‘এ’ দল নিয়ে প্রহসন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে বিসিবি একাদশ, বাস্তবে বাংলাদেশ ‘এ’ দলই। পরশু চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের কাছে দলটা হেরে গেছে ৪ উইকেটে। একই মাঠে বাংলাদেশ ‘এ’ বনাম ইংল্যান্ড ‘এ’র পাঁচ ওয়ানডের সিরিজ শুরু হবে আজ।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশিবার বদল রেকর্ড করতে যাচ্ছে এই ‘এ’ দল। প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য নির্বাচকেরা প্রথমে যে ১৩ জনের দল দিয়েছিলেন, সেটি বদলে গেছে প্রস্তুতি ম্যাচের আগের সন্ধ্যায়। হাতে ব্যথা পাওয়ায় ইলিয়াস সানি এবং প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংক ছাড়েনি বলে মমিনুল হক ও আসিফ আহমেদ দলে যোগ দিতে পারেননি। তাঁদের পরিবর্তে ম্যাচের আগের রাতে ‘এ’ দলে নেওয়া হয় রনি তালুকদার, আবুল বাশার ও অভিকে।চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম তিন ওয়ানডের জন্য কাল ঘোষিত হয়েছে তিন রকমের দল। প্রথম ওয়ানডের দলে নেই প্রস্তুতি ম্যাচের বাশার, অভি ও জায়েদ। দলে যোগ দেবেন আলাউদ্দিন বাবু, নাফিস ইকবাল, আল আমিন ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। অদলবদল হবে দ্বিতীয় ওয়ানডের দলেও। চট্টগ্রামে গিয়ে যোগ দেবেন মাহমুদুল হাসান, নাজিমউদ্দিন, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, নাজমুল হোসেন ও এনামুল জুনিয়র। ফিরবেন ইমরুল, জহুরুল, আলাউদ্দিন বাবু, তাসামুল, আল-আমীন ও নূর হোসেন। তৃতীয় ওয়ানডেতে ফিরবেন ডলার মাহমুদ, যোগ দেবেন শফিউল ইসলাম।সিরিজের শেষ দুটি ওয়ানডে হবে সিলেটে। ঢাকায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সেসবের জন্য পরে আলাদা দল ঘোষণা করা হবে। তবে খেলোয়াড় অদল-বদলের সুবিধার্থে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন বদলে গেছে। ২১ জানুয়ারির পরিবর্তে সেটি হবে ২২ জানুয়ারি।ক্লাব-শক্তির কাছে নতজানু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এ’ দল নিয়ে প্রহসন করে আসছে শুরু থেকেই। জাতীয় দল নির্বাচনের আগে নির্বাচকদের ক্রিকেট পরিচালনা কমিটি আর টেকনিক্যাল কমিটির সঙ্গে সভা করতে হয়। ‘এ’ দল নির্বাচন করতে নির্বাচকদের কথা বলতে হলো সিসিডিএম প্রতিনিধির সঙ্গেও। সিসিডিএম ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক। আর ক্লাবগুলোই এবার পরোক্ষে নিয়ন্ত্রণ করছে ‘এ’ দলের খেলোয়াড় তালিকা। কার খেলা কবে, কাকে কখন ছাড়তে হবে, কাকে কখন খেলালে ক্লাবগুলোর সুবিধা হয়, সেই হিসাব-নিকাশ করেই তিন ওয়ানডের জন্য তিন রকমের দল দিয়েছে নির্বাচক কমিটি।এই হযবরল অবস্থায় দল গঠন করতে গিয়ে হতাশ নির্বাচক কমিটি। হতাশা আর ক্ষোভটা ক্রিকেট পরিচালনা বিভাগকে লিখিতভাবে জানিয়েছেন নির্বাচকেরা। চিঠিতে অসন্তোষ জানানো হয়েছে প্রস্তুতি ম্যাচের দল বদল করাতেও।কাল টেলিফোনে প্রধান নির্বাচক আকরাম খান ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। কাকে দলে নেব, কীভাবে নেব—কোনো সিস্টেমের মধ্যেই পড়ছে না কিছু। দলের কথা চিন্তা করে খেলোয়াড় নিতে পারছি না। অনেক ভালো খেলোয়াড় “এ” দলে খেলার সুযোগ হারাল।’ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এত দিন বলেছে, যেদিন লিগের খেলা, শুধু সেদিনই তাদের খেলোয়াড় ছাড়তে সমস্যা। সিসিডিএম সে দাবি মেনে নেওয়ার পর এখন নাকি তারা বলছে, খেলার দিন শুধু নয়, খেলার আগের দিনও খেলোয়াড়দের ছাড়া যাবে না। ‘এ’ দলে খেলে পরদিন লিগ ম্যাচ খেলতে হবে না, বেছে বেছে তাই এমন খেলোয়াড়ই নিতে হচ্ছে নির্বাচকদের।সিসিডিএমও অবশ্য একটা ‘উদারতা’ দেখিয়েছে ‘এ’ দলকে। আজ ও আগামীকালের লিগ ম্যাচগুলো তারা বডিলি শিফট করে নিয়ে গেছে ১১ ও ১২ জানুয়ারি। সিলেটে খেলার সময়ও লিগ বন্ধ থাকবে (১৬-১৯ জানুয়ারি)। উদ্দেশ্য দুই রকমই হতে পারে, ‘এ’ দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা যাতে ঝামেলামুক্ত থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলতে পারেন। অথবা ‘এ’ দলের হয়ে খেলার কারণে কোনো খেলোয়াড় যাতে লিগ ম্যাচ মিস না করেন।ছুটি শেষে ২ জানুয়ারি ঢাকায় ফিরে ‘এ’ দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে চট্টগ্রামে আছেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। উদ্দেশ্য, ‘এ’ দলের সঙ্গে থাকা জাতীয় দলের ব্যাটসম্যানদের দেখা। কিন্তু সদা পরিবর্তনশীল ‘এ’ দল তাঁকে সেই সুযোগ দিচ্ছে কই!সমস্যায় পড়ে গেছেন ‘এ’ দলের কোচ স্টুয়ার্ট বার্নসও। পরিস্থিতি যা, তাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে অন্তত ৩৫-৪০ জন ক্রিকেটার খেলবেন ‘এ’ দলের হয়ে। সবাইকে বার্নস ঠিকমতো চেনেনও না! প্রধান নির্বাচক আকরাম খান কাল রাতে চট্টগ্রাম যাওয়ায় একটু রক্ষা। কোচদের খেলোয়াড় চেনানোই নাকি সেখানে তাঁর মূল কাজ!প্রথম ওয়ানডের ‘এ’ দলমাহমুদউল্লাহ, রনি তালুকদার, নাফিস ইকবাল, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, ধীমান ঘোষ, আলাউদ্দিন বাবু, তাসামুল হক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, আল আমিন, ডলার মাহমুদ, নূর হোসেন ও কাজী কামরুল।