গতকাল ক্লাব কাপের ফাইনালটাই ছিল তাঁর ১৩ বছরের হকি ক্যারিয়ারের শেষ ম্যাচ। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মওদুদুর রহমান (শুভ) ঊষার জার্সি গায়ে হকিস্টিক তুলে রাখার সময় কথা বললেন বাংলাদেশের হকির অতীত-বর্তমান এবং অন্যান্য প্রসঙ্গে... দল হারল, অবসরে যাওয়ার স্মৃতিটা আনন্দের হলো না...মওদুদুর রহমান (শুভ): কী বলব বলুন? (কান্নার সঙ্গে...) আমি তো এভাবে মাঠ থেকে অন্ধকারে অবসর নিতে চাইনি। খেলায় হারি-জিতি সেটা বড় ব্যাপার না। কিন্তু এমন প্রহসনের ম্যাচে, এমন বিদায় হবে, কল্পনাও করিনি। চেয়েছিলাম দর্শকদের সামনে গিয়ে ওদের অভিনন্দন নিয়ে তবেই ঘরে ফিরব। কিন্তু ফেডারেশন সেটা হতে দিল না। আপনার ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গে শেষটার কী ব্যবধান ধরা পড়ল আপনার চোখে?মওদুদুর: ব্যবধান তো আছেই। আগে খেলায় আনন্দ ছিল, আকর্ষণ ছিল। এখন ফেডারেশনের অবহেলায় হকি ধ্বংস হয়ে গেছে। কেমন?মওদুদুর: আজকের (গতকাল) ঘটনাটা দেখুন। এভাবে কি কোনো টুর্নামেন্ট চলে? কোনো ম্যাচ হয়? একই ম্যাচে বারবার করে নিয়ম বদলানো হচ্ছে। পুরো ব্যাপারটা হাস্যকর করে তুলেছে ফেডারেশন। দ্বিতীয়ার্ধে খেলা হলো মাত্র ২০ মিনিট। আমার সারা জীবনে এমন অদ্ভুত ঘটনা দেখিনি। ঘরোয়া লিগে ১০০ গোল করার আনন্দটা নিশ্চয়ই অন্যরকম আপনার কাছে?মওদুদুর: শুধু লিগে নয়, টুর্নামেন্ট এবং অন্যান্য ম্যাচ মিলিয়ে প্রায় আড়াই শর ওপরে গোল করেছি। এসব গোলের জন্য সব কৃতিত্ব দেব আমার সতীর্থদের। এটি আমার কাছে বিশেষ আনন্দ ও গর্বের। আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন আপনি?মওদুদুর: হ্যাঁ। ২০০১ সালে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলাম। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অবস্থান কোথায়? মওদুদুর: এখনো অনেক দূর যেতে হবে আমাদের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তেমন কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না। স্ট্রাইকিং জুটি হিসেবে একসময় সাদেক-কামালরা মাঠ মাতাতেন। এখন নতুনদের মধ্যে কি সেভাবে জুটি গড়ে উঠছে?মওদুদুর: এখন জিমি ছাড়া আর কাউকে সেভাবে চোখে পড়ে না। জুটি গড়ে উঠতে হলে তো আগে খেলতে হবে মাঠে। মাঠেই খেলা নেই তো জুটি গড়ে উঠবে কীভাবে? বেশির ভাগ সময় নেতিবাচক শিরোনামের খবর হয় হকি। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টা কেমন লাগে? মওদুদুর: খুবই খারাপ লাগে। এ জন্য ফেডারেশনই দায়ী। এই ফেডারেশন একটা স্থবির ফেডারেশন। অকর্মণ্য লোকে ভরা। কোনো গঠনমূলক চিন্তা নেই এদের। হকিতে বেশির ভাগ বিদেশি কোচেরই কাজ থাকে না। বিষয়টিকে কীভাবে দেখেন...মওদুদুর: আমি পিটারের (গেরহার্ড) সঙ্গে কাজ করিনি। তাই ওনার সম্পর্কে খুব বেশি বলতে পারব না। তবে আগের বিদেশি কোচদের তো দেখেছি। মাঠে নিয়মিত খেলা রাখলে, ক্যাম্প থাকলে এমনিতেই কোচের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া যায়। অবসরের মুহূর্তে পুরো ক্যারিয়ারে কোনো মজার স্মৃতি মনে পড়ে?মওদুদুর: টুর্নামেন্টের নামটা বলতে চাচ্ছি না। তবে একবার এক সফরের একটি ঘটনা মনে পড়লে এখনো হাসি। খেলা শুরু হয়ে গেছে। মাঠে ১১ জনের বদলে ১২ জন নামিয়ে দিয়েছেন কোচ। আমি যেই ঘটনাটা ধরিয়ে দিয়েছি; ওমা, কোচ আমাকেই বললেন, তাহলে তুই-ই বসে পড়। অবসর শেষে কোচিং বা সংগঠক হিসেবে কি হকিতে থাকবেন?মওদুদুর: না। আমার আর হকিতে থাকার মোটেও ইচ্ছা নেই।