ছোটবেলায় যে মারামারিটা (আসলে লাথালাথি) করতেন, তা ছিল বন্ধুদের সঙ্গে দস্যিপনা। আর এখনকারটা তায়কোয়ান্দো খেলা। ২০০৭ সালে এই খেলায় এসেছেন, এবারের এসএ গেমসই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর তাতেই গলায় পরলেন সোনার পদক। মাগুরার বামনপুরের মেয়ে শাম্মী আক্তার বলেছেন তাঁর সোনা জয় সম্পর্কে সোনা জয়ে আপনাকে অভিনন্দন।শাম্মী আক্তার: আপনাকেও ধন্যবাদ। এত বড় একটা অর্জনের অনুভূতি কেমন?শাম্মী: খুব ভালো লাগছে। বলে বোঝাতে পারব না। সবচেয়ে ভালো লেগেছে যখন পেছন থেকে আমাদের এক কর্মকর্তা এসে আমার গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দিলেন। আমার কাছে তখন মনে হয়েছে দেশকে কিছু অন্তত দিতে পারলাম। দেশের মান রক্ষা করতে পারলাম। আপনি নিজেই এই অর্জনের কারিগর। তার পরও এর পেছনে আর কার অবদান বেশি মনে করেন?শাম্মী: আমি রানা স্যার (মাহমুদুল হাসান) ও আমাদের প্রধান কোচ লি জু সুংয়ের কথা বলব। রানা স্যার আমাকে এ খেলাটায় এনেছেন। আর লি জু সাং স্যার আমাদের এই লড়াইয়ের জন্য তৈরি করেছেন। ওনাদের দুজনের সাহায্য ছাড়া আমাদের এই অর্জন সম্ভব হতো না। এমনও শোনা গেছে, আপনাদের অপারগতায় বিরক্ত হয়ে কোচ মারতেনও!শাম্মী: আসলে সবাই যেভাবে বলছে ব্যাপারটা সে রকম নয়। তবে উনি মাঝেমধ্যে খুব বিরক্ত হয়ে যেতেন। অনেক বকা দিতেন। মারের ভয় দেখাতেন! আসলে খেলাটা খুবই কঠিন। কঠিন এবং মারামারির এই খেলাটায় এলেন কীভাবে? আগে কি অন্য কিছু খেলতেন?শাম্মী: এর আগে আমি অন্য কোনো খেলা খেলিনি। তবে ছোটবেলা থেকেই মারামারি করতাম বন্ধুদের সঙ্গে (হাসি)। খুব চঞ্চলও ছিলাম। ৬ ভাইবোনের মধ্যে আমিই সবার ছোট। এ কারণেই মনে হয় চঞ্চল ছিলাম। গ্রামে তো সবাই বলত দস্যি মেয়ে। এখনো মারামারির খেলা খেলছি। তবে এখন হয়তো আর দস্যি মেয়ে বলবে না কেউ। হয়তো এখন বলবে সোনার মেয়ে। কত বছর ধরে তায়কোয়ান্দো খেলছেন?শাম্মী: ২০০৭ সালে শুরু করেছি। এবারের এসএ গেমসই আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগে আন্তর্জাতিক গেমস খেলার অভিজ্ঞতা ছিল না, তার পরও এত বড় চাপ সামলালেন কী করে?শাম্মী: প্রথম একটু ভয় লেগেছিল। তবে কাল (পরশু) রুমি আপা (শারমিন) সোনা জয়ের পর সাহসটা বেড়েছে। আপা নিজে এসে বলেছেন, আমি তো তোমার সঙ্গে খেলেছি। আমি জানি, তুমি জিততে পারবে। শুধু ভয় পেয়ো না। এর পর মাঠে নামার পর তো দর্শকেরাই সমর্থন দিয়ে ভয় কাটিয়ে দিয়েছে। দর্শকদের ধন্যবাদ। শারমিন তো আনসারে চাকরি করেন, আপনি?শাম্মী: আমিও আনসারে চাকরি করি। পাশাপাশি লেখাপড়াও করি। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু গেমসের কারণে দিতে পারিনি। পড়াশোনা করে ভবিষ্যতে কী হওয়ার স্বপ্ন ছিল? নাকি খেলোয়াড়ই হতে চেয়েছিলেন?শাম্মী: অন্যরা যেমন চায়, তেমনই আমিও পড়াশোনা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতাম। এখন আর তা দেখি না। তাহলে?শাম্মী: এখন শুধু বড় খেলোয়াড় হওয়ার স্বপ্নই দেখি। দোয়া করবেন, একদিন যেন বড় খেলোয়াড় হতে পারি। এর চেয়েও বড় পুরস্কার এনে দিতে পারি বাংলাদেশকে।