'এসব ভুলে সামনে তাকাতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রহমান
শামসুর রহমান

ভুল মানছেন, কখনো আবার দায় পুরোপুরি দিচ্ছেন ভাগ্যকে। আবার বলছেন অজুহাত দেখাতে চান না। মাঠের পারফরম্যান্সে যেমন শেষে এসে গুবলেট পাকাচ্ছে সব, তেমনি জট পাকিয়ে গেছে যেন ভাবনাগুলোও। লক্ষ্যটা অবশ্য পরিষ্কার জানাতে পারলেন বাংলাদেশের ওপেনার শামসুর রহমান, গত তিন ম্যাচ ভুলে তাকাতে চান সামনে
 টানা তিন ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারের পর দলের সবার মানসিক অবস্থা কেমন?
শামসুর রহমান: এখনো দুটো ম্যাচ বাকি আছে। আগের তিনটি ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। হুট করে অনেক ভুল একসঙ্গে হয়ে গেছে। এ জন্যই শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারিনি। দলের অবস্থা সব দিক থেকে ভালো। সবাই খুব ইতিবাচক। এখনো সম্ভব সিরিজটি আমাদের করে নেওয়া। তিনটি বিভাগেই খুব ভালো খেললে সিরিজ জিততে পারব। আমাদের মনোযোগ এখন সেদিকেই।
 গত দুই দিনে দলে আলোচনাটা কী ছিল?
শামসুর: আমরা নিজেরা কথা বলেছি, আলোচনা হয়েছে যে আমাদের হাত থেকেই ম্যাচ ছুটে গেছে। এখন ওটা নিয়ে পড়ে থেকে লাভ নেই। তবে ওই হার থেকে অনেক শেখার আছে। পরের দুই ম্যাচে ভুলগুলো শোধরানোর চেষ্টা করব আমরা।
 শেষ দিকে এসে কি বাংলাদেশ একটু বেশিই চাপ নিয়ে নিচ্ছে বারবার?
শামসুর: আসলে টেনশনের কিছু নেই। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমি তো বলব, শ্রীলঙ্কাও চাপে আছে। আমাদের ঘরের মাটিতে খেলা, ভালো ক্রিকেট খেলছি, ওদের প্রায় হারিয়েও দিচ্ছিলাম। শুধু ভাগ্যটাকে পক্ষে পাইনি। ভাগ্য পক্ষে থাকলে পরের দুটি ম্যাচে ইতিবাচক ফল পাব।
 দলের কয়েকজনের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। শর্ট লেগ আনার পরই মাহমুদউল্লাহর অমন শট, আপনার রানআউটেও একটু ঢিলেমি ছিল বলে মনে হয়েছে...
শামসুর: রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) আউটটা...আসলে আউট হয়ে গেছে। আমি ক্যাজুয়াল ছিলাম না। একটু পিছলে গিয়েছিলাম। এক শবার এ রকম হলে এক শবারই ক্রিজে ঢুকে যাব আমি। কিন্তু সেদিন ব্যাটটা ক্রিজের আগে এসে আটকে গেছে। এসব ছোটখাটো ব্যাপারে যদি ভাগ্য পক্ষে থাকত তাহলেই আমরা জিততাম।
 ভাগ্যটাকে তো ভালো খেলেই পক্ষে আনতে হয়!
শামসুর: ভালো খেলতে তো হবেই। আমি যদি ঘরে বসে চিন্তা করি যে ভাগ্য আমার পক্ষে চলে আসবে, সেটা তো আর হয় না। মাঠে কাজ করতে হবে। আমরাও মাঠেই সেটা করে দেখাতে চাই। আগেই বলেছি তিনটি বিভাগেই ভালো খেলতে হবে আমাদের। কোনো অজুহাত নেই।
 যখন বড় কোনো জুটি হয় বা ব্যাটিং ধস নামে, তখন কি দলের কোনো পরিকল্পনা থাকে নাকি শুধু নিজেদের ভাবনামতোই খেলা হয়?
শামসুর: ব্যক্তিগতভাবে সবারই তো চিন্তা থাকে, সেটা ব্যাটিংয়ে বলুন বা বোলিংয়ে। আসলে পরশু আমাদের হিসাব করে খেলা উচিত ছিল। ছোটখাটো ভুলের জন্য আমরা পারিনি। এখন এসব বারবার বলে লাভ নেই। এসব ভুলে সামনে তাকাতে চাই।
 ব্যাটিং-বোলিংয়ে না হয় বাজে দিন আসতে পারে। কিন্তু ফিল্ডিংয়ে মাঝেমধ্যেই বাজে দিন আসাটাকে কীভাবে দেখছেন?
শামসুর: প্রথম ম্যাচে কিন্তু সবকিছুই আমাদের পক্ষে ছিল। ক্যাচ মিস হয়েছে, সে তো হতেই পারে। ক্যাচ নিতে পারলে হয়তো ওরা ৮০ রানে অলআউট হয়ে যেত। কিন্তু ১০০ রান বেশি হয়ে গেছে। ভুলগুলো বেশি হয়ে গেছে, এ জন্য টানা তিনটি ম্যাচে আমরা কাছে গিয়েও হেরে গেছি। এটা ক্রিকেটেরই অংশ। আমাদের হাত থেকে ওদের হাতে চলে গেছে ম্যাচ।