‘এভাবেই খেলতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস—তার পরও তামিম ইকবালের কণ্ঠে আফসোসের সুর। কেন? শুনুন কাল দিন শেষে কী বললেন বাংলাদেশের ওপেনার— দিনের শেষটা তো বাংলাদেশের জন্য ভালো হলো না...তামিম: হ্যাঁ, শেষটা যেভাবে চাইছিলাম ওভাবে হয়নি। সুন্দরভাবে শেষ করতে পারলে দলের জন্যও ভালো হতো, নিজের জন্যও। কে জানে, হয়তো ডাবল সেঞ্চুরিও করতে পারতাম। কী আর করা, ক্রিকেটে এমন হতেই পারে। ব্যাটিং করতে যাওয়ার সময় আপনার পরিকল্পনা কী ছিল?তামিম: আমাদের কোচ জেমি সিডন্স সব সময় বলেন, খেলাটা উপভোগ করতে, নিজের সহজাত খেলাটাই খেলতে। শুধু আমাকে নয়, সবাইকে। তো আমি সেটাই করার চেষ্টা করেছি। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে সেঞ্চুরি করায় কি বেশি সন্তুষ্ট?তামিম: তা তো অবশ্যই। আমি সব সময়ই বলে আসছি, ভারতের বিপক্ষে রান করাটা আমি খুব উপভোগ করি। এই সিরিজের আগেই আপনি বলেছিলেন, নিজেকে নিয়ন্ত্রণ করে খেলার চেষ্টা করবেন। আজ তো অন্যভাবে খেললেন!তামিম: এই ইনিংসটা এখনো পর্যন্ত আমার সেরা। তবে এখানেই শেষ নয়, আশা করি আমি এমন ইনিংস আরও খেলব। এর আগে আমি বলেছিলাম, চেষ্টা করব যত বেশি সম্ভব বল খেলতে। তবে আমি মনে করি, আজ যেভাবে খেললাম টেস্ট ক্রিকেটটা এভাবেই খেলা উচিত। প্রত্যেক ব্যাটসম্যানেরই আলাদা আলাদা ধরন আছে। আমি মনে করি, এটাই আমার খেলার ধরন। প্রতিদিন, প্রতিটা ইনিংস আমি এভাবেই খেলার চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজে আপনার প্রথম সেঞ্চুরি সম্পর্কে আপনি বলেছিলেন, রানের চেয়ে এত বল খেলেছেন, এটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন যে বলছেন, আপনি আপনার সহজাত আক্রমণাত্মক খেলাটা খেলতে চান, এটা কি গত তিন ইনিংসের অভিজ্ঞতার কারণে বদলে যাওয়া সিদ্ধান্ত?তামিম: যেটা বুঝি, আমি এখনো টেস্ট ক্রিকেটে নতুন। মাত্র ১২-১৩টি টেস্ট খেলেছি। আমার আরও বুঝতে হবে কোন অবস্থায় কীভাবে খেলব। এই ইনিংসে উইকেট ছিল অনেক ব্যাটিং-সহায়ক। শেবাগ যেমন নিজের মতোই খেলে, কম বলই ছাড়ে। ফিল্ডিংয়ের সময় আমি আর সাকিব আলোচনা করেছিলাম, আমাদেরও যার যার নিজের খেলাটাই খেলা উচিত। তবে পরিস্থিতিটাও বুঝতে হবে। বল মুভ করছে, এ সময় নিশ্চয়ই শট খেলা যাবে না। পরিস্থিতি যেমন চাইবে, তেমনই খেলব। তৃতীয় দিন শেষে বাংলাদেশ কী অবস্থায় আছে বলে আপনার মনে হয়?তামিম: শেষদিকে উইকেট দুটো না পড়লে আমার তো মনে হয় আমরাই এগিয়ে থাকতাম। কিন্তু ৩টা উইকেট পড়ে গেছে, এখন একজনকে একটা বড় ইনিংস খেলতে হবে, আরেকজনকে ৬০/৭০ করতে হবে। তাহলেই আমরা ভালো অবস্থায় পৌঁছে যাব। বড় ইনিংসটা আপনি কার কাছ থেকে আশা করছেন?তামিম: এই সিরিজে এখন পর্যন্ত আমাদের সেরা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম এখনো আছে। সাকিব যেকোনো সময় একটা বড় ইনিংস খেলতে পারে। রকিবুল আছে, আশরাফুল আছে, অনেকেই...আমি বিশ্বাস করি কেউ না কেউ বড় একটা ইনিংস খেলবেই। আজকের উইকেট কেমন ছিল?তামিম: আমার মনে হয় যত সময় যাচ্ছে, এটা আরও ভালো হচ্ছে। কাল শচীন টেন্ডুলকার বলেছিলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ নয়...তামিম: আসলে, বাংলদেশে তিন নম্বর-চার নম্বর দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য সবচেয়ে সহজ থাকে। আজকের উইকেট ছিল সবচেয়ে ভালো। একটা-দুইটা বল একটু নিচু হচ্ছে, কিন্তু তার পরও ব্যাটিংয়ের জন্য ভালো। অর্ডিনারি-এক্সট্রা অর্ডিনারি-ডিসেন্ট—ভারতের বোলিং আক্রমণ নিয়ে যদি এই তিনটির মধ্যে একটি মন্তব্য করতে বলা হয়, কী বলবেন?তামিম: নো কমেন্টস, এটা নিয়ে আমি কিছু বলব না। জহির খানের সঙ্গে আপনার দ্বৈরথ নিয়ে কী বলবেন?তামিম: সত্যি বলতে, ও ভালো বোলিং করেছে। আমি আগেও বলেছি, ওর সঙ্গে আমার আলাদা কোনো ব্যাপার নেই। তবে ওর বিপক্ষে খেলাটা আমি উপভোগ করি। ভালো একটা জুটি হঠাত্ করেই ভেঙে গেল, সেটা কি মনঃসংযোগে চিড় ধরায়?তামিম: না, তা নয়। এটাই কিন্তু ক্রিকেট। একটা জুটি এক হাজার রান তো আর করে ফেলতে পারবে না। কেউ না কেউ আউট হবেই। হয়তোবা যেভাবে আউট হয়েছি এটা ঠিক ছিল না। দুজনেই বল ছেড়ে দিতে পারতাম। কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে। আপনি কি জানতেন যে ৮ রানের জন্য বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ভাঙতে পারেননি?তামিম: হ্যাঁ, জানতাম। তবে আমার মাথায় এমন কোনো চিন্তা ছিল না। শেষ ১৫ ওভারে আমার একটাই চিন্তা ছিল দিনটা শেষ করা। আমি কয়েক দিন ধরে যা ভাবছিলাম, বড় ইনিংস খেলব, ১৫০ রান করব, পুরো দিন ব্যাট করব—শেষেরটা ছাড়া সবই হয়েছে। এ কারণে একটু হতাশ। আপনি বললেন, টেস্টে এখনো নতুন। এই ইনিংসটা নিশ্চয়ই আপনাকে আত্মবিশ্বাস জোগাবে।তামিম: নিজের ওপর বিশ্বাস আমার সব সময়ই আছে। আমি জানি আমি বিশ্বের যেকোনো দলের বিপক্ষে রান করতে পারি। তবে এ জন্য আজ যেমন করলাম, এভাবেই ব্যাটিং করতে হবে। ভারতের স্পিনারদের কীভাবে মূল্যায়ন করবেন? ওদের বিপক্ষে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল?তামিম: আমাদের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরও আমি উনার সঙ্গে আলাদা কাজ করেছি স্পিন নিয়ে। আমি স্পিনটা অত ভালো খেলতাম না, তিনি ঘণ্টার পর ঘণ্টা আমাকে স্পিন বোলিং করেছেন। আমি সুইপ খেলতে পারতাম না। আজ লক্ষ করে দেখবেন, আমি ৭০-৮০ রান সুইপে করেছি। কাল (পরশু) রাতে উনি আমাকে এসএমএস পাঠিয়েছেন, বল যদি হালকা স্পিন করে তাহলে সুইপ করতে। আমি তা-ই করেছি। ঘণ্টার পর ঘণ্টা একজন মানুষ বোলিং করতে পারে না, কিন্তু উনি আমাকে করেছেন। আমি অনেক কৃতিত্ব দেব উনাকে। চাকরি না থাকার পরও আমাকে অনেক সাহায্য করেছেন, আমি উনার কাছে কৃতজ্ঞ। ইনিংসটা কাকে উত্সর্গ করবেন?তামিম: আমার বাবাকে। সব সময় স্বপ্ন দেখতেন আমি জাতীয় দলে খেলব, কিন্তু দেখে যেতে পারেননি। আজ বেঁচে থাকলে বাবাই সবচেয়ে খুশি হতেন। কোনটা বড়—১৫০ রান করার আনন্দ নাকি শেষ পর্যন্ত থাকতে না পারা?তামিম: শেষ পর্যন্ত থাকতে না পারা।