'এবারও ক্রোয়েশিয়া চমকে দেবে'
ফ্রান্সে ১৯৯৮ বিশ্বকাপে ডেভর সুকারের নৈপুণ্যেই তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া, নিজেও জিতেছিলেন গোল্ডেন বুট। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার এখন ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি। ফিফা ডট কমের সঙ্গে সাক্ষাৎকারে ডেভর সুকার কথা বলেছেন বিশ্বকাপ, তাঁর দলের সম্ভাবনা এবং ব্রাজিলের সঙ্গে উদ্বোধনী ম্যাচ নিয়ে

l আপনি নিজে একজন দারুণ স্ট্রাইকার ও সুন্দর ফুটবলের পূজারি। ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে আপনার আবেগ কতটুকু?
ডেভর সুকার: বিশ্বসেরা ফুটবলাররা তো সব ব্রাজিলেরই তৈরি। আপনি সমুদ্রসৈকত দিয়ে হাঁটতে গেলেও দেখবেন সেখানে ফুটবল খেলা হচ্ছে। সাও পাওলো, সালভাদর সব জায়গাতেই। আমি সব সময়ই ওদের সুন্দর ফুটবলের ভক্ত। এখানে বিশ্বকাপ দেখতে আসাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা।
l ব্রাজিল আর ক্রোয়েশিয়ার মধ্যে কি কোনো মিল খুঁজে পান?
সুকার: আমার দেশে মাত্র ৪০-৫০ লাখ লোক। আমরা সব খেলাই পছন্দ করি। হ্যান্ডবল, বাস্কেটবল, ওয়াটার পোলো, টেনিস সব। আমাদের স্কুলগুলোতে একটা রসিকতা আছে—আমাদের শুধু একটা বল দাও। আমরা সব খেলাই খেতে পারব। আমার মনে হয়, বলের প্রতি এই ভালোবাসাটাই ব্রাজিল আর ক্রোয়েশিয়াকে একসূত্রে গেঁথে রেখেছে।
l কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া...
সুকার: এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আপনি কল্পনা করুন, ব্রাজিলে বিশ্বকাপ, সাও পাওলোর গ্যালারি-ভর্তি দর্শক, কত টেলিভিশন-রেডিও, সারা বিশ্ব এই ম্যাচটা দেখছে। আমরাও এই ম্যাচের একটা অংশ। আমি নিশ্চিত ওরাও আমাদের সমীহ করবে এবং আমরাও সর্বস্ব দিয়ে খেলব। তবে যে দলটা বেশি ভালো খেলবে তারাই ৩ পয়েন্ট নিয়ে যাবে।
l ব্রাজিলের ওপর বিশাল প্রত্যাশার চাপ থাকবে। আপনি কি মনে করেন এটা ক্রোয়েশিয়ার জন্য সুবিধাজনক হতে পারে?
সুকার: না। সংবাদমাধ্যমে কী লেখা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে ১১ জনের বিপক্ষে ১১ জন খেলার সময় কে কেমন পারফর্ম করে। রেফারির বাঁশির পরেই শুরু হয় আসল খেলা।
l আপনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন ছিলেন। এবার বিশ্বকাপের গোল্ডেন বুট কে জিতবে বলে মনে করেন?
সুকার: ক্রিস্টিয়ানো রোনালদো, ফার্নান্দো তোরেস, মারিও মানজুকিচ, নেইমার, ফ্রেড...আসলে আরও অনেকেই। এখন প্রতিটি দলেই অনেক ভালো খেলোয়াড়। সে জন্য এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। তবে সব সময়ই এমন একজন খেলোয়াড় থাকেন যিনি সবাইকে চমকে দিয়ে অনেকগুলো গোল করে ফেলেন। আমি নিশ্চিত এবারও আমরা দারুণ কয়েকজন স্ট্রাইকারকে দেখব। আশা করছি, ক্রোয়েশিয়ার কেউ সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকবে।
l বুলগেরিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, পর্তুগাল, উরুগুয়ে—১৯৯৪ বিশ্বকাপ থেকে প্রতিবারই সেমিফাইনালে একটা না একটা চমক জাগানো দল ছিল। ১৯৯৮ বিশ্বকাপে ছিল আপনার দল ক্রোয়েশিয়া। এবার কোন দল সেই চমক দেখাবে?
সুকার: আমি আবারও স্বপ্ন দেখি ক্রোয়েশিয়াকে নিয়ে। যদি আমার কিছু জিনিস বদলানোর ক্ষমতা থাকত আমি আমার খেলোয়াড়দের চোটগুলো সারিয়ে দিতাম। তাহলেই ওরা সেরাটা দিতে পারত। তবু আমি আশা করি ১৯৯৮ বিশ্বকাপের মতো এবার ক্রোয়েশিয়া চমকে দেবে। দেখা যাক কী হয়। চমক জাগাতে পারে বসনিয়া, বেলজিয়াম অথবা চিলিও।
l আন্ডারডগ হয়েও বিশ্বকাপে সবাইকে চমকে দিতে বিশেষ কী দরকার হয়?
সুকার: ভালো খেলাটা তো খুব জরুরি। পাশাপাশি মিডফিল্ড খুব ভালো হতে হবে এবং খুব ভালো একজন ফরোয়ার্ড থাকতে হবে যার অনেক গোল করার সামর্থ্য আছে। এটাই সাফল্যের সূত্র। আর অবশ্যই খুব বেশি প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ শুরু করা যাবে না। চমক তো আর প্রত্যাশা করা যায় না।
l ১৯৯৮ বিশ্বকাপের সেই সোনালি প্রজন্মই এখনকার ক্রোয়েশিয়ান খেলোয়াড়দের বেশির ভাগের আদর্শ। এটা দেখে আপনার গর্ব হয়?
সুকার: অবশ্যই। এরা অল্প বয়সে আমাদের খেলা দেখেছে। আমি খুব গর্বিত যে মাঠে আমি দলের জন্য কিছু করতে পেরেছি। পরে আমি অনেক দিন শুধু সমর্থক হয়ে ছিলাম। এখন চেষ্টা করছি ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে জাতীয় দলকে সাহায্য করতে।
l এই দলের মধ্যে ১৯৯৮ সালের দলটার কোন গুণগুলো দেখলে খুশি হবেন?
সুকার: (হাসি) আসলে খুব কঠিন প্রশ্ন। আমি চাই মডরিচ আর রাকিতিচরা বোবান-প্রোসিনেসকির মতো খেলুক। আমি চাই, মানজুকিচ আর ইয়েলাভিচ অনেক গোল করুক, আমি যেমন করতাম। সবচেয়ে বেশি চাই দলটা ভালো খেলুক। আমি তুলনা করতে খুব একটা পছন্দ করি না। গত ১০-১২ বছরে ফুটবলও তো কত বদলে গেছে। ওরা যেন আমাদের চেয়েও অনেক ভালো খেলে আমি সেই শুভকামনা জানাই।