‘এটি আত্মঘাতী হামলা’
‘আত্মঘাতী হামলা’য় প্রায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে পাকিস্তানে। ইমরান খান এবার সে রকমই এক ‘হামলা’ দেখছেন দেশটার ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে শহীদ আফ্রিদির প্রকাশ্য বিরোধকে দেশটার ক্রিকেটের ওপর ‘আত্মঘাতী হামলা’ হিসেবেই দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক।আন্তর্জাতিক ক্রিকেট থেকে শর্ত সাপেক্ষে আকস্মিক অবসর নিয়ে পিসিবির তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি। তাঁর চুক্তি বাতিল করে প্রতিশোধ নিয়েছে পিসিবিও। পাল্টা হিসেবে নিষেধাজ্ঞা বাতিলের আবেদন নিয়ে আফ্রিদি গেছেন আদালতে। আদালত আফ্রিদির বিষয়টি নিয়ে ডিসিপ্লিনারি কমিটির গতকালের সভা মুলতবি রাখার আদেশ দিয়েছেন, তলব করেছেন পিসিবি কর্মকর্তাদের। আজই তাঁদের আদালতে হাজির হওয়ার কথা।ইমরান খানের আশঙ্কা, আফ্রিদি-পিসিবি এই বিরোধ দেশের ক্রিকেটকে ফেলে দিতে পারে গভীর সংকটে। বলেছেন, ‘এ ঘটনা পাকিস্তানের ক্রিকেটে আরেকটা আত্মঘাতী হামলা। বুঝতে পারছি না পাকিস্তান ক্রিকেট কেন নিজেদের ওপরই এ রকম হামলা করছে। দেশের ক্রিকেট এমনিতেই অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এ ঘটনা আরও ক্ষতি করবে।’আফ্রিদির ঘটনাই কেবল নয়, বিতর্ক পাকিস্তান ক্রিকেট আর ক্রিকেট বোর্ডের নিত্যসঙ্গী। ইমরানের মতে, ক্রিকেটে রাজনীতি এবং সরকারি হস্তক্ষেপেরই পার্শ্বপ্রতিক্রিয়া এসব। ক্রিকেট বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপমুক্ত করতে আইসিসির সর্বশেষ উদ্যোগে পাকিস্তানের বিরোধিতারও সমালোচনা করেছেন তিনি, ‘আমাদের ক্রিকেটে সরকারের সম্পৃক্ততা আছে। আইসিসির গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করছে পিসিবি। অথচ এই পরিবর্তন এলেই পিসিবি একটা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হতো।’পিসিবির হুটহাট অধিনায়ক পরিবর্তনেরও সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক, ‘আমি এখনো বুঝতে পারি না টি-টোয়েন্টি শিরোপা জেতানোর ছয় মাস পরই কীভাবে ইউনুস খানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়! কীভাবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার এক মাসের মধ্যে সরানো হয় আফ্রিদিকে? মাত্র কদিন আগেই প্রশংসা আর পুরস্কারে ভাসানো হচ্ছিল তাকে এবং সে দলটাকে ভালো একটা স্থিতিও দিচ্ছিল।’ইমরান খানের এই বক্তব্যের পরও আলোচনা হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে পাকিস্তান ক্রিকেটে। বহিষ্কৃত ক্রিকেটার সালমান বাটের সঙ্গে একই টেলিভিশন অনুষ্ঠানে যোগ দেওয়ায় এবং আফ্রিদি সম্পর্কে মন্তব্য করে আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচক কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াসকে বহিষ্কার করেছে পিসিবি। এএফপি।