‘এ’ দল নিয়ে ছেলেখেলা
হায় রে ‘এ’ দল! খেলোয়াড়ের ঠিক নেই, ম্যানেজারের ঠিক নেই, তারা কি না আজ চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে! ভাবতে অবাক লাগে, বিসিবির ছেলেখেলার শিকার এই দলটাই সিরিজের প্রথম ম্যাচ খেলবে কাল বাদে পরশু!আজ ম্যাচ, অথচ কাল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে ‘এ’ দল চট্টগ্রামে গেল ১১ জন খেলোয়াড় নিয়ে। নির্বাচকদের দল ছিল ১৩ জনের। কিন্তু তাদের দল রাখতেই হবে, এমন শর্ত কি আর মানে বিসিবি! জাতীয় দলে হরহামেশা বোর্ডের কাটাছেঁড়া চলে, ‘এ’ দলে এবার সেই ছুরিটা চালাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।১৩ জনের দল থেকে হাতে ব্যথা পেয়ে ইলিয়াস সানি বাদ হয়ে গেছেন আগেই। গাজী ট্যাংক না ছাড়ায় কাল ফ্লাইটের ঘণ্টা দুয়েক আগে জানা গেল, চট্টগ্রামে যাচ্ছেন না ‘এ’ দলের আরও দুই ক্রিকেটার মমিনুল হক আর আসিফ আহমেদও। তাহলে কি প্রস্তুতি ম্যাচটা আজ ১০ জন নিয়েই খেলবে ‘এ’ দল? না, তা নয়। গাজী ট্যাংক ‘দয়া’ করে রনি তালুকদারকে ছেড়েছে। ‘এ’ দলের জন্য করা ৩৩ জনের পুলে রনি থাকলেও ছিলেন না প্রস্তুতি ম্যাচ আর প্রথম ওয়ানডের জন্য দেওয়া ১৩ জনের দলে।শেষ মুহূর্তের দলভুক্তির কারণে রনির জন্য কাল ‘এ’ দলের বিমান টারমাকে অপেক্ষা করেছে প্রায় ২০ মিনিট। রনি তবু দৌড়ে গিয়ে ধরতে পেরেছেন বিমান, বিকেএসপি থেকে খেলা শেষ করে আসতে হয়েছে বলে সেটাও পারেননি সিসিএসের দুই ক্রিকেটার বাশার আর অভি। দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে জোড়াতালির দলে যোগ দিতে কাল রাতের বাসে চট্টগ্রামে গেছেন তাঁরা। জোড়াতালি দিয়ে প্রস্তুতি ম্যাচটা চালানো গেলেও ‘এ’ দল নিয়ে ভোগান্তি আছে আরও। মোহামেডান-ব্রাদার্স জানিয়েছে, প্রস্তুতি ম্যাচের পরই তাদের খেলোয়াড়রা ঢাকায় ফিরে আসবে। প্রথম ওয়ানডের জন্য আজ তাই নতুন করে দল করতে বসার কথা নির্বাচকদের।এর আগে গত ২২ ডিসেম্বর গাজী ট্যাংক ও ২ জানুয়ারি আবাহনী সিসিডিএমকে চিঠি দিয়ে জানায়, তাদের পক্ষে ‘এ’ দলের জন্য খেলোয়াড় ছাড়া সম্ভব নয়। পরশু বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি ও সিসিডিএমের অনানুষ্ঠানিক এক সভায় এমন দাবি না মানার সিদ্ধান্ত হয়। গত বছরের ৪ জুলাই অনুষ্ঠিত সিসিডিএমের সভায় সিদ্ধান্ত হয়েছিল, জাতীয় স্বার্থে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ চিঠি দিয়ে উল্টো সেটাই মনে করিয়ে দিয়েছেন ক্লাবগুলোকে। কিন্তু কাদের চিঠির জোর বেশি, তা তো কালই বোঝা গেল। ক্লাব রাজনীতির সামনে বিসিবি পুতুল-সভা মাত্র। দুর্ভাগ্যক্রমে এই পুতুল-সভাই চালাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।‘এ’ দলকে ধরা হয় জাতীয় দলে ক্রিকেটার আসার প্রবাহ হিসেবে। অথচ বিসিবি আজ পর্যন্ত পারেনি সুষ্ঠু ধারায় সেই প্রবাহটা চালাতে। বোর্ড সভাপতি, ক্রিকেট পরিচালনা প্রধানসহ অন্য পরিচালকেরাও প্রায়ই গল্প শোনান, একটা মজবুত ‘এ’ দল করা হবে। কতটা মজবুত সেই ‘এ’ দল এবং কতটা মজবুত তাঁদের প্রতিশ্রুতি, এবার সেটি শিশুও বুঝবে।শুধু খেলোয়াড় তালিকাই নয়, ‘এ’ দলের টিম ম্যানেজমেন্টের তালিকাটাও কতিপয় ‘অবুঝ’ বোর্ড পরিচালকের ইচ্ছাশক্তির শিকার। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি মজিবুল হককে (মন্টু) হঠাৎ করেই দায়িত্ব দেওয়া হয় টিম ম্যানেজারের। নিজের কাজ সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘আমি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি। কোথাও কোনো সমস্যা হয়নি।’ যদিও অভিযোগ আছে, ওই সফরে তিনি দল ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কোচ স্টুয়ার্ট বার্নস নাকি সফর শেষে সেটা জানিয়েছেনও বোর্ডকে। তার পরও কীভাবে ম্যানেজার থাকেন মজিবুল?থাকেন, হয়তো এ সব সিদ্ধান্তগুলো নেওয়ার সময় বিসিবির ওপর একটা অশরীরী শক্তি ভর করে বলেই।