প্রথম প্র্যাকটিস ম্যাচটা পুরোপুরি শেষ হতে পারেনি বৃষ্টির কারণে। কাল দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাধা হলো না। তার পরও দক্ষিণ আফ্রিকাগামী ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজের জাতীয় দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘এ’ দলের ২০১ রানের জবাবে ৪৬.১ ওভার পর্যন্ত ব্যাট করে ২ উইকেটে ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের দল।২৭ রানে ২ উইকেট আর ৭৯ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ জেতা কঠিনই হয়ে পড়েছিল জাতীয় দলের জন্য। তার পরও জয়টা এল তিন নম্বর ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের অপরাজিত ৮২ রানের সৌজন্যে। সপ্তম উইকেটে জাতীয় দলে নবাগত শুভাগত হোমের (৩১) সঙ্গে ৫৩ রানের জুটি হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ১৯ বলে অপরাজিত ১৮ রান জয় সহজ করেছে জাতীয় দলের। দলের অন্যদের মধ্যে তামিম ১৫, ইমরুল ১১, রকিবুল ১২, সাকিব ০, মাহমুদউল্লাহ ৪, মুশফিকুর ১৩ ও সোহরাওয়ার্দী ৪ রান করেছেন। ‘এ’ দলের সাকলাইন, শাহাদাত ও নাসির ২টি করে উইকেট নিয়েছেন।‘এ’ দলের ২০১ রানের ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ৪৭ রান। জাতীয় দলের রাজ্জাক, সোহরাওয়ার্দী ও নাজমুল পেয়েছেন ৩টি করে উইকেট।