মস্কোতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষে কাল দেশে ফিরে এসেছেন মেসবাহ উদ্দিন। বাংলাদেশের দ্রুততম মানব প্রতিযোগিতায় গিয়েছিলেন ১০০ মিটারে অংশ নিতে। ১১.২৩ সেকেন্ড সময় করে হিটেই বাদ পড়লেও বোল্ট-দর্শন ও অন্যান্য অভিজ্ঞতা কম হয়নি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা বলুন...মেসবাহ উদ্দিন: অভিজ্ঞতা বলতে বড় মাপের অ্যাথলেটদের সঙ্গে খেলতে পেরেছি, তাঁদের সঙ্গে অনুশীলন করেছি। এটা ভেবেই ভালো লাগছে। হিটে আপনার সঙ্গে কোনো বড় অ্যাথলেট ছিলেন?মেসবাহ: হিটে তেমন ভালোমানের কেউ ছিলেন না। ওমানের অ্যাথলেট বারাকাত মুবারক ছিলেন আমার হিটে। উনি ১০.৪৭ সেকেন্ড নিয়ে কোয়ালিফাই করেছিলেন। উসাইন বোল্টকে দেখেছেন নিশ্চয়ই...মেসবাহ: হ্যাঁ। বোল্টের দৌড় সরাসরি দেখা মজার এক অভিজ্ঞতা। তাঁর তিনটি ইভেন্টই খুব কাছ থেকে দেখেছি। বোল্টের ফিনিশিং খুব ভালো। তাঁর ফিনিশিং খুব ভালোভাবে লক্ষ করেছি। বোল্টের সঙ্গে কথাবার্তা কিছু হয়েছে?মেসবাহ: না, সুযোগ হয়নি। তবে বোল্টের খুব কাছে গিয়েছিলাম। কথা বলার চেষ্টাও করেছি। কিন্তু পারিনি। উনি এক হোটেলে ছিলেন, আমরা অন্য হোটেলে। ওনার প্র্যাকটিস গ্রাউন্ডও আলাদা। প্রতিযোগিতার সময় দেখা হতো আমাদের। আমি বোল্টের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলাম। পারিনি। তবে পাঁচ মিটার দূর থেকে তাঁর অনেক ছবি তুলেছি। অবশ্য পরে ফারাহর (৫ হাজার ও ১০ হাজার মিটারের সোনাজয়ী মো ফারাহ) সঙ্গে ছবি তুলেছি, কথাও বলেছি। বোল্টের কোন দিকটি বেশি ভালো লেগেছে?মেসবাহ: বোল্ট খুব মজার মানুষ। খুবই মজা করেন। আর এসব দৃশ্য সরাসরি দেখে যে কী আনন্দ, সেটা বলে বোঝাতে পারব না! টেলিভিশনের পর্দায় তো সবকিছু চোখে পড়ে না। স্টেডিয়ামে সব সময় তাঁর দিকেই তাকিয়ে ছিলাম। যেন ভয়ভীতি কিছু নেই। উনি ওনার মতো মজা করে যাচ্ছেন। প্র্যাকটিসের সময় মজা করছেন। ওয়ার্মআপের সময় করছেন। আমার জীবনে এত মজার মানুষ আর দেখিনি। ১০০ মিটার শুরুর আগের ঘটনাটা বলি। তখন বৃষ্টি পড়ছিল। উনি এমন ভঙ্গি করলেন, যেন ছাতা ধরে আছেন। আসলে তো তাঁর হাতে ছাতা নেই। সবাইকে বোঝাচ্ছেন, যেন ছাতা ধরে আছেন। সবাই হেসে দিল। পুরো গ্যালারি তখন হাততালিতে ফেটে পড়ল। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে আপনার প্রাপ্তি কতটুকু?মেসবাহ: অনেক কিছু শিখলাম। বড় মাপের অ্যাথলেটদের সঙ্গে অনুশীলন করেছি। দেখেছি কে কীভাবে এক্সারসাইজ করেন। বুঝলাম, আমরা কতটা পিছিয়ে আছি। ওখানে কদিনে অনেক বন্ধু জুটেছিল। সবার সঙ্গে কথা বলে দেখলাম, আমিই সবচেয়ে পেছনে পড়ে আছি। আমাদের না আছে ভালো রানিং শু, না আছে ভালো প্র্যাকটিস ট্রাউজার। প্রত্যেকের নিজস্ব কোচ-ফিজিও আছে। আর আমরা যাই কর্মকর্তাদের সঙ্গে। খেলে চলে আসি। নিজের কোচ নিজেই। ওখানে গিয়ে কোনো সমস্যা হলে কোচের কাছে গিয়ে যে সেটা দেখিয়ে নেব, সেই সুযোগও নেই। অথবা কখনো একটু ব্যথা পেলাম, একটু ম্যাসাজ করা দরকার। আমি তো আর কর্মকর্তাদের কাউকে বলতে পারব না যে, স্যার, আমাকে ম্যাসাজ করে দেন। আপনার ইভেন্ট তো শেষ হয়েছে ১০ আগস্ট। এত দিন কী করলেন? মেসবাহ: নিয়মিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছি। ভিডিও করেছি। কে কীভাবে দৌড়ায়, কে কীভাবে কী করে, সেগুলো ভিডিও করেছি। আমার যেহেতু কোচ নেই, তাই ভিডিওই ভরসা। আমি পরে ল্যাপটপে বসে এগুলো দেখব। আমার কাজে দেবে। আপনি তো ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের সঙ্গে মস্কোতে গিয়েছিলেন। এসব দেখে তিনি কী বললেন?মেসবাহ: আমি ওনাকে বলেছি, দেখেন ওদের কী আছে আর আমাদের কী আছে। কিন্তু কর্মকর্তাদের কথা কী বলব! সব তো তিনি নিজের চোখেই দেখেছেন। নিজের চোখে দেখেও যদি না-দেখার ভান করেন, তাহলে তো কিছু বলার নেই। মস্কোতে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা?মেসবাহ: মস্কোর ঘণ্টা আর লেনিনের মূর্তি দেখে এসেছি। তবে বোল্টকে সরাসরি দেখতে পেরেছি। সরাসরি তাঁর দৌড় দেখেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা।