'এবার সাঁতরাবে তুমিও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলাদের মতো আরও সাঁতারু গড়তে চায় বাংলাদেশ। ছবি: এএফপি।
শিলাদের মতো আরও সাঁতারু গড়তে চায় বাংলাদেশ। ছবি: এএফপি।

মাঝদরিয়ায় নৌকার গলুইয়ের ওপর বসে হঠাৎ বেসুরো গলায় গেয়ে উঠল এক কিশোর। গান শুনে অমনি ভুস করে পানির ভেতর থেকে ডুব দিয়ে উঠে কেউ একজন বলল, ‘তোমাকেই তো খুঁজছে বাংলাদেশ!’ প্রতিভাবান শিল্পী খোঁজার এমন বাহারি বিজ্ঞাপন টেলিভিশন খুললেই চোখে পড়ে। শুধু কণ্ঠশিল্পী নয়, নৃত্যশিল্পী, কৌতুকশিল্পী খোঁজার এমন হাজারো প্রতিযোগিতা চলে সারা বছর ধরেই। ‘রিয়েলিটি শো’ নাম দিয়ে এভাবে প্রতিভা খোঁজার চলটা আছে সারা বিশ্বেই। ঠিক এভাবেই এবার সাঁতারের প্রতিভা খোঁজার উদ্যোগ নিল সাঁতার ফেডারেশন।
আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশ নৌবাহিনী! সাধারণত বাংলাদেশের বড় বড় ফেডারেশনের সভাপতির সম্মানিত এই পদের দায়িত্ব পান প্রতিরক্ষা বিভাগের প্রধানেরা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতি যেমন সেনাবাহিনীপ্রধান। হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীপ্রধান। এরই ধারা অনুসরণ করে সরকার নৌবাহিনীপ্রধানকে সভাপতি করে থাকে সাঁতার ফেডারেশনের। সদ্যই নৌবাহিনীপ্রধানের দায়িত্ব পাওয়া অ্যাডমিরাল নিজামউদ্দিন সাঁতারের সভাপতি হওয়া সেই বিধি মেনেই। কিন্তু ভাবনাচিন্তায় তিনি যে অন্য রকম, সেটাই সবাইকে জানিয়ে দিলেন তিনি।
দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ভাবলেন ‘কিছু একটা’ করতে হবে। সেই ভাবনা থেকেই নেওয়া এক কর্মসূচি—‘সেরা সাঁতারুর খোঁজে’। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনের ভাষায়, ‘ভীষণ ডায়নামিক লোক তিনি। ওনার সঙ্গে কাজ করার মজাই আলাদা।’
সাধারণত প্রতিবছর বর্ষাকালে মিরপুর সুইমিং কমপ্লেক্সে বয়সভিত্তিক সাঁতারের আয়োজন করে ফেডারেশন। কিন্তু সেখানে যে কয়েকজন হাতে গোনা সাঁতারু উঠে আসে, তারাও আকাশের তারা খসার মতো ঝুপ করে খসে পড়ে। কিন্তু এবার যেন আটঘাট বেঁধেই নেমেছে নৌবাহিনী। এরই মধ্যে টেলিভিশনে চমৎকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একটি ওয়েবসাইট (www. sherashataru.com) খোলা হয়েছে, যেখানে ক্লিক করলেই পাওয়া যাবে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য। খোলা হয়েছে কলসেন্টার, (০৯৬৭৮-৮০০৭০০) সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নম্বরে ফোন করে তথ্যগুলো জানা যাবে। এই কর্মসূচির জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ছয়-সাত কোটি টাকা।
এই কর্মসূচির সবচেয়ে বড় ভরসার নাম পার্ক তে গুন। কোরিয়ান এই কোচ এসএ গেমসে বাংলাদেশকে জোড়া সোনা উপহার দেওয়ার কারিগর। তাঁর পরামর্শ ও তত্ত্বাবধানেই সারা দেশ থেকে বাছাই করা হবে এই সাঁতারুদের। ১৯ মে মিরপুর সুইমিং পুল দিয়ে হবে এর উদ্বোধন। পার্ক এই কর্মসূচিকে বাংলাদেশের সাঁতারের বিপ্লব হিসেবেই দেখছেন। নিজের দেশের উদাহরণ টেনে নিয়ে কাল বলছিলেন, ‘২০০১ সালে আমার দেশের সরকার ও ফেডারেশন এমন একটা প্রতিভা বাছাই কর্মসূচি হাতে নেয়। এদের ট্রেনিং দেওয়ার পর ২০০৬ দোহা এশিয়ান গেমসে প্রথম সোনার পদক জেতে কোরিয়া। ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা। এরপর বেইজিং অলিম্পিকে পরের বছরও সোনা জেতে কোরিয়া।’
সাগর সেচে যেমন মুক্তা পাওয়া যায়, তেমনি সারা দেশ থেকে মুক্তা খোঁজার দায়িত্ব নিয়েছেন পার্ক। কোরিয়ান কোচের ভাষায়, ‘ওরা হবে ডায়মন্ড। ওদের যখন ঘষা-মাজা করতে থাকব একেকটা হিরের টুকরো ঝিলিক দেবে।’
কথাটা সত্যি। দক্ষিণ এশিয়ান গেমসে সোনার পদক জিততেই মাথার ঘাম পায়ে ফেলে শিলা-সাগর-টুম্পারা। কিন্তু এই কর্মসূচি যদি সত্যিই হয়, তবে হয়তো আগামী পাঁচ বছর পরে কোনো এক এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস বা অলিম্পিকে দেখা যাবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সেই স্বপ্নযাত্রার প্রথম ধাপটা কি তাহলে শুরু হয়ে গেল এখনই! আসলে স্বপ্নের সীমানা তো আকাশও ছাড়িয়ে যায়। তাই স্বপ্ন দেখতে বাধা কোথায়?