‘এশিয়া কাপে চমকও দেখাতে পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ভারত, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। পঞ্চম হওয়ার আপাতকঠিন লক্ষ্য নিয়ে ২৫ আগস্ট শুরু এশিয়া কাপ হকিতে কেমন করবে বাংলাদেশ? কোচ নাভিদ আলম ভালো কিছু করতে চান। চমকের আশাও করছেন এই পাকিস্তানি এশিয়া কাপের দিকে তাকিয়ে আছে হকি অঙ্গন। এই টুর্নামেন্টে ভারত-দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলা কতটা চ্যালেঞ্জ মনে করছেন? নাভিদ আলম: বড় চ্যালেঞ্জ তো অবশ্যই। তবে খেলোয়াড়েরা আমার পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পারলে চ্যালেঞ্জটা উতরে যাব আমরা। সেই বিশ্বাস আছে। হয়তো বা এশিয়া কাপে চমকও দেখাতে পারি। কী বলছেন, ভারত-কোরিয়ার বিপক্ষে চমক! নাভিদ: কেন নয়? আশা করতে দোষ কী! আমার পরিকল্পনা মাঠে বাস্তবায়িত হলে সেটি খুবই সম্ভব। বাংলাদেশের খেলোয়াড়েরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবে।  টুর্নামেন্টে ষষ্ঠ হওয়াটা খুবই সম্ভব। আর পঞ্চম হতে পারলে সেটি বড় সাফল্য বলেই বিবেচিত হবে। তো আপনি লক্ষ্য পূরণে কী কৌশল নেবেন? নাভিদ: ভারত-কোরিয়ার বিপক্ষে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণনির্ভর খেলতে চাই। সাধারণত এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ ৭-৮ গোল হজম করে। আমার প্রথম চাওয়া হবে ব্যবধানটা কম রাখা। রক্ষণ জমাট রেখে সুযোগ বুঝে আক্রমণেও যাব।  সে ক্ষেত্রে আপনি কজন ডিফেন্ডার খেলাবেন?নাভিদ: চারজন ডিফেন্ডার তো প্রথাগতভাবে থাকবেই। তিন মিডফিল্ডার ডানে রানা, বাঁয়ে জিমি এবং সেন্ট্রাল মিডফিল্ডার একজন, যাঁর নাম বলব না এখন। তিন মিডফিল্ডার মিলিয়ে আমার দলে সাতজন ডিফেন্ডারও হতে পারে কখনো কখনো। এটা ম্যাচের ওপর নির্ভর করবে।  তার মানে মাঝমাঠকে আপনি রক্ষণ সহায়তাতেই বেশি রাখতে চান?নাভিদ: ভারত, কোরিয়ার বিপক্ষে সেটিই স্বাভাবিক। তবে ওমানের বিপক্ষে আক্রমণাত্মকই খেলব। বড় ম্যাচে জিমি-রানা হবে দলের মেরুদণ্ড। ভারত-কোরিয়ার সঙ্গে জিমি কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাও নেবে। দুজন ফরোয়ার্ড রাখব। তাদের পেছনে থাকবে আরও একজন, যে কি না মাঝমাঠকে সাহায্য করবে। তাহলে তো মনে হচ্ছে আপনি রক্ষণাত্মক কৌশল নিয়েই এগোবেন? নাভিদ: ভারত-কোরিয়ার মতো দলের বিপক্ষে আমার প্রথম কাজ হবে রক্ষণকে নিশ্ছিদ্র বানানো। এর সঙ্গে থাকবে পজিশনাল অ্যাটাকিং। খেলোয়াড়দের মধ্যে যোগাযোগটাও খুব গুরুত্বপূর্ণ। আসলে মাঠে অনেক কিছু করতে হবে। ঘর সামলে দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষকে চাপে রাখতে চাই। সেটি হতে হবে কার্যকর আক্রমণ, যাতে গোল আসে। দায়িত্ব নিয়েছেন দেড় মাস আগে। এই সময়ে দলে কতটা পরিবর্তন দেখছেন?নাভিদ: অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক কিছু শিখেছে এই কদিনে। আগের চেয়ে উন্নতি করেছে। এখন মাঠে এর প্রতিফলনটাই হলো জরুরি। সেটার ওপরই নির্ভর করছে সাফল্য-ব্যর্থতা।  কিন্তু ২০ আগস্ট মালয়েশিয়ায় রওনা হওয়ার আগে দেশে তো বিদেশি দলের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচও খেলা হলো না। এটা তো বড় ঘাটতিই...নাভিদ: যাওয়ার আগে বিদেশি দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। সেটা যখন হচ্ছে না, আমরা বাংলাদেশ লাল ও সবুজ দুটি দল করে খেলতে পারি। তা ছাড়া ২২ আগস্ট এশিয়া কাপের ভেন্যু ইপোতে পাকিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলব। কাজেই আমি মনে করি না, প্রস্তুতি ম্যাচ না খেলাটা খুব একটা প্রভাব ফেলবে।  হকিতে পেনাল্টি কর্নার মানে গোলের সম্ভাবনা। তো পেনাল্টি কর্নার নিয়ে কতটা কাজ করতে পারলেন? নাভিদ: অনেক কাজ করেছি। ভিডিও সেশনে খেলোয়াড়দের কৌশলগুলো বুঝিয়েছি। আমি ছিলাম ডিফেন্ডার এবং পেনাল্টি কর্নারে গোল করতাম। এখন কোচ হিসেবে আমি ছয়জন খেলোয়াড়কে বিশেষভাবে পেনাল্টি কর্নারের জন্য তৈরি করেছি। ইনশা আল্লাহ, সব ঠিকঠাক এগোলে ভালো করব।