
এশিয়ান গেমসের বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশকে টাইব্রেকারে জিতিয়েছিলেন তরুণ গোলরক্ষক
অসীম গোপ। বিশ্ব হকি লিগের প্রথম পর্বে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই কাল ম্যাচের শেষ মুহূর্তে ঠেকিয়ে দিলেন পেনাল্টি স্ট্রোক। জিতল বাংলাদেশ। এমন পারফরম্যান্স করতে চান আসন্ন এশিয়ান গেমসেও
:পেনাল্টি স্ট্রোক ঠেকানোর আগ মুহূর্তে কী ভাবছিলেন?
অসীম গোপ: মাথায় তখন একটাই ভাবনা, এই গোলটা আমাকে বাঁচাতেই হবে। গোলটা হয়ে গেলে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতাম আমরা। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোলটা ঠেকাতে পারব।
:এত আত্মবিশ্বাস কোথায় পেলেন?
অসীম: পেনাল্টি স্ট্রোক ঠেকানোর আগে সাধারণত আমি একটু সময় নিই। আম্পায়ার ডাক দিলেও খানিকক্ষণ দেরি করি। হয় গোললাইনের ভেতরে, না হয় বাইরে দাঁড়িয়ে থাকি। ওই সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে পর্যবেক্ষণ করি। সে কোন দিকে মারতে পারে, সেটা বোঝার চেষ্টা করি। সাধারণত ড্র্যাগ ফ্লিক মারলে ডান দিকেই বেশি শক্তি দেয় খেলোয়াড়েরা। সেটা ভেবেই আমি ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলাম। বলতে পারেন এগুলো আমার একধরনের কৌশল।
:পেনাল্টি স্ট্রোক ঠেকানোর জন্য কি বাড়তি অনুশীলন করেন?
অসীম: বিকেএসপির ক্যাম্পে অন্যদের অনুশীলন শেষ হলেও আমি একটু বাড়তিই সময় দিতাম। প্রতিদিন অন্তত ১০-২০টা স্ট্রোক ঠেকাতাম। আজ হয়তো এটারই ফল পেয়েছি। তবে আমার মনে হয় পেনাল্টিতে গোল ঠেকানোর বিষয়টা পুরোই প্রকৃতপ্রদত্ত ব্যাপার।
:ম্যাচের তখন অতিরিক্ত সময় চলছিল। গোল হলেই খেলা শেষ। একসময় তো মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগিই করতে হবে বাংলাদেশের। ম্যাচটা নিয়ে কি বেশি চাপে ছিলেন?
অসীম: চাপ তো ছিলই। ঘরের মাঠে খেলা। তা ছাড়া শ্রীলঙ্কা দলকে সহজেই হারিয়ে দেব, এমন একটা ভাবনা খেলোয়াড়দের মধ্যে চলে এসেছিল। এরপর ৩-১-এ এগিয়ে যাওয়ার পর সবাই ভেতরে ভেতরে একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে পড়ি। সতি বলতে কি, আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে ম্যাচের এ অবস্থা হয়েছিল। একজনের সঙ্গে আরেকজনের ভুল-বোঝাবুঝির কারণে শেষ দিকে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছিল। তবে এই ভুলগুলো থেকেই শিক্ষা নিতে হবে আমাদের।
:গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে পাকিস্তানি গোলকিপার কোচ মনসুর আহমেদ দলের সঙ্গে ছিলেন। এবার তো তিনি নেই...
অসীম: আমাদের একজন গোলকিপার কোচের খুবই দরকার। মনসুর স্যার আমাদের অনেক টিপস দিয়েছিলেন। বিশেষ করে আমাকে তিনি আলাদাভাবে অনেক কিছু শিখিয়েছিলেন। কিন্তু এত অল্প সময়ে ভালো কিছু করা সম্ভব নয়। আরও বেশি সময়ের জন্য গোলকিপার কোচ থাকলে আরও ভালো হতো। আশা করি, ফেডারেশন এশিয়ান গেমসের জন্য আমাদের একজন গোলকিপার কোচের ব্যবস্থা করবে।
:আপনি তো গত মাসে বিকেএসপিতে ভারতের সঙ্গে সিরিজেও একবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। শ্রীলঙ্কার সঙ্গে এ ম্যাচেও হলেন সেরা।
অসীম: এটা হয়তো সত্যি শেষ মুহূর্তে আমার কারণে দল জিতেছে। আমি সন্তুষ্ট। তবে পুরো কৃতিত্ব দেব দলের সবাইকে। আর এই ম্যাচটি আমার অন্যতম স্মরণীয় একটা ম্যাচ।
:জাতীয় দলে নিষিদ্ধ হওয়া গোলরক্ষক জাহিদ হোসেনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন। এবার নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
অসীম: জাহিদ ভাই নিঃসন্দেহে ভালো গোলকিপার। উনি থাকলে আমাকে সুযোগের অপেক্ষায় থাকতে হতো। এখন আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করব। সামনেই আমাদের এশিয়ান গেমস। এশিয়াডেও আমি এমন খেলতে চাই।