'এভাবে ঝুলে থাকা কষ্টকর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব ভট্টাচার্য: এবারের সাফও কাটল বেঞ্চে  প্রথম আলো
বিপ্লব ভট্টাচার্য: এবারের সাফও কাটল বেঞ্চে প্রথম আলো

কাঠমান্ডুতেই পাদপ্রদীপের আলোয় এসেছেন। এখানেই কি শেষ? বিপ্লব ভট্টাচার্য জানেন না। আটটি সাফেই খেলার অনন্য রেকর্ড গড়ায় সাফের সংবর্ধনা নিতে হয়তো খেলোয়াড় হিসেবে কদিন পর শেষবার আসতে পারেন নিজের মৃগয়াক্ষেত্রে। কাল ঢাকার বিমান ধরার আগে কাঠমান্ডুর টিম হোটেলে মাসুদ আলমকে সাক্ষাৎকার দেওয়ার মুহূর্তে একসময়ের ‘কাঠমান্ডুর নায়ক’ ডুব দিলেন স্মৃতির রাজ্যে।
 জাতীয় দলের সঙ্গে হয়তো এটিই আপনার শেষ সফর। যে কাঠমান্ডু আপনাকে নায়ক বানিয়েছে, সেই শহর ছেড়ে যাওয়ার মুহূর্তে আপনার অনুভূতি কী?
বিপ্লব ভট্টাচার্য: খারাপ লাগছে। সম্ভবত নেপালেই আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় জানানোর সুযোগ চাই ফেডারেশনের কাছে। কাঠমান্ডু আসার আগে সহকারী কোচ জিলানী ভাইকে বলেছিলাম, আমাকে না খেলালে খামোখা কেন নিচ্ছেন? বরং আরেকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া ভালো। কিন্তু কোচ ডি ক্রুইফকে অসম্মান করতে চাইনি। তাই এসেছিলাম।
 এসে তো গত দিল্লি সাফের মতো এবারও একটি ম্যাচেও সুযোগ পেলেন না...
বিপ্লব: এটা আসলে যন্ত্রণাদায়ক। আমি মানসিকভাবে ক্ষতবিক্ষত। অন্তত একটি সুযোগ দিয়ে দেখতে পারতেন কোচ। খারাপ করলে আক্ষেপ থাকত না। আমাকে কেন খেলানো হয়নি, নিজেই জানি না। এভাবে ঝুলে থাকা কষ্টকর। তবে এবার শেষ ম্যাচের আগে মামুনুল আমাকে বলেছে, ‘দাদা, আমরা চাই আপনি খেলেন শেষ ম্যাচটা।’ আমি বলেছি, ‘দ্যাখ, কোচকে আমার সম্মান করতে হবে। আমিও তো কখনো কোচ হতে পারি।’

 তাহলে কোচ হওয়ার পরিকল্পনা আছে?
বিপ্লব: তেমন চিন্তা আছে। গোলরক্ষক কোচ হব। বাফুফে না পাঠালে নিজের টাকায় বাইরে গোলকিপিং কোচিংয়ে ট্রেনিং নেব। এ ব্যাপারে বাদলদা (বাফুফে সহসভাপতি বাদল রায়) আমাকে সহযোগিতা করবেন বলেছেন। আমাদের বর্তমান ডাচ গোলকিপিং কোচও আমাকে চান তাঁর সঙ্গে। গোলরক্ষক কোচ হবই।
 সাফ আপনাকে সংবর্ধনা দেবে বলেছে। এমন সম্মান তো দক্ষিণ এশিয়ার আর কোনো ফুটবলার কখনো পাননি।
বিপ্লব: অবশ্যই। এটা আমার এবং দেশের জন্য গৌরবের। সাফের সেক্রেটারি আলবার্তো আমার সঙ্গে কথা বলেছেন এটা নিয়ে। ১০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফের সভায় আমাকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। পরদিন ১১ তারিখ সাফের ফাইনালে সংবর্ধনা দিলে টিকিট কেটে চলে আসব।
 ধৈর্যশীল গোলরক্ষক বলে আপনার খ্যাতি কিংবদন্তির পর্যায়ে...
বিপ্লব: দেখুন, আমি কিন্তু ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানি, সূরা পড়েছি। আল হাদিসে আছে, ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন। ওই কথাটা আমি পালন করি। কখনো মেজাজ হারাই না। দেশকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী পর্যন্ত ঢাকা থেকে ফোন করে বলেছে, ‘তুমি খেলছ না। অথচ দিনের পর দিন দলের সঙ্গে আছ। এত ধৈর্য কীভাবে দেখাও?’
 আপনি কী বলেছেন?
বিপ্লব: আমি বলেছি, আমি ফিট। তাই খেলে যাব। তবে এবার কাঠমান্ডু এসে প্রথম দিনই আমি কেঁদেছিলাম। তার পরও নীরবে কেঁদেছি। ১৯৯৯ সাফ গেমসের কথা মনে পড়েছে। সেবার আমি দলকে সাফ গেমসের সোনা জেতাতে অবদান রেখেছিলাম। নিয়তির কী পরিহাস, সেই কাঠমান্ডু থেকেই আমি ফিরছি বেদনার্ত বুকে।
 আপনার তো একই সঙ্গে গর্বিতও হওয়ার কথা। বিদেশি মিডিয়াসহ সবার মনোযোগ পেয়েছেন। আটটা সাফে খেলার রেকর্ড গড়েছেন।
বিপ্লব: হ্যাঁ, এটা বেশ আনন্দের। ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল আজ মজা করে বলল, তুমি আটটা সাফ খেলেছ, তুমি আমাদের লিজেন্ড। মালদ্বীপের আশফাক খেলেছে ছয়টি। ও বলেছে, ‘বিপ্লব, আমি চেষ্টা করব তোমার রেকর্ড ছুঁতে।’
 এসব সুখস্মৃতি। কিন্তু মাঠের বাইরে থেকে বাংলাদেশ দলকে দেখে খারাপ লাগেনি?
বিপ্লব: অনেক খারাপ লেগেছে। খুব বাজে একটা সাফ গেল আমাদের। সিনিয়র খেলোয়াড় হিসেবে দেশবাসীর কাছে এ জন্য ক্ষমা চাই। চোটই আসলে আমাদের বড় শত্রু ছিল। খেলোয়াড়দের কারও কারও মনঃসংযোগেরও অভাব ছিল।
 আপনি তো অনেক কোচকেই দেখেছেন। বর্তমান কোচ লোডভিক ডি ক্রুইফ কেমন?
বিপ্লব: ভালোই। কোচের দোষ কী, খেলোয়াড়দেরই খেলতে হয়। আমি অটো ফিস্টার, সামির শাকির, হ্যারিসন, জর্জ কোটান, ক্রুসিয়ানি, ডিডোসহ সব কোচের অধীনে খেলেছি। সবাই মেধাবী কোচ। আমরা কোচ নির্বাচনে ভুল করিনি। সমস্যা আমাদের নিজেদেরই। আমরা শারীরিকভাবে শক্তিশালী নই, উচ্চতা কম। এই সাফে এটা ভালোভাবে বুঝেছি।
 নিশ্চয়ই কাঠমান্ডুতে আপনার ভক্তদের সাড়া পেয়েছেন কেমন?
বিপ্লব: ভালো সাড়া পেয়েছি। গতকালই হরি খাড়কার সঙ্গে বেরোলাম। ট্যাক্সিচালক আমাকে চেনেন। নিরানব্বইয়ের কথা ভোলেননি। আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়াই নেবেন না তিনি। পরে জোর করে দিয়েছি (হাসি)।
 ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে গোটা চল্লিশেক ম্যাচ খেলেছেন। কখনো বিরক্ত হয়ে জাতীয় দল ছাড়তে ইচ্ছা হয়নি?
বিপ্লব: হয়নি। কারণ, জাতীয় দল আমার কাছে সবকিছুর ওপরে। ১৯৯৬ সালে ১৭ বছর বয়সে জাতীয় দলে আমাকে প্রথম সুযোগ দেন অটো ফিস্টার। সৌদি আরবের বিপক্ষে তাদেরই মাঠে সে সময়ের এশিয়ার সেরা খেলোয়াড় সাইদের পেনাল্টি সেভ করেছিলাম। সাইদ এক মিনিট দাঁড়িয়ে ছিল হতভম্ব হয়ে। সেই আমি কী করে জাতীয় দল ছাড়ি, বলুন?
 আপনার সেই শুরু আর শেষের মধ্যে পার্থক্য কী দেখছেন?
বিপ্লব: আগে মানসম্মত খেলোয়াড় ছিল অনেক। এখন কমে গেছে। আগের খেলোয়াড়েরা ম্যাচ রিড করতে পারত ভালো। এখানকার বেশির ভাগ খেলোয়াড়ই ম্যাচের পরিস্থিতি সেভাবে ধরতে পারে না। এখনকার পরিস্থিতি আসলে বেদনাদায়ক। দুঃখ লাগে সবকিছু দেখে।