সম্ভব সেরা ট্রেনিং ক্যাম্পও কখনো সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না, বিশ্বকাপ জয়ের নিশ্চয়তা দেওয়া তো বহু দূর৷
l গত বিশ্বকাপে আকর্ষণীয় ফুটবল খেলে অনেকের মন জয় করেছিল জার্মানি৷ নেপথ্যের নায়ক হিসেবে আপনি কতটা গর্বিত?
লো: গর্ব এখানে ভুল শব্দ৷ আমি বরং বলব তৃপ্তি ও আনন্দটাই ছিল বেশি৷ একটা দল হিসেবেই আমরা ওভাবে এগিয়ে গিয়েছিলাম, যদিও একজন কোচকে কাজ করতে হয় যেসব ফুটবলারকে হাতে পাওয়া যায় তাদের নিয়েই৷ আমরা ভাগ্যবান যে বেশ কিছু বছর ধরেই জার্মান ফুটবলারদের গড়ে ওঠা খুব ভালোভাবে হচ্ছে৷ সেটার বড় একটা কৃতিত্ব ক্লাবগুলো ও তাদের যুব একাডেমির৷ জার্মান ফুটবলে পারস্পরিক সহযোগিতার পরিমাণ যেকোনো দেশের জন্য হতে পারে উদাহরণ৷ জাতীয় দলের খেলায় এই উন্নতি শুধু জাতীয় দলেরই অবদান, এমন কিছু বলার ধৃষ্টতা আমি দেখাব না৷
l সাম্প্রতিক কিছু ম্যাচে জার্মানির রক্ষণভাগকে নড়বড়ে মনে হয়েছে৷ টুর্নামেন্ট শুরুর আগে আর কোন দিক নিয়ে কাজ করতে চান?
লো: গত দুই বছরে আমাদের সবগুলো ম্যাচ আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছি৷ বদল আনা খেলায় আমরা িকছুটা গতি হারিয়েছি, সেটা শুধরে নেওয়ার চেষ্টা অবশ্যই করব৷ তবে খেলার ধরন বদলাব না৷ কারণ নিজেদের দর্শনে আমাদের আস্থা শতভাগ৷ প্রস্তুতির একটা অংশজুড়ে ছিল নতুন ছেলেদের এই দর্শনে অভ্যস্ত করে তোলা৷ রক্ষণে বাড়তি মনোযোগ অবশ্যই দেব৷ তবে রক্ষণ সামলানোয় শুধু রক্ষণভাগকে নয়, সবাইকেই সম্পৃক্ত হতে হবে৷
l ২০০৬ জার্মানি বিশ্বকাপে আপনি ক্লিন্সমানের সহকারী ছিলেন৷ সেবারের অভিজ্ঞতা থেকে আপনার কী মনে হয়, স্বাগতিক হওয়া ব্রাজিলের জন্য চাপ হবে, নাকি অনুপ্রেরণা?
লো: ওই টুর্নামেন্টের সামগ্রিক অভিজ্ঞতাই এত বিশাল ও ব্যাপক! আমাদের সবার জন্যই ওই টুর্নামেন্ট ছিল বিশেষ কিছু৷ মিউনিখে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে স্টুটগার্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আবেগময় আবহ—সবকিছুই ছিল এত নিবিড় ও অবিশ্বাস্য! স্টুটগার্টের ওই রাতের আবহ, পরে বার্লিনের সংবর্ধনা, কিছুই ভোলার নয়৷ পুরো টুর্নামেন্টেই আমাদের ভাসিয়ে নিয়েছে আবেগ-উত্তেজনার স্রোত৷ ব্রাজিলের ব্যাপারটা এবার আলাদা, কারণ প্রায় সবার দৃষ্টিতেই ওরা ফেবারিট৷ ২০০৬ সালে আমাদের তৃতীয় হওয়াটাই ছিল আনন্দময় এক বিস্ময়, সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিলাম আমরা৷ ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো হবে প্রত্যাশার প্রতিদান দেওয়া৷
l ক্যারিয়ারে এগিয়ে চলায় আপনি ও ক্লিন্সমান পরস্পরকে সাহায্য করেছেন৷ ২৬ জুন রেসিফেতে আপনাদের আবার দেখা হবে, তবে এবার মুখোমুখি...
লো: এবারই প্রথম এমন হচ্ছে না৷ গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র সফরেও আমরা মুখোমুখি হয়েছিলাম, তবে এবার মঞ্চ অবশ্যই অনেক বড়৷ ইয়ুর্গেনের সঙ্গ আমার সব সময়ই ভালো লাগে, আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে৷ ওর মতামতকে আমি সব সময়ই গুরুত্ব দিই৷ দারুণ এক কোচ ইয়ুর্গেন, অসাধারণ কিছু গুণাবলি আছে ওর৷ ইতিবাচক এবং খোলামেলা, তবে খুব খুঁতখুঁতেও, সবকিছুর ওপরে সব সময় জিততে চায়৷ আমরা একসঙ্গে খুব ভালো কাজ করেছি৷ ওর কাছে আমার অনেক ঋণ৷
l সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন জার্মানি বিশ্বকাপ জিততে চায়৷ এই আত্মবিশ্বাসের উৎস কী?
লো: আমার দলই আমাকে এই বিশ্বাস জুগিয়েছে৷ দলের প্রতিটি ছেলের ওপর আমার বিশ্বাস ও আস্থা অগাধ৷ সামর্থটা জানা আছে বলেই জানি আমাদের সুযোগ আছে এবার৷ তবে আমি জ্যোতিষী নই, ভবিষ্যদ্বাণী করাও আমার কাজ নয়৷ বিশ্বকাপ জিতব বলে যদিও প্রতিশ্রুতি দিই, তার মানে এই নয় যে নিশ্চয়তা দিতে পারব৷ এটাই শুধু শুধু বলতে পারি, আমরা বিশ্বকাপ জিততে চাই৷
l টুর্নামেন্টে কেমন আবহ আশা করছেন?
লো: এমন একটা দেশে বিশ্বকাপ হচ্ছে, অন্য যেকোনো দেশের চেয়ে যারা ফুটবলের সমার্থক৷ উত্তেজনাও তাই অনেক৷ গত কনফেডারেশনস কাপে সেটার একটা ধারণা পেয়েছি আমি৷ ব্রাজিলে ফুটবলের একটা সনাতনী শক্তি আছে৷ বিশ্ব ফুটবলের সেরা তারকাদের লড়াই দেখার জন্য উন্মুখ আমি৷ আশা করি ব্রাজিলে এবার নতুন উচ্চতায় উঠবে ফুটবল৷