‘এবারও লড়াই বার্সা-রিয়ালে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপার নিষ্পত্তি শেষ দিনে হলেও মৌসুমের মাঝামাঝি থেকেই লড়াইটা ছিল দুই দলের। শেষ পর্যন্ত রেকর্ড ৯৯ পয়েন্ট নিয়ে গতবারের স্প্যানিশ লা লিগা জিতেছে বার্সেলোনা, ৩ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ রিয়াল মাদ্রিদ। তৃতীয় ভ্যালেন্সিয়ার পয়েন্ট ছিল মাত্র ৭১! সাবেক ড্যানিশ তারকা ও লা লিগার দল রিয়াল মায়োর্কার কোচ মাইকেল লাউড্রপের ধারণা, ছবিটা এবারও পাল্টানোর সম্ভাবনা খুবই কম। শিরোপা লড়াই হবে রিয়াল-বার্সার মধ্যেই, অন্যরা কাছেও ঘেঁষতে পারবে না। ওয়েবসাইট।ডেনমার্কের বিখ্যাত লাউড্রপ ভাইদের বড় মাইকেল খেলেছেন রিয়াল-বার্সা দুই দলেই। এই দুই দলের একে অন্যের বিপক্ষে ৫-০ গোলে জয়ের অংশ হওয়ার অনন্য অভিজ্ঞতাও আছে সাবেক এই মিডফিল্ডারের। ডেনমার্কের হয়ে ১০৪টি ম্যাচ খেলা ফুটবলার অবসর নিয়েছেন ১৯৯৮ সালে। জাতীয় দলের সহকারী ম্যানেজার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু দুই বছর পর। ২০০৭-০৮ মৌসুমে গেটাফের কোচ ছিলেন, এ বছর নিয়েছেন মায়োর্কার দায়িত্ব।বিশ্বকাপজয়ী স্পেন দলে আটজন ছিলেন বার্সার, পাঁচজন রিয়ালের। লাউড্রপের ধারণা, মূল ফুটবলারদের ক্লান্তি দুই দলের জন্য একটু সমস্যা হতে পারে। তার পরও লড়াইয়ে থাকবে এই দুদলই, ‘দলগুলোর খেলোয়াড় তালিকা দেখলেই বুঝতে পারবেন রিয়াল-বার্সার সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য কত বিশাল। অন্যদের সর্বোচ্চ লক্ষ্য চ্যাম্পিয়নস লিগে খেলা। এই দুই দলের কোনো মহাবিপর্যয় ঘটলেই কেবল অন্যকিছু হতে পারে।’ গতবার তৃতীয় হওয়া ভ্যালেন্সিয়া দুই ‘ডেভিড’ ভিয়া ও সিলভাকে হারিয়ে আরও দুর্বল হয়ে পড়েছে।লা লিগাকে বলা হয় বিশ্বের সেরা লিগ। অথচ এই লিগেরই লড়াইটা কিনা মাত্র দুই দলের? লাউড্রপের ধারণা, তবুও লা লিগাই সেরা, ‘ইংল্যান্ডে মূলত লড়াই হয় আড়াই দলের। ম্যানইউ-চেলসির সঙ্গে আর্সেনাল একটু দৌড়ে থাকে। লিভারপুল তো শিরোপার ধারেকাছেও থাকে না। ইতালিতেও মিলান, ইন্টার ও রোমার বাইরে লড়াই কোথায়?’