‘এল অ্যাপাচি’র দিকে চোখ রাখুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার তাঁর পা থেকে কেউ বল কেড়ে নিলেই হয়েছে। সেটি নিজের পায়ে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত যেন শান্তি নেই। দরকার হলে পুরো মাঠ সেই বলের পেছনে দৌড়াতেও তিনি রাজি। ‘এল অ্যাপাচি’ নামটা এভাবেই সার্থক করে তুলেছেন কার্লোস তেভেজ। অ্যাপাচিদের মতোই যেন তিনি জাত লড়াকু। না হলে মাস দেড়েক আগেও ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে আবার তাঁকে মাঠে নামতে দেখাটা যেখানে ছিল কল্পনাতীত, সেই তিনিই এমন দুর্দান্তভাবে ফিরে আসেন! আজ আবার খেলাটা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। নিজের সাবেক দলের সঙ্গে তো তাঁর কিছু হিসাব চুকানোও বাকি!২১ মার্চ সিটির জার্সি গায়ে আবারও মাঠে নেমেছিলেন। চেলসির বিপক্ষে ওই ম্যাচটায় মাঠে নেমেই দুর্দান্ত এক গোল করিয়েছেন সামির নাসরিকে দিয়ে। ওয়েস্টব্রোমের বিপক্ষে পেলেন গোলের দেখা। পরের ম্যাচেই নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক! আজ দারুণ কিছু করলেই ম্যানচেস্টার শহরের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্কটা আরও নাটকীয়তা পাবে। যে শহরে ‘মাত্র দুটি রেস্তোরাঁ’ আর যে শহরে ‘সারা বছর বৃষ্টি হয়’ বলে থাকতে তাঁর এত আপত্তি! যে শহরে তিনি থাকছেন পাঁচ বছর ধরে। ‘রেড ডেভিল’দের লাল জার্সি পরেছেন ৯৯ ম্যাচে, ‘স্কাই ব্লুজ’দের আকাশি-সাদা জার্সি গায়েও প্রায় সমান ম্যাচ। আজকের ম্যানচেস্টার ডার্বির অন্যতম চরিত্রও তিনি। যে ম্যাচটি হয়ে যেতে পারে ইংলিশ ফুটবলে পালাবদলের সাক্ষী!আর তেভেজের জন্য চমৎকার এক বিদায়ী মঞ্চ! শোনা যাচ্ছে, মৌসুম শেষেই আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেবে সিটি। সেটাই যদি হয়, তাহলে আজকের ম্যাচটিই হবে তাঁর শেষ ‘ম্যানচেস্টার ডার্বি’। তেভেজও নিশ্চয় দারুণ কিছু করে নিজের সম্ভাব্য ‘ম্যানচেস্টার বিদায়’টাকে স্মরণীয় করে রাখতেই প্রস্তুত? তাঁর ফর্ম ও ভালো করার ক্ষুধা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।দলে ফেরার পর সাত ম্যাচে ৪ গোল করেছেন। লড়াই থেকে ছিটকে পড়া সিটির আবারও ফিরে আসার পেছনে রেখেছেন বড় অবদান। সিটি সমর্থকদের হা-হুতাশ বেড়েছে। আহা, যে ছয় মাস খেলেননি, তেভেজ থাকলে না জানি কী হতো! রবার্তো মানচিনি অবশ্য দক্ষ নাট্যনির্দেশকের মতো মঞ্চে তেভেজের ওপর আলোটা রাখতে চাইছেন না। শুরুতেই তিনি খারিজ করে দিচ্ছেন এই ধারণা—শিরোপা নির্ধারণে বড় প্রভাব হয়ে উঠেছে তেভেজ-কাণ্ড, ‘না, আমি তা মনে করি না।’ দলের এ পর্যন্ত আসার পেছনে সার্জিও আগুয়েরো (২৯ গোল), এডিন জেকো (১৮) ও মারিও বালোতেল্লিদের (১৭ গোল) অবদানের কথাই বললেন বড় করে। গত সাত ম্যাচের প্রথম চারটিতে বদলি হিসেবে নেমেছেন শেষের দিকে। দারুণ খেলে গত তিন ম্যাচে জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে। অবশ্য এখনো পুরো ৯০ মিনিট খেলা হয়নি। মানচিনির কাছে ব্যাখ্যাও আছে, ‘কার্লোস এখনো শতভাগ ফিট নয়। কারণ ছয় মাস না খেলে থেকে শতভাগ তৈরি থাকা কঠিন। কিন্তু ওর অভিজ্ঞতা আছে। খেলোয়াড় হিসেবেও ও চতুর। ফিরে আসার পর চার-পাঁচটি গোল করেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ।’প্রথম একাদশে বালোতেল্লি, নাকি তেভেজ—এমন একটা রহস্য তৈরি করে রেখেছেন ইতালিয়ান এই কোচ। তবে এই বিভ্রান্তি, তেভেজকে আড়ালে রাখা—সবকিছুর উদ্দেশ্য হতে পারে একটাই। শিরোপা-নির্ধারক হয়ে ওঠা এই ম্যাচে তেভেজকে দিয়েই তাঁর পুরোনো গুরু ফার্গুসনকে একটা বিস্ময় উপহার দেওয়ার ছক কেটেছেন মানচিনি। এল অ্যাপাচি প্রস্তুত তো? ওয়েবসাইট।