শেষ দুইটি ‘এল ক্লাসিকোতে’ই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিয়েছিল বার্সেলোনা। কিন্তু এবার জয়ের দেখা না পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছে কাতালানরা। কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার কাজটা অনেকটাই এগিয়ে রেখেছিল বার্সেলোনা। আর গতকাল নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলায় ২-২ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিটটি নিশ্চিত করেছে গার্দিওলার শিষ্যরা। ফলে কোপা দেল রে-র আসর বিদায় নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।নিজেদের মাঠে গতকাল প্রথমার্ধে বার্সেলোনাকে চালকের আসনে বসিয়েছিলেন পেদ্রো ও দানি আলভেজ। ৪৩ মিনিটে মেসির পাস থেকে চমত্কার একটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন পেদ্রো। কিছুক্ষণ পরে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রিয়াল গোলপোস্টের কোনা থেকে জোড়ালো এক শট থেকে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার মরীয়া চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। চার মিনিট পরে খেলায় ২-২ গোলে সমতা ফেরান করিম বেনজেমা। তবে তারপরেও শেষরক্ষা হয় নি। খেলার বাকি সময় আরেকটি গোলের জন্য মরীয়া হয়ে চেষ্টা করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেন নি রিয়াল স্ট্রাইকাররা। খেলা শেষে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা।— সকারনেট