‘এবার অবসর নাও’
বিশ্বকাপের ভয়াবহ বাজে পারফরমেন্সের পর সত্যিই হুমকির মুখে পড়ে গেছে কামরান আকমলের আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপ চলাকালেই শোনা গিয়েছিল যে পরে হয়তো আর দলে সুযোগ না-ও পেতে পারেন এ পাকিস্তানি উইকেটরক্ষক। আর এবার তো পিসিবি সভাপতি ইজাজ বাট সরাসরিই কামরানকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শুধু আকমলই না, বিশ্বকাপ ব্যর্থতার খাঁড়া নেমে এসেছে পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ঘাড়েও।আকমল ও রাজ্জাকের বিশ্বকাপ পারফরমেন্সের কড়া সমালোচনা করে ইজাজ বাট বলেছেন, বিশ্বকাপে তাঁরা যেভাবে খেলেছে, সেটা সত্যিই খুব হতাশাজনক। এখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়াই বোধহয় তাঁদের জন্য সবচেয়ে ভালো হবে। এ দুই পাকিস্তানি ক্রিকেটারের ভাগ্য এখন পুরোটাই নির্বাচকদের হাতে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি।অধিনায়ক শহীদ আফ্রিদিও যদি বল হাতে ভালো পারফরমেন্স দেখাতে না পারতেন, তাহলে তাঁকেও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা দেওয়া হতো না বলে সরাসরিই জানিয়েছেন বাট। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি উইকেট নিয়ে সে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছে। ওয়ানডে দলের নেতৃত্বের ভারও তার হাতেই থাকবে।’ টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হককে নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন বাট। ভারতের বিপক্ষে সেমিফাইনালের মহারণে ধীরগতির ব্যাটিংয়ের জন্য অনেকেই মিসবাহকে দোষারোপ করলেও এখনো তাঁর ওপর আস্থা হারাননি বাট। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্টে মিসবাহর হাতেই দেওয়া হবে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব। ওয়েবসাইট।