‘এটি যুদ্ধ নয়, ক্রিকেট!’
মোহালির ভারত-পাকিস্তান সেমির লড়াই নিয়ে উদ্দীপনা এখন তুঙ্গে। দুই দেশের গণমাধ্যমই এই খেলাটিকে ‘যুদ্ধ’ হিসেবে চিত্রিত করেছে। খেলাটিকে ঘিরে যে উত্তেজনা বিরাজ করছে, তা আবার না কোনো অঘটনের জন্ম দেয়—শঙ্কাটা সবারই।পাকিস্তানের বর্তমান ম্যানেজার ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের কোচ ইন্তিখাব আলমেরও এই ‘যুদ্ধংদেহী’ ব্যাপারটি একেবারেই পছন্দ হচ্ছে না। তিনি বলেছেন, এটি সাধারণ একটি ক্রিকেট খেলা বৈ আর কিছুই নয়। গণমাধ্যমের উচিত নয়, খেলাটিকে ঘিরে উগ্র জাতীয়তাবোধকে উসকে দেওয়া। খেলোয়াড়েরা যেন এই ম্যাচ খেলতে গিয়ে মনে না করেন যে তাঁরা যুদ্ধক্ষেত্রে রয়েছেন।ইন্তিখাব আলমের মতে, ভারত-পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে যে ধরনের প্রচারণা চলছে, তাতে খেলোয়াড়েরা অকল্পনীয় চাপে পড়ে যেতে বাধ্য। এটিকে একটি খেলা হিসেবেই দেখাটা বাঞ্ছনীয়। সেখানে একটি দল জিতবে, আরেক দলের সম্মানজনক পরাজয় ঘটবে।‘একটি খেলায় দুটো দল জিততে পারে না। মোহালিতেও হয় ভারত জিতবে, নয়তো পাকিস্তান। কিন্তু দিন শেষে যেন ক্রিকেট খেলাটাই জয়ী হয়, আমাদের সেভাবেই চিন্তা করতে হবে।’ ইন্তিখাবের মন্তব্য।সবশেষে ইন্তিখাব বলেছেন, ‘ভারতে খেলতে এসে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে এই ভেবে যে ভারতে আমরা বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে এসেছি। ভারতে নিয়মিত খেলতে পারলে খুব ভালো হয়। ভারতও যেন নিয়মিত পাকিস্তানে খেলতে যায়।’ ডেইলি টাইমস।