
মোহামেডান, আবাহনী ও মেরিনার্স মিলিয়ে এ পর্যন্ত ১৫ মৌসুম খেলেছেন প্রিমিয়ার হকি লিগে। এবার ঊষায় নাম লিখিয়েছেন লিগের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ইসা মিয়া। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগ। অবনমনহীন, আনুষ্ঠানিকতার লিগ নিয়েই কাল কথা বললেন এই ডিফেন্ডার
: আজ থেকে শুরু হকি লিগ নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন?
ইসা মিয়া: আমি তো ফরিদপুরে, বাড়ি গিয়েছিলাম। এখন গাড়িতে আছি। ঢাকার পথে। এ জন্য অনুশীলন করতে পারিনি। তবে অন্যরা অনুশীলন করছে।
: কেন বাড়ি গিয়েছিলেন?
ইসা: আমার চাচি মারা গেছেন গত বুধবার। ক্লাব কাপে খেলেই আমি ফরিদপুরে চলে যাই। কাল (আজ) লিগ শুরু হবে বলে আবারও ঢাকায় ফিরছি।
: এবারের লিগে তো মোহামেডানসহ চারটি দল নেই। কেমন হবে লিগ?
ইসা: আমি এ পর্যন্ত ১৫টি লিগ খেলেছি। কিন্তু এমন উত্তেজনাহীন লিগ আমার ক্যারিয়ারে কখনো দেখিনি।
: লিগে তো খেলতে পারবেন না নিষিদ্ধ হওয়া খেলোয়াড়েরা। বিষয়টি কীভাবে দেখছেন?
ইসা: জিমি-জাহিদরা খেলতে পারবে না, এটা ভাবতে আরও বেশি খারাপ লাগে। আমি এমনও শুনেছিলাম, মোহামেডান লিগে খেললে ওদের সাসপেনশন নাকি তুলে নেওয়া হতো। মোহামেডান কেন যে লিগে এল না, বুঝলাম না। মোহামেডান লিগে খেললে সবচেয়ে ভালো করত।
: আপনার ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গে এখনকার লিগের পার্থক্য কোথায় দেখেন?
ইসা: আমি যখন খেলা শুরু করি তখন লিগ কেন, হকির প্রতিটি টুর্নামেন্ট হতো জমজমাট। এবার লিগের প্রথম পর্বে মাত্র ৬টা ম্যাচ হবে। আর দ্বিতীয় পর্ব মানে সুপার ফোরে তিনটা। এর মানে দাঁড়াচ্ছে, ৯ ম্যাচেই একটা লিগ শেষ। লিগ তো নয় যেন টুর্নামেন্ট। অথচ আমরা এমনও কয়েকটা লিগ খেলেছি যেখানে একেকটা লিগ শেষ হতে চার মাস পর্যন্ত লেগে গেছে। ধনরাজ পিল্লাই, শাহবাজ আহমেদ, মমতাজ হায়দার, রানা মুজাহিদ, প্রকাশ সালকের মতো বিদেশিরা আসতেন ঢাকায়। লিগ ঘিরে তীব্র আনন্দ-উত্তেজনা থাকত। তখন লিগে জৌলুশ ছিল।
: এবার তো এখন পর্যন্ত কোনো বিদেশি খেলোয়াড় আসেননি।
ইসা: শুনেছি আবাহনীতে বিদেশি খেলোয়াড় আনা হবে শুধু সুপার ফোরের জন্য। ঊষার খেলোয়াড়দের আসার কথা ছিল শুরুতেই। কিন্তু এনওসি (অনাপত্তিপত্র) পায়নি বলে ওদের আসাটা এখনো অনিশ্চিত। ক্লাব কর্মকর্তারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
: এবারের লিগে অবনমন নেই?
ইসা: হ্যাঁ, অবনমন নেই বলে লিগে কোনোই প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আবাহনী আর ঊষা তার পরও ভালো মানের দল গড়েছে। কিন্তু অন্যরা কোনো রকমে দল গড়েছে। অবনমন নেই, তাই ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও সেভাবে থাকবে না। খুবই খারাপ হলো বিষয়টা।
: ফরিদপুর জেলাকে একসময় হকির উর্বর ভূমি বলা হতো। আপনাদের জেলায় এখনো হকি নিয়ে উন্মাদনা আছে?
ইসা: এভাবে খেলা হলে হকি নিয়ে কার আগ্রহ থাকে! ফরিদপুর থেকে তাই আগের মতো কোনো খেলোয়াড়ও উঠে আসছে না। আমরা দুই ভাই এখনো যা খেলে যাচ্ছি (ইসার সহোদর মুসা খেলছেন আবাহনীতে)।
: আপনি আর কত দিন খেলে যেতে চান?
ইসা: যত দিন ফিট আছি খেলে যাব। খেলা থেকে রুটি-রুজির কথা এখন ভাবি না। আমার কাঠের ব্যবসা আছে, কবুতরের ব্যবসা আছে। সেগুলো থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। হকি ভালোবাসি বলেই এখনো খেলছি।