'এভাবে বিদায় নেওয়া হতাশার'

ভারত ম্যাচের পর কান্নার রোল পড়ে গিয়েছিল বাংলাদেশের ড্রেসিংরুমে। সেদিন শেষ কয়েক সেকেন্ড আগে বিতর্কিত ফ্রি-কিকে গোল খেয়ে জেতা ম্যাচ ১-১। কাল পাকিস্তান ম্যাচেও একইভাবে শেষ সময়ে গোল হজম। শেষ গ্রুপ ম্যাচে ২-১ গোলে পরাজয় বাংলাদেশকে ছিটকে দিয়েছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ মঞ্চ থেকে। তবে এদিন কান্নাটান্না কিছু নেই বাংলাদেশ দলে। নিয়তি মেনে নিলেন সবাই।এরই মধ্যে লোডভিক ডি ক্রুইফকে দেখে মায়াই লাগল। এত পরিশ্রম করলেন। ফল নেই। পরীক্ষার মঞ্চে এসে ব্যর্থ বাংলাদেশ। অষ্টম সাফ ফুটবলের গ্রুপ থেকেই বিদায় ডাচ কোচের জন্য একটা বড় ধাক্কাও। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বিশ্লেষণ করলেন কেন তিন ম্যাচে একটি মাত্র পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে দেশে—

l পাকিস্তান ম্যাচের পারফরম্যান্স নিয়ে
একেবারেই সন্তুষ্ট নই আমি। প্রথম দুই মিনিটেই দুটি সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। শুরুতেই গোল পেলে দলের জন্য বিরাট উজ্জীবনী শক্তি হতে পারত। কিন্তু আমরা সুযোগ হাতছাড়া করেছি। প্রথমার্ধে অনেকটা সময়ই আমরা ভালো ফুটবল খেলেছি। পাকিস্তান প্রতি-আক্রমণ থেকে কিছু করার চেষ্টা করেছে। পাকিস্তান দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তাদের অভিজ্ঞতাও বেশি। দ্বিতীয়ার্ধেও আমরা কিছু সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগানো যায়নি। একই সঙ্গে আমি বলব, আমাদের কিছু খেলোয়াড় এদিন ম্যাচেই ছিল না। বেশির ভাগ খেলোয়াড় মাঠে ৭০-৮০ শতাংশ দিয়েছে। কয়েকজন তো ভয়াবহ রকমের খারাপ খেলেছে। খেলার প্রতি শতভাগ মনোযোগ না থাকাই এর কারণ। খারাপ দিন আসতেই পারে। খারাপ দিনে শতভাগ দেওয়ার জন্য বাড়তি শ্রম দিতে হবে। এটা দল ও দেশের জন্য খুবই জরুরি।
l কাদের কথা বলছেন
আমি কোনো খেলোয়াড়ের নাম বলব না। আপনারা সবাই ম্যাচ দেখেছেন। আপনারাই সেটা বের করুন।
l ভবিষ্যৎ পরিকল্পনা
আমরা দলের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ঢাকায় গিয়ে নতুন করে খেলোয়াড় বাছাইয়ে নামব। আগামী মাসে ঢাকায় বঙ্গবন্ধু কাপ আছে। ওই টুর্নামেন্টে কয়েকটা ম্যাচ পাব। কাজেই আমাদের নতুন করে তৈরি হতে হবে।
l টুর্নামেন্টের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন
তিন ম্যাচে ১ পয়েন্ট। দুটি হার। এভাবে বিদায় নেওয়া হতাশার। যদিও এটি ছিল গ্রুপ অব ডেথ। তবু আমাদের সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। নেপাল ও ভারত এই গ্রুপ থেকে শেষ চারে উঠেছে। নেপাল ম্যাচে আমরা ভালো খেলিনি। কারণটা আমি নিজেও জানি না। ভারতের বিপক্ষে ভালো খেলেও জয় আসেনি। ওই ম্যাচটা আমরা খেলেছি ১২-১৩ জনের বিরুদ্ধে। ভারতের বিপক্ষে জিতলে আমাদের সুযোগ আরও বেশি থাকত। এ ধরনের টুর্নামেন্টে সুযোগ কমই আসে। সেটি কাজে লাগাতে না পারলে ভুগতে হবে, এটিই হচ্ছে আসল কথা।
l কোচ হিসেবে কেমন দেখলেন দলকে
কোচ হিসেবে মাঠের বাইরে থেকে অনেক কিছু দেখেছি। ভালো যেমন ছিল, খারাপও ছিল। খারাপ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগেই বলেছি, দলে নতুন খেলোয়াড় নির্বাচন দরকার। আমার মনে হয়েছে, কিছু খেলোয়াড়ের এই পর্যায়ে খেলার সামর্থ্যের ঘাটতি আছে। যারা বলতে গেলে শেষ।
l পাকিস্তান যোগ্যতর দল হিসেবে জিতেছে কি না
আমি তা মনে করি না। ওরা কাউন্টার অ্যাটাকনির্ভর দল। যেটা আমার পছন্দ নয়। শেষ দিকে আমাদের আরও চাপ দেওয়া উচিত ছিল। দুটিই বাজে গোল খেয়েছি আমরা। আমাদের দেশের বড় সমস্যা, রক্ষণ সংগঠিত নয়। আমি বাংলাদেশের ডিফেন্ডারদের পরামর্শ দিয়েছিলাম কিছু ডিভিডি কিনতে। যেটা দেখে তারা শিখতে পারে ইতালি কীভাবে রক্ষণ করে। এই দিকটায় অনেক কিছু শেখার আছে বাংলাদেশের ডিফেন্ডারদের।
l ওয়াহেদকে বদলি হিসেবে নামানো ভুল ছিল কি না। জাহিদকেই বা কেমন দেখলেন
ওয়াহেদ তরুণ। আজ সে পরিশ্রম করেছে, ওকে বলব আনলাকি। জাহিদকে আমরা সুযোগ দিয়েছি। আপনারা দেখেছেন, সে কী করেছে।
l যাঁদের নিয়ে সন্তুষ্ট
মিশু, রায়হানসহ কয়েকজন খেলোয়াড় সন্তুষ্ট করেছে আমাকে। জামাল খুব ভালো খেলেছে। ওমর ফারুক, তকলিচ, সোহেল রানা—এই ছেলেদের বয়স খুবই কম। ওরা দারুণ প্রতিভাবান। ভালো খেলেছেও। ওরা দলের জন্য লড়েছে, এটাই আমরা চাইছিলাম।
l যুব একাডেমি না থাকাটা কি বড় সমস্যা?
অবশ্যই। যুব একাডেমি থাকা জরুরি। সেখানেই খেলোয়াড় তৈরি হবে। সিলেটে ফুটবল একাডেমি হচ্ছে জানি, রেনে কোস্টারকে সেটির জন্যই মিস্টার সালাউদ্দিন নিয়ে এসেছেন প্রধান কোচ করে। তবে এ মুহূর্তে বাংলাদেশে কোনো কাঠামো নেই। আমরা বাংলাদেশে ফিরে যাই, সেখানে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আছে সামনে। এক দিনে উন্নতি হবে না, এটাই মূল কথা।