‘এভারেস্টের চেয়েও বড়!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে ক্রিকেটের ঈশ্বর, এই অর্জন অতিমানবীয়। জীবনের ২১টি বছর সে আন্তর্জাতিক ক্রিকেটকে উৎসর্গ করেছে, এটা অসাধারণ।’ ভারতীয় দলে শচীন টেন্ডুলকারের প্রথম অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্তের কণ্ঠেই শুধু নয়, এমন শচীন-স্তুতি এখন চারদিকে।অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। টেন্ডুলকারের অর্জনে গর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কণ্ঠেও, ‘দুই দশক ধরে দেশের হয়ে খেলা অসাধারণ একটা অর্জন। এখনো সে দলের কাণ্ডারি, শচীন আমাদের সবাইকে গর্বিত করেছে।’ভারতীয় দলে টেন্ডুলকারের প্রথম ম্যানেজার চাঁদু বোর্দের চোখে এই অর্জন ‘ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনগুলোর একটি’। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান দিলীপ ভেংসরকার ফিরে গেছেন ২২ বছর পেছনে, ‘ক্রিকেট ইতিহাসে এ ধরনের কিছু আর কখনো ঘটেনি এবং আমার মনে হয় না এই মাইলফলক কেউ কখনো স্পর্শ করতে পারবে। ১৯৮৮ সালে প্রথম ওকে যেদিন দেখেছিলাম, খেলাটা নিয়ে ওর আবেগ-উৎসাহ এখনো তেমনই আছে।’ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক গুন্ডাপা বিশ্বনাথের ধারণা, ছোঁয়া তো দূরের কথা, কেউ কখনো এই রেকর্ডের ধারে-কাছেও যেতে পারবে না। স্মৃতিকাতর হয়ে পড়েছেন টেন্ডুলকারের প্রথম মুম্বাই অধিনায়ক লালচাঁদ রাজপুত, ‘এমনকি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের সময়ও সে একটুও নার্ভাস ছিল না। ওর চোখই বুঝিয়ে দিয়েছিল আত্মবিশ্বাসটা, যেভাবে ও সেঞ্চুরি করেছিল, সেটা তো অবশ্যই।’টেন্ডুলকারের ৫০তম সেঞ্চুরি হওয়ার পরপরই টেস্ট দলের বাইরে থাকা যুবরাজ সিং টুইটারে লিখেছেন, ‘কোনো ব্যাটসম্যানের সর্বকালের সেরা অর্জন! নাম তাঁর শচীননননননননন টেন্ডুলকাররররররর, ওয়াওওও!’ শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলে দিয়েছেন সবার মনের কথাটাই, ‘টেন্ডুলকারের প্রতিদ্বন্দ্বিতা এখন শুধুই নিজের সঙ্গেই।’ খুব কাছ থেকে টেন্ডুলকারকে দেখার অভিজ্ঞতা থেকে সৌরভ গাঙ্গুলী বলছেন, ‘অবিশ্বাস্য এক ক্রিকেটারের অবিশ্বাস্য এক অর্জন। কোনোভাবেই এখানেই শেষ নয়, ওর সত্তাজুড়ে এখনো শুধুই ক্রিকেট।’ গ্যারি কারস্টেনের টেন্ডুলকারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। কোচ হিসেবেও দেখেছেন তাঁকে। টেন্ডুলকারের টেন্ডুলকার হয়ে ওঠার রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি, ‘তাঁর সাফল্যের রহস্য খেলাটার প্রতি দৃষ্টিভঙ্গি, শেখার তীব্র ক্ষুধা আর প্রতিনিয়ত ভালো করার আকাঙ্ক্ষা। ও নেটে সবচেয়ে বেশি বল খেলতে চায়, নেটেও কখনো ওকে একটা বাজে শট খেলতে দেখা যায় না।’দীর্ঘদিনের সতীর্থ ভিভিএস লক্ষ্মণকে আবার বেশি টানছে মানুষ টেন্ডুলকার, ‘এতসব অর্জনের পরও সে দারুণ বিনয়ী, তার প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধাবোধ এ জন্যই।’ শুধু লক্ষ্মণই নন, মানুষ টেন্ডুলকারের গুণমুগ্ধ ভিনদেশি কার্টলি অ্যামব্রোসও। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওর প্রথম সেঞ্চুরিটা টিভিতে দেখেই নিজেকে বলেছিলাম, এই ছেলে টেস্ট ক্রিকেটের সব রেকর্ডই ভেঙে দেবে। টেন্ডুলকার শুধু গ্রেট ক্রিকেটারই নয়, অত্যন্ত বিনয়ী। ওর এই গুণটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি।’তবে মাঠ-মাঠের বাইরের টেন্ডুলকারের এই হাজারো স্তুতির সারমর্মটাই হয়তো বলে দিয়েছেন টেস্ট অভিষেকেই সেঞ্চুরির পর হারিয়ে যাওয়া প্রাভিন আমরে, ‘টেন্ডুলকার এভারেস্টের চেয়েও বড় হয়ে গেছে!’ ওয়েবসাইট।