‘এশিয়ায় হতে পারে টেনিসের পঞ্চম গ্রান্ড স্লাম’
টেনিসের সবচেয়ে বড় ও প্রধান প্রতিযোগিতা ‘গ্রান্ড স্লাম’ এক মৌসুমে হয় চারটি—অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। কিন্তু এবার এশিয়াতেও টেনিসের ‘পঞ্চম গ্রান্ড স্লাম’ আয়োজন করা যেতে পারে বলে আশাবাদী এশিয়ান টেনিস ফেডারেশনের প্রধান অনিল কুমার খান্না। দীর্ঘদিন ধরেই এটিএফ এই উদ্যোগ গ্রহণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এশিয়া থেকে শীর্ষ পর্যায়ের কোনো টেনিস তারকার আবির্ভাব না হওয়ায় খুব বেশি সাফল্যের মুখ দেখেনি এই উদ্যোগ। তবে এবার এই প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার করার সুযোগ করে দিয়েছেন চীনা টেনিস তারকা লি না।গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ১ নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে এশিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে কোনো গ্রান্ড স্লামের ফাইনালে পা রেখেছেন লি না। এই সাফল্যটা শুধু লি নার নিজস্ব ক্যারিয়ারেই নয়, বরং সামগ্রিকভাবে এশিয়ার টেনিস উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এটিএফ সভাপতি অনিল কুমার খান্না। আজ রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এটা এশিয়ান টেনিসের জন্য একটা বিশাল অগ্রগতি। লি নার এই অসাধারণ সাফল্যের ফলে হয়তো আর কয়েক বছরের মধ্যেই আমরা এশিয়াতেও একটা গ্রান্ড স্লাম আয়োজনের উদ্যোগ নিতে পারি।’পঞ্চম গ্রান্ড স্লামের সম্ভাব্য ভেন্যু কোথায় হতে পারে, এমন প্রশ্নের জবাবে খান্না বলেছেন, ‘এটা আয়োজনের জন্য চীন, ভারত, কাতার, দুবাইয়ের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা পাওয়া যাবে। আর সবাই নিশ্চয়ই এই বড় প্রতিযোগিতাটা আয়োজনের জন্য খুবই আগ্রহী হবে।’গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করে চীনা টেনিস এবং সামগ্রিকভাবে এশিয়ান টেনিসের জন্য সত্যিই অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন লি না। আগামীকাল ফাইনালে তিনি মুখোমুখি হবেন দুর্দান্ত ফর্মে থাকা কিম ক্লাইস্টার্সের। শেষ পর্যন্ত গ্রান্ড স্লামটা জিততে পারলে নিঃসন্দেহে এশিয়ায় এই পঞ্চম গ্রান্ড স্লাম আয়োজনের উদ্যোগটা আরও বেগবান হবে। এখন লি না সেটা পারেন কি না, সেটাই দেখার বিষয়। রয়টার্স।