'এত তাড়ার কী আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিআইয়ের পরিকল্পনাটাই সত্যি হলো। শচীন টেন্ডুলকার ২০০তম টেস্টটি খেলছেন ভারতের মাটিতেই। আগেই আগ্রহ দেখানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজটি নিশ্চিত করেছে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী নভেম্বরেই ভারতে আসছে তারা।
এর অর্থ, ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের ভাগ্যটা অনিশ্চিত হয়ে পড়ল। ১৮ নভেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত পূর্বনির্ধারিত সিরিজটা যদি হয়ও, অবশ্যই পেছাতে হবে। শুধু তা-ই নয়, ম্যাচের সংখ্যা কমিয়ে সিরিজের দৈর্ঘ্যও কমাতে হবে। কারণ, পরে শুরু করে দক্ষিণ আফ্রিকাকে সিরিজটা ১৯ জানুয়ারির আগে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। কারণ ঘরের মাঠে ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাও শুরু হবে ১৯ জানুয়ারি থেকে।
সে সফরের সময়সূচি পুনর্বিন্যাস করা নিয়ে যাই হোক না কেন, এ মুহূর্তে ভারতজুড়ে সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্ন একটাই, টেন্ডুলকার তাঁর ২০০তম টেস্টটি খেলবেন কোন মাঠে? বিসিসিআই চাইছে, এ যুগের ডন অনন্য কীর্তিটি গড়ুন তাঁর ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি কলকাতায় এবং দ্বিতীয় টেস্টটি মুম্বাইয়ে আয়োজনের পরিকল্পনা চলছে। কিন্তু টেন্ডুলকারের ২০০ নম্বর টেস্টটির আয়োজক হতে চায় কলকাতাও।
কলকাতা-মুম্বাই যেখানেই হোক, টেন্ডুলকারের ২০০তম টেস্ট নিয়ে ক্রিকেট-বিশ্বেও ভীষণ কৌতূহল। তা টেন্ডুলকার নিজে কী ভাবছেন? ভারতীয় ‘ক্রিকেট-দেবতা’ নাকি এ নিয়ে খুব বেশি রোমাঞ্চিত নন! এটাও তাঁর কাছে আরেকটা টেস্ট মাত্র। আর ওই মাইলফলক ছোঁয়ার আগে যেহেতু তাঁকে আরও একটা টেস্ট খেলতে হবে, ১৯৮টি টেস্ট খেলা টেন্ডুলকার তাই ভাবতে চান ১৯৯তম টেস্টটি নিয়ে।
ঘরের মাঠে ২০০তম টেস্টটি খেলেই টেন্ডুলকার ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন বলে একটা রব উঠে গেছে। কিন্তু এই জল্পনা সত্ত্বেও টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রান-সেঞ্চুরির মালিক অবসর ঘোষণার ব্যাপারে তাড়াহুড়োয় বিশ্বাসী নন, ‘আমার মনে হয় না এই পর্যায়ে এ নিয়ে ভাবার দরকার আছে।’ অন্য এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘এত তাড়ার কী আছে।’
টেন্ডুলকারের দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারটা প্রায় নিষ্কলুষ। রহস্যটা কোথায়? ৪০ বছর বয়সী টেন্ডুলকার এর পুরো কৃতিত্বই দিলেন পরিবারকে, ‘সেই স্কুলজীবন থেকেই আমি যদি ক্রিকেটে ভালো করতাম আমরা খুব সাদামাটা উদ্যাপন করতাম। ধারাটা সব সময় ধরে রেখেছি। আমার ভাইয়ের একটা অলিখিত আইন ছিল—আমার আগের ইনিংসটি নিয়ে অন্যরা কথা বললে বলুক, আমাকে সামনে তাকাতে হবে এবং পরিকল্পনা করতে হবে পরের ম্যাচ নিয়ে। এটা পরে অভ্যাস হয়ে যায়। আমাদের জীবনযাপন ছিল সাধারণ। বেড়ে ওঠার প্রক্রিয়াটাও ছিল সাধারণ। আমার বাবার দেখানো কিছু বিষয়ই আমি অনুসরণ করেছি। বাড়িতে সবকিছুর সঙ্গে মানিয়ে চলতে শিখেছি।’ ওয়েবসাইট।