
এই তো, গত অক্টোবরের কথা। স্পেনের মায়োর্কায় নিজের টেনিস একাডেমি উদ্বোধন করবেন রাফায়েল নাদাল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কাকে, সেটি নিয়ে স্প্যানিশ তারকাকে সম্ভবত দুবার ভাবতে হয়নি। নিজের মোবাইলেই তো রজার ফেদেরারের নম্বরটা সেভ করা আছে! দুজনের ‘প্রতিদ্বন্দ্বিতা’র কথা মাথায় আসারও কোনো কারণ নেই। সে তো কর্পূরের মতো, কোর্টে আছে, কোর্টের বাইরে উধাও।
ফেদেরার গেলেন, উদ্বোধন করলেন নাদালের একাডেমি। সেখানে একটা প্রীতি ম্যাচও খেলার কথা ছিল দুজনের। কিন্তু চোট ম্যাচটি হতে দেয়নি। ফেদেরারের পায়ে চোট, নাদালের কবজিতে। দুজন সেদিন আর একে অন্যের সঙ্গে নয়, শুধু বাচ্চাকাচ্চাদের সঙ্গে খেলেছেন ‘মিনি-টেনিস’।
কে জানে, হয়তো প্রকৃতিরই ইশারা ছিল সেটি। ফেদেরার-নাদাল যদি খেলবেনই, তবে সেটি মায়োর্কার একাডেমিতে প্রীতি ম্যাচে কেন! গ্র্যান্ড স্লাম ফাইনালের মঞ্চেই হোক। ঠিক পুরোনো দিনগুলোর মতো, রোমাঞ্চ ছড়িয়ে।
তা-ই হলো। বৃহস্পতিবার স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফেদেরার উঠলেন ফাইনালে, পরের দিন প্রায় পাঁচ ঘণ্টার মহাকাব্যিক ম্যাচে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ফাইনালে উঠে গেলেন নাদালও। পুরোনো দুই প্রতিদ্বন্দ্বী, দুই বন্ধু। সময়ের টেনিসের সবচেয়ে প্রার্থিত দ্বৈরথটাই আজ হচ্ছে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায়—অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল, ফেদেরার বনাম নাদাল!
দুজনই ৩০-এর ডান দিকে চলে গেছেন। ফেদেরারের বয়স ৩৫, নাদাল ৩০। তবু ম্যাচটির আকর্ষণ এতটুকু কমেনি। কি সাবেক, কি বর্তমান—সব টেনিস খেলোয়াড়ের কণ্ঠে একই সুর, ‘এর চেয়ে ভালো আর কী হতে পারত!’ যে সুরের অনুরণন সাধারণ টেনিসপ্রেমীদের কণ্ঠেও। এ যে টাইম মেশিনে চড়ে ‘পুরোনো সেই দিনের কথা’ মনে করার মতো। যেন ২০১৭ নয়, এখন ২০০৮ সাল চলছে! যেন বাস্তব নয়, এক স্বপ্ন!
এমনই আকর্ষণ এটির, শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে নাদালের কাছে হেরেও তাই এতটুকু আক্ষেপ থাকে না দিমিত্রভের, ‘আমি শুধু এতটুকু জানি, টেনিসের সর্বকালের সেরা দুজন খেলোয়াড় রোববার সমানে সমান লড়বে, আর সেটি মহাকাব্যিক একটা ম্যাচই হতে যাচ্ছে।’ নাদাল-ফেদেরারও কি অপেক্ষায় ছিলেন না? ছিলেন! তাই সেমিফাইনাল জিতেই ফেদেরার বলেন, ‘এই খেলাটায় রাফাই আমাকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলেছে। আমি সম্ভবত ওর এক নম্বর ভক্ত, ও যেভাবে খেলে সেটা অসাধারণ! আমি খুশি যে বছরের পর বছর ওর সঙ্গে মহাকাব্যিক অনেক ম্যাচ খেলতে পেরেছি। ওর সঙ্গে আরেকবার এখানে খেলতে পারাটা হবে অবিশ্বাস্য!’ এক দিন পর নাদালও বললেন অভিন্ন কথা, ‘মিথ্যা বলব না, রজারের সঙ্গে আরেকটি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা বিশেষ কিছু।’
ফাইনাল যেহেতু, শিরোপার প্রসঙ্গ আসবেই। অতীত রেকর্ড বলে, সেটি ১৪ গ্র্যান্ড স্লামজয়ী নাদালের হাতেই ওঠার সম্ভাবনা বেশি। গ্র্যান্ড স্লামের ফাইনালে সুইস প্রতিপক্ষের সঙ্গে ৬-২-এ এগিয়ে নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে দুজনের দেখায় ব্যবধানটা স্প্যানিশ ম্যাটাডোরের পক্ষে ৩-০। আর সব মিলিয়ে রেকর্ড—নাদাল ২৩: ফেদেরার ১১! তবে রেকর্ড যদি নাদালের পক্ষে থাকে, নিজের ১৮তম গ্র্যান্ড স্লামের পিছু ছুটতে থাকা ফেদেরারের পক্ষেও থাকবে বাড়তি একটি দিনের বিশ্রাম।
তবে যে-ই জিতুন, টেনিসপ্রেমীদের উচিত এটি উপভোগ করা। ফেদেরারের প্রতিটি ফোরহ্যান্ড রিটার্ন, স্লাইস, টুইনার...বা নাদালের ক্রস-কোর্ট রিটার্ন, চোখ কপালে তোলার মতো স্ট্যামিনা—সবই। প্রতিটি সার্ভ, একেকটি উইনার, প্রতিটি পয়েন্ট।
কে জানে, আবার এমন ম্যাচ কবে হবে? এএফপি।