'এল ক্লাসিকো'র সেরা দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি এল ক্লাসিকোই ছড়ায় অন্যরকম উত্তেজনা। স্নায়ুর ওপর বয়ে যায় ঝড়। আজ রাতেও (বাংলাদেশ সময় রাত ১০টায়, সরাসরি সম্প্রচার ইএসপিএনে) এমন একটি স্নায়ুক্ষরা এল ক্লাসিকোর অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। তবে সব এল ক্লাসিকোই তো আর স্মৃতিপটে দাগ রাখতে পারে না। গত কয়েক বছরে হওয়া কয়েকটি এল ক্লাসিকো আর বিশেষ কিছু মুহূর্ত ফিরে দেখা যাক:

ন্যু ক্যাম্পে ফিগোর ফেরা

এল ক্লাসিকোর উন্মাদনাটা বোধ হয় বেশ ভালোমতোই টের পেয়েছিলেন লুইস ফিগো। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত পর্তুগিজ এই উইঙ্গার ছিলেন কাতালানদের চোখের মণি। কিন্তু ২০০০ সালে হঠাত্ করেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর বার্সেলোনা সমর্থকদের ঘৃণার পাত্রে পরিণত হন ফিগো। ঘৃণার মাত্রাটাও কতখানি তীব্র ছিল সেটাও তিনি টের পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামার সময়। ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে ফিগোর দিকে গালির পাশাপাশি ধেয়ে এসেছিল বিয়ার- হুইস্কির বোতল, লাইটার। এমনকি ফিগোকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল একটা শুকরের মাথাও। ন্যু ক্যাম্পের উত্তেজনাপূর্ণ এই এল ক্লাসিকোটি শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে।

রোনালদিনহোর ম্যাচ

ন্যু ক্যাম্পে গিয়ে ফিগোকে খুবই বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হলেও তিন বছর পর ২০০৫ সালে বার্নাব্যুতে গিয়ে খুবই ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছিল রোনালদিনহোর। সেই ম্যাচে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিলেও বার্নাব্যুর সমর্থকেরা করতালি দিয়েই স্বাগত জানিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকারকে। কারণ মাত্রই কিছুদিন আগে রোনালদিনহো জিতেছিলেন ব্যালন ডি’অর। সেবার রোনালদিনহোর আলোয় আলোকিত বার্সা মৌসুমের লা লিগাও জিতেছিল।

মেসি ম্যাজিক

বার্সেলোনার মূল একাদশে মেসির অভিষেকটা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। সে বছর লা লিগার শিরোপাটাও জিতেছিল কাতালানরা। তবে তাতে মেসির অবদান খুব কমই ছিল। ইনজুরির কারণে বেশ লম্বা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এল ক্লাসিকো মেসির জাদু দেখেছিল ২০০৬-০৭ মৌসুমে। নিজের প্রথম এল ক্লাসিকোতেই হ্যাটট্রিক করে নিজের আগমনী গান শুনিয়েছিলেন মেসি। অবশ্য বার্সেলোনা সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচের ফলাফল ছিল ৩-৩।

গার্দিওলার আগমন

২০০৮ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছিলেন গার্দিওলা। সেবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হেরেছিল ২-০ গোলে। বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে হয়তো প্রতিশোধ স্পৃহাতেই ফুঁসছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু সেবার তাদের আরও বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছিল গার্দিওলার বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে হেরেছিল ৬-২ গোলে। জোড়া গোল করেছিলেন মেসি ও থিয়েরি অঁরি। টিকি-টাকা দর্শন আর লা মেসিয়ার প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়ে বার্সেলোনার সেই দল সেবার জিতেছিল স্প্যানিশ লিগ, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

আবার দুর্দান্ত বার্সা

বার্নাব্যুতে ৬-২ গোলের জয় দিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের হতাশায় ডুবিয়েছিলেন বার্সেলোনার ফুটবলাররা। তবে সেটা ছিল কেবলই শুরু। লা লিগার পরবর্তী দুইটি এল ক্লাসিকোতেও হারের মুখ দেখতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। ২০১০ সালে হোসে মরিনহোর আগমনের পর পরিস্থিতির পরিবর্তনই হয়তো আশা করেছিলেন অনেকে। কিন্তু রিয়ালের এই আশাবাদী সমর্থকদের হতাশ করে আবারও ৫-০ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছিল বার্সেলোনা।

রিয়ালের প্রতিশোধ

বার্সেলোনার কাছে টানা কয়েকটি ম্যাচ হারার প্রতিশোধটা রিয়াল মাদ্রিদ নিয়েছিল ২০১০-১১ মৌসুমের কোপা ডেল রের ফাইনালে। লা লিগা শিরোপাটা হারাতে হলেও রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন মরিনহো। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্লাসিকো উত্সব

২০১০-১১ সালের এপ্রিল-মে মাসে যেন শুরু হয়েছিল এল ক্লাসিকো উত্সব। মাত্র ১৮ দিনের মধ্যেই স্পেনের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল চারবার। কোপা ডেল রের ফাইনালটি ছাড়াও বার্সা-রিয়াল মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে হতাশই হতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগে মেসির জোড়া গোলে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এল ক্লাসিকো জিতে ফাইনালে ওঠার পর সেবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাও গিয়েছিল বার্সেলোনার ঘরে।

রোনালদোর প্রতিশোধ

স্প্যানিশ লিগে টানা তিন বছর ধরে চলা বার্সেলোনা আধিপত্যের অবসান ঘটে ২০১১-১২ মৌসুমে। তবে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও হারের মুখ দেখতে হয়েছিল রিয়ালকে। সেটাও আবার নিজেদের মাঠে। তবে ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলায় প্রতিশোধটা ঠিকই তুলেছিল রিয়াল। ১-১ ব্যবধানে সমতার পর ৭৩ মিনিটে রোনালদোর জয়সূচক গোলটা স্তব্ধ করে দিয়েছিল বার্সেলোনার সমর্থকদের।

কাতালান প্রতিবাদ

সব সময় শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই ধ্রুপদী লড়াই। ফুটবলের সীমানা ছাড়িয়ে প্রবেশ করেছে রাজনৈতিক অঙ্গনেও। ২০১২ সালের অক্টোবরে স্বাধীন কাতালান রাষ্ট্রের দাবিতেও সোচ্চার হয়েছিল বার্সেলোনার সমর্থকরা। পুরো ন্যু ক্যাম্পই উচ্চকণ্ঠে জানিয়েছিল স্বাধীন কাতালোনিয়ার দাবি।

গত মৌসুমের লড়াই

স্প্যানিশ লিগে গত মৌসুমের এল ক্লাসিকোও ছিল জমজমাট লড়াইয়ে পরিপূর্ণ। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো ও মেসি। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। তবে এবার রোনালদো নয়, রিয়ালের জয়ের নায়ক ছিলেন করিম বেনজেমা ও সার্জিও রামোস। বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি অবশ্য এসেছিল মেসির পা থেকে।