‘এল ক্লাসিকো’য় হ্যাটট্রিকের স্বপ্ন জাভির
অপেক্ষার প্রহর গুনছেন জাভি হার্নান্দেজ। অপেক্ষা, রোববারের ‘এল ক্লাসিকো’ ঘিরে। সেই সঙ্গে মনের মধ্যে সুপ্ত বাসনা, ‘আহা! চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে যদি একটা হ্যাটট্রিক করা যেত।’৩২ বছর বয়সী জাভি ফুটবল ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। বার্সেলোনার হয়ে তো জিতেছেন অনেক কিছুই, জাতীয় দলের হয়েও বিশ্বকাপ, ইউরো—সবই জিতেছেন। এত কিছু পাওয়ার পরও তাঁর মনে একটি বিষয়ে আফসোস রয়েই গেছে। এ পর্যায়ে তিনি কোনো হ্যাটট্রিকের স্বাদ নেননি। তিনি মনেপ্রাণেই চান এই অপূর্ণতাকে পূর্ণতা দিতে। আর, এ জন্য চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই তাঁর কাছে যোগ্যতম প্রতিপক্ষ, ‘এল ক্লাসিকো’ই সবচেয়ে সেরা মঞ্চ। রিয়ালের বিপক্ষে এই মৌসুমে আরও একটি এল ক্লাসিকোয় মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভি বলেছেন, ‘জীবনে যদি কোনো কিছু না পেয়ে থাকি, তাহলো একটা হ্যাটট্রিক। ওই না পাওয়া হ্যাটট্রিকটি যদি রিয়ালের বিপক্ষে কোনো এল ক্লাসিকোয় পেতাম, তাহলে সত্যিই চমত্কার হতো।’এই মৌসুমের শুরু থেকেই লা লিগায় রিয়ালের অবস্থা সুবিধার নয়। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বিস্তর ব্যবধানে পিছিয়ে থাকা ‘লস ব্ল্যাঙ্কোস’রা যদি রোববারের ক্লাসিকোয় হেরে যায়, তাহলে তাদের দুর্ভোগ্যের মাত্রা আরও বাড়বে। ব্যাপারটি নিয়ে অন্যরা ভাবনায় থাকতে পারে, বার্সা খেলোয়াড়েরা যে একেবারেই ভাবিত নয়, সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘আমি জানি না ওই ম্যাচে আমাদের জয় রিয়ালকে কোন পর্যায়ে নিয়ে যাবে। আমি কেবল ভাবছি, আমাদের জয় নিয়ে। আমাদের সব মনোযোগ এখন জয় পাওয়াকে ঘিরেই।’ইনজুরি সমস্যায় আক্রান্ত বার্সেলোনা। জেরার্ড পিকে আহত, আহত হয়ে মাঠের বাইরে অধিনায়ক কার্লোস পুয়োল। এরিক আবিদাল এখনো লিভার ট্রান্সপ্ল্যান্টের পর বিশ্রামে আছেন। এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অসুস্থতা নিয়ে চিন্তিত জাভিও। তিনি এই তিন খেলোয়াড়কে দলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘পিকে এখন ৫০ শতাংশ ফিট, তবে সে মাঠে নামতে পারবে কি না, সেটা বলতে পারছি না। পুয়োলের ইনজুরিটা খুবই দুঃখজনক। সে অন্য খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হতে পারে, মাঠে কীভাবে নিজের পুরোটা দিতে হয়, সেটা পুয়োলই সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’এরিক আবিদাল সম্পর্কে জাভি বলেন, ‘সে মাঠে ফিরে আসার জন্য মুখিয়ে আছে। নিজের মানসিক শক্তি দিয়েই সে মাঠে আবার ফিরতে পারবে বলে আমি মনে করি।’ এই মুহূর্তে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। জাভির হয়ে ক্লাবের সঙ্গে নতুন চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনায় আছেন তাঁর এজেন্ট। তবে এ ব্যাপারটি নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না জাভি। তিনি বলেছেন, ওটা আমার এজেন্ট দেখছে। নতুন চুক্তি সময়েরই ব্যাপার। ‘আমি এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাবের খেলোয়াড়। ফুটবল জীবনের ইতিও আমি এই ক্লাবে থেকে টানতে চাই।’ বার্সায় খেলা নিয়ে জাভির চিন্তাভাবনা এমনই। গোল ডটকম।