‘এটি বিশ্বের কাছে বিরাট বার্তা’
তিন বছর আগে লাহোরে জয়াবর্ধনে-দিলশান-সাঙ্গাকারারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা নিশ্চয়ই আজ আর মনে করতে চান না তাঁরা। ক্রিকেট খেলতে পাকিস্তানে গিয়ে লাশ হয়ে দেশে ফেরার পথে ছিলেন তাঁরা। সেই থেকে আন্তর্জাতিক ক্রিকেটও দূরের ব্যাপার হয়ে গেছে এই দেশটির জন্য। কিন্তু সম্প্রতি যেকোনো একটি বিদেশি দলকে এনে সিরিজ আয়োজনে মরিয়া পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু বাইরের পৃথিবীর অভিমত, পাকিস্তান এখনো কোনো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের উপযোগিতা থেকে অনেকটাই দূরে।সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল পাকিস্তানে গিয়ে সে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন। পাকিস্তানে বসে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কিছুটা আবেগপ্রবণ হয়েই হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দিয়ে এসেছিলেন তিনি। কিন্তু দেশে তীব্র আপত্তির মুখে আপাতত চুপ করে গেছেন তিনি। আর এই ব্যাপারটিই হতাশাগ্রস্ত করে তুলেছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসকদের। এই মাসের শেষ দিকে সিরিজ আয়োজনের কথা থাকলেও বাংলাদেশ এ ব্যাপারে সম্মতি দিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা পাকিস্তানে দল না পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে। আইসিসি ও এমসিসিও নাকি পাকিস্তানে দল না পাঠানোর পক্ষেই। এমন একটি পরিস্থিতিতে খড়কুটো আঁকড়ে ধরার মতোই আচরণ করছেন পাকিস্তানি ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘরোয়া একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনালে রাওয়ালপিণ্ডিতে প্রচুর দর্শকসমাগম হওয়াকে কেউ কেউ ‘পৃৃথিবীর মানুষের কাছে বিরাট বার্তা’ হিসেবেও মনে করছেন।আলোচিত ব্যক্তিটির নাম জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের ২২ হাজার দর্শকই বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা উন্মুখ হয়ে আছে তারা। এ ব্যাপারে আমাদের কিছু না বললেও চলে। এটি বাকি বিশ্বের কাছে বিরাট এক বার্তাও।’তাঁর মতে, সুপার এইট টি-টোয়েন্টি প্রতিযোগিতা প্রমাণ করেছে যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তানি জনগণ কীভাবে মুখিয়ে আছে।পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সময় এসে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটের সফল আয়োজনের ব্যাপারে পাকিস্তান এখন পুরোপুরি প্রস্তুত।সোয়েব মালিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এটা একটি দেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু নয়। কোনো দেশ যখন হোম সিরিজ বিদেশের মাটিতে খেলে, তাতে একই সঙ্গে দেশের দর্শক বঞ্চিত হয়, বঞ্চিত হয় তরুণ ক্রিকেটাররা, যারা তারকা খেলোয়াড়দের চোখের সামনে খেলতে দেখে নিজেদের হাত মকশো করে।’এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আইপিএল ও বিপিএলের আদলে পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পিপিএল আয়োজনের চিন্তাভাবনা করছে। পিসিবি মনে করে, পিপিএলে যদি বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে নিয়ে এসে খেলানো যায়, সে ক্ষেত্রে পাকিস্তানের নিরাপত্তা প্রসঙ্গে বিদেশিদের ভয়ও কেটে যাবে অনেকটাই। অর্থ্যাত্, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিপিএল আয়োজনকে সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর একটি বিশেষ অনুসঙ্গ হিসেবেই দেখছে। দ্য ডন।