'এ' দল মানেই হতাশা!
৫৬ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিলেন নাসির হোসেন ও মার্শাল আইয়ুব। তার পরও কেনসিংটন ওভালে পরশু বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের করা ৩৫৪ রান থেকে ১৩৫ রান পিছিয়ে থাকতেই।
নাসির-মার্শালের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৭৯ রান। ‘এ’ দলের ২১৯ রানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রানও করেছেন অধিনায়ক নাসিরই। মার্শাল করেছেন ৪১, নুরুল হাসান ৩৬ ও ইমরুল কায়েস ৩১। দলের ১৩৫ রানের সময় দেবেন্দ্র বিশুর বলে নাসির ফুদাদিনের ক্যাচ হয়ে ফিরে যেতেই বিপর্যয়ের শুরু। মিডল বা লোয়ার মিডল অর্ডারের আর কেউই পারেননি ইনিংসটাকে টেনে নিতে। সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের দেবেন্দ্র বিশু ও শেলডন কটরেল পেয়েছেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে কাল তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের রান ১ উইকেটে ৯৫৷ একমাত্র উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম৷
এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দলে যোগ দিতে কাল রাতেই বারবাডোজের উদ্দেশে উড়াল দিয়েছেন ফরহাদ রেজা, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও শফিউল ইসলাম। চার দিনের ম্যাচের দল থেকে দেশে ফিরে আসবেন নাসির হোসেন, মুমিনুল হক, ইলিয়াস সানি, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান ও শামসুর রহমান। ৮, ১০ ও ১২ জুন তিনটি ওয়ানডের পর ১৪ ও ১৫ জুন হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।