‘এবার পরিবর্তন দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার পর থেকে যেন হারতেই ভুলে গেছেন তিনি। হল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন প্রথম বিশ্বকাপ শিরোপার। আজ উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালের আগে ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে দল ও পরিকল্পনা নিয়ে বলেছেন ডাচ কোচ সেমিফাইনালে পৌঁছে গেছেন। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেললেন...বার্ট ফন মারউইক: ম্যাচটার সবকিছুই যেন আমাদের মতো করে হলো। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও আমি বলেছি যে দুই বছর ধরে আমরা যে পরিশ্রম করেছি, তার প্রতিফলন এই এক ম্যাচে দেখা গেছে। এই দলটা যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারে। এদিন আমরা প্রথমবারের মতো এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ম্যাচের প্রথম ২০ মিনিটে আমরা মোটেও নিজেদের মতো করে খেলতে পারিনি। ওই সময় আমরা অনায়াসে ম্যাচটা হেরে যেতে পারতাম।  প্রথম ২০ মিনিটে সমস্যটা কী হয়েছিল?মারউইক: ওরা যখন গোল করে ফেলল, তখনো আমরা গুছিয়ে উঠতে পারিনি। এই ম্যাচের আগেই আমি বলেছিলাম, ব্রাজিলের বিপক্ষে খেলতে হলে নিজেদের খেলাটা খেলতে হবে, নিজেদের গতি নিজেরাই ঠিক করে দিতে হবে। কিন্তু ম্যাচ শুরু হতে দেখা গেল, ব্রাজিল আমাদের চেয়ে বেশি দক্ষতা দেখাচ্ছে, বেশি আক্রমণাত্মক ও বেশি পেশাদার হয়ে দাঁড়িয়েছে। ওরা আমাদের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল এবং আমাদের ওই জিনিসটারই অভাব ছিল। ২০-২৫ মিনিট পর থেকে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরতে শুরু করল। তার পরই দ্বিতীয়ার্ধে আমরা সব চাপ ঝেড়ে ফেলে দারুণ একটা ম্যাচ খেলে ফেললাম। খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত?মারউইক: দেখুন আমরা একটা দল হিসেবে কোনো কাজের পুরস্কার যখন পাই, সেটাই আমার কাছে সেরা মুহূর্ত। ছেলেরা এখনো পর্যন্ত অসাধারণ খেলছে এবং এ রকম একটা আসরে এসে একেবারে সঠিক মানসিকতাটা দেখাচ্ছে। এ রকম একটা মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও তারা আবার ফিরে এসেছে। স্রেফ দুর্দান্ত।দেশে এখন দারুণ উৎসব চলছে। অনেক দূরে আছি বলে আমরা উৎসবটার সাক্ষী হতে পারছি না; এটা সম্ভবত ভালোই হয়েছে। কারণ, এখন আমাদের উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই মন দিতে হবে। ম্যাচটা মোটেও সহজ হবে না। কোচ হিসেবে নিজের কথা বলুন। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?মারউইক: আমি খেলোয়াড়দের কাছে খুব খোলামেলা থাকি। ওরা রাত দুপুরেও চাইলে আমাকে ডাক দিতে পারে এবং আমি সঙ্গে সঙ্গে ওদের কাছে হাজির হয়ে যাই। আবার একই সঙ্গে কিছু পরিষ্কার সীমারেখাও টেনে দিতে চাই। আমার মনে হয়, প্রয়োজনে দলের সবার মাঝখানে থাকাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রয়োজনীয় দূরত্বটা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। বাকিদের প্রভাবিত করাটা দরকার, কিন্তু নিজে প্রভাবিত হওয়া চলবে না। আমার কাছে এগুলোই একজন কোচের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবাই কাজটা করে; যার যার মতো করে, আমিও তাই করি। যা বললাম সবই আমার জন্য সত্য; সবার জন্য না।  সেমিফাইনালে আপনার প্রতিপক্ষ তো উরুগুয়ে। তাদের সম্পর্কে কেমন ধারণা আছে?মারউইক: আমরা এরই মধ্যে উরুগুয়ের অনেক খেলা দেখে ফেলেছি। আমি ওদের কয়েকজন খেলোয়াড়কে বেশ চিনি। ম্যাচটা খুব বিপজ্জনক হবে। তারা এমনি এমনি সেমিফাইনালে উঠে আসেনি। ফলে আমাদের আবার মনঃসংযোগ করতে হবে। এবং কোনোভাবেই ভাবা চলবে না যে আমরা ওখানে (ফাইনালে) পৌঁছে গেছি। অতি-উৎসাহই কি এখন আপনার জন্য সবচেয়ে বেশি বিপদের কারণ?মারউইক: আমরা এর আগেও এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। দু বছর আগে অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের (ইউরো) কথা ভাবুন—আমরা ইতালি ও ফ্রান্সকে হারালাম। সঙ্গে সঙ্গে লোকজন ভাবল, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে গেছি। কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালই পার হতে পারলাম না। কারণ, আমরা ভেবেছিলাম, আমরা ফাইনালে পৌঁছে গেছি। আমি এটাই সবাইকে বোঝাতে চাচ্ছি, এবার পরিবর্তন দরকার। এখনো পর্যন্ত খেলোয়াড়েরা প্রমাণ করছে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে। কিন্তু পেরেছে কি না, সে পরীক্ষাটা এই ম্যাচেই হবে। তাহলে এই বিষয়ে খেলোয়াড়দের ওপর পুরো আস্থা রাখছেন?মারউইক: আমার খেলোয়াড়দের ওপর অগাধ বিশ্বাস আছে। আমরা যেভাবে কাজ করি, যেভাবে দল চালাই; সবকিছুর ওপর আমার বিশ্বাস আছে। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট একটা মুহূর্তে মনোভাবটা কী ছিল, সেটা ঠিক করে দেবে ম্যাচ জিতব কি হারব।