'এত তাড়াতাড়ি সুযোগ পাব ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান সরকার
রোমান সরকার

তাঁর মধ্যে ভবিষ্যৎ জিমির ছায়া দেখেন কোচ মাহবুব হারুন। পাকিস্তানি কোচ নাভিদ আলমের চোখে একদিন বড় খেলোয়াড় হবেন রোমান সরকার। জিমির পর গত ১০ বছরে সবচেয়ে কম বয়সে জাতীয় হকি দলে সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের তরুণ। কাল এশিয়া কাপের দল ঘোষণার পর সাড়ে ১৭ বছরের স্ট্রাইকারের স্বপ্নটা বেড়ে গেল আরও

 কোচ নাভিদ আপনার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বিশেষ করে আপনার বল নিয়ন্ত্রণ তাঁর বেশি পছন্দ। আপনার নিজের কাছে নিজের ভালো গুণ কোনটি?

রোমান সরকার: প্রথমে বলি, এত তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাব ভাবিনি। কোচকে ধন্যবাদ। তিনি আমাকে পছন্দ করেছেন। আমার নিজের কাছে নিজের ভালো গুণ মনে হচ্ছে, আমার গতি ভালো। বল কন্ট্রোল করতে পারি। বল হারালে দ্রুত কেড়ে নিই। ভালো করার চেষ্টা করে যাই সব সময়।

 আরেক কোচ মাহবুব হারুন তো আপনাকে বাংলাদেশের ভবিষ্যৎ জিমি ভাবেন। তা জিমির মতো হতে পারবেন?

রোমান: জিমি ভাই আমার আদর্শ। বাংলাদেশে তিনিই আমার হিরো। আমি অবশ্যই জিমি ভাইয়ের মতো হতে চাইব। এই ক্যাম্পে আসার পর জিমি ভাইয়ের কাছ থেকে অনেক পরামর্শও নিয়েছি।

 এটি তো জাতীয় দলে আপনার প্রথম ক্যাম্প। ক্যাম্পে সবার ছোটও। এত সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ক্যাম্প করতে ভয়-টয় লাগেনি?

রোমান: প্রথম আসার পর একটু একটু লেগেছে। কী জানি কী হয়! অনেক খেলোয়াড় বলতেন, সিনিয়রদের সঙ্গে একটু হিসাব করে যেন কথা বলি। আমি ভাবতাম সবার হাতে স্টিক আর বল আছে, আমার হাতেও তা আছে। কাজেই ভয় পাওয়ার কী আছে। আমি আস্তে আস্তে সবার সঙ্গে মানিয়ে নিয়েছি এবং খেলা দিয়ে কোচের মন জয় করেছি। সবাই আমাকে আদর করে।

 ২০০৩ সালে জাতীয় দলে জিমির অভিষেক মাত্র ১৬ বছর বয়সে। তারপর আপনিই কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে জাতীয় দলে এলেন। এটা কি একটু চাপ হয়ে গেল?

রোমান: আমি এটাকে চাপ হিসেবে দেখছি না। আমার জন্য এটা বিরাট সুযোগ। এর আগে সিঙ্গাপুরে ফাইভ-এ-সাইড অনূর্ধ্ব-১৬ যুব এশিয়া কাপে খেলেছি, টুর্নামেন্টে ৭ গোল ছিল আমার। বাংলাদেশ দল রানার্সআপ হয়েছে। তারপর তো জাতীয় দলেই চলে এলাম। এখন চাইব, জায়গাটা ধরে রাখতে।
 আপনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মাত্র একটি। সে অর্থে তো অভিজ্ঞতা তেমন হয়নি...
রোমান: হ্যাঁ, গত বছর লিগে আমি আজাদের হয়ে খেলে সাতটি গোল করেছিলাম। ওটাই ছিল আমার একমাত্র প্রিমিয়ার লিগ। আস্তে আস্তে আমার অভিজ্ঞতা বাড়বে আশা করছি।
 নারায়ণগঞ্জে তো ফুটবলের চর্চা বেশি। আপনি হকি বাছলেন কেন?
রোমান: আমি নারায়ণগঞ্জ পুলিশ লাইন স্কুলে পড়ার সময়ই হকিতে আসি। এটা ঠিক নারায়ণগঞ্জে ফুটবল খেলাটা বেশি। কিন্তু আমার স্কুলে হকি খেলা হতো। সেখানে মোস্তফা মামার মতো একজন নিবেদিতপ্রাণ হকি কোচ আছেন। তিনি আমাকে বললেন, হকি খেলবা? আমি রাজি হয়ে গেলাম। তাঁর হাত ধরেই স্টিক-বলের সঙ্গে আমার পরিচয় এবং বিকেএসপিতে ভর্তি হওয়া।
 আপনি এখন বিকেএসপির একাদশ শ্রেণীতে পড়ছেন। খুব দ্রুতই এত বড় সুযোগ পাওয়ায় পরিবারের সবাই কী বলছেন?
রোমান: ছয় ভাই এক বোনের মধ্যে আমি সবার ছোট। বাবা আবদুর রহিম স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতেন। তবে ভাইবোনেরা কেউ খেলায় আসেনি। এখন বাবাসহ পরিবারের সবাই আমার এই সাফল্যে খুশি। আর আমি নিজে কতটা খুশি, বলে বোঝাতে পারব না।