উইকেট পাওয়ার উদ্যাপনটা সব সময়ই একটু ‘বন্য’ ধরনের হয়। কাল সেটা আরও একবার দেখা গেল শচীন টেন্ডুলকারকে ফিরিয়ে দেওয়ার পর। হবে না-ই বা কেন! টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিকের উইকেট তো বিশ্বের সব বোলারের কাছেই পরম কাঙ্ক্ষিত। কাল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে টেন্ডুলকারের উইকেট পাওয়ার পর বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া শচীন টেন্ডুলকারের উইকেট পাওয়ার পর কী অনুভূতি হয়েছে আপনার?রুবেল হোসেন: অনেক বড় ব্যাটসম্যান টেন্ডুলকার। তার উইকেট পাওয়া সব বোলারেরই স্বপ্ন। আমারও তাই ছিল। যখন ওকে এলবিডব্লু করে দিলাম, কী যে আনন্দ হয়েছে আপনাকে বলে বোঝাতে পারব না...। এত আনন্দ জীবনে পাইনি। কখনো কি ভেবেছিলেন টেন্ডুলকারকে আউট করার উত্সবও করতে পারবেন?রুবেল: কাউকে বলিনি কথাটা। তবে মনে মনে সব সময় কামনা করেছি, ওর উইকেটটা পেতে হবে, ওর উইকেটটা পেতে হবে...। আগেই বলেছি, টেন্ডুলকারের উইকেট বোলারদের কাছে স্বপ্নের মতো। জাতীয় দলে আসার আগে থেকেই মনে মনে ভাবতাম কখনো সুযোগ পেলে টেন্ডুলকারের উইকেট নিতে হবে। আজ (কাল) সে স্বপ্ন পূরণ হলো। টেন্ডুলকার যখন উইকেটে ছিলেন আপনি আর শফিউল বল করছিলেন। কী পরিকল্পনা ছিল আপনাদের?রুবেল: খেয়াল করলে দেখে থাকবেন ওই সময়ে বলে খুব ভালো রিভার্স সুইং হচ্ছিল। বিশেষ করে আমার বলে রিভার্স সুইংটা বেশি হচ্ছিল। আমরা তাই ঠিক করেছিলাম ওকে ওপরে ওপরে বল করতে হবে, সামনে বল ফেলতে হবে। যে বলে উইকেট পেলাম সেটাও ও-রকমই ছিল...রিভার্স সুইং। টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানকে শর্ট বল দিয়ে আসলে কিছু করা যায় না। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বীরেন্দর শেবাগ বাংলাদেশের বোলিং নিয়ে একরকম কটাক্ষই করেছিলেন। আপনারা নাকি ওদের ২০ উইকেট ফেলতে পারবেন না। এখন তো ১৮ উইকেটই ফেলে দিলেন...রুবেল: শেবাগের ইচ্ছা হয়েছে তাই ও-কথা বলেছে। এ রকম কথা সে বলতেই পারে...হয়তো আমাদের দুর্বল ভেবেছে বলে বলেছে। ওর কথা নিয়ে এখন আর কিছু বলার নেই। আমরা তো মাঠেই প্রমাণ করে দিয়েছি আমরা কী পারি। প্রথম টেস্টে পেসারদের পারফরম্যান্সে আপনি তাহলে পুরোপুরিই সন্তুষ্ট?রুবেল: অবশ্যই। খুবই ভালো বল করেছি আমরা। প্রথম ইনিংসে রাজীব ভাই (শাহাদাত) ৫ উইকেট পেলেন। দ্বিতীয় ইনিংসেও ভালো বল করছেন উনি। আমরা সবাই-ই আসলে ভালো বল করছি এই টেস্টে...সাকিবও। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়েও বাংলাদেশের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি ভারত। এবার ব্যাটসম্যানদের কাছে আপনার প্রত্যাশা কী? শেষ দিনে কী হবে?রুবেল: আমি মনে করি, আমাদের ব্যাটসম্যানদের পক্ষে এই টেস্ট জেতানো সম্ভব। তাদের ওপর আমাদের আস্থা আছে। এটা ঠিক যে শেষ দিনে অনেক রান করতে হবে...। কিন্তু সেটা কোনো সমস্যা না। ভালো খেললে জেতা সম্ভব। উইকেটও এখন দারুণ ব্যাটিং উপযোগী। ওরা পারবে।