'এ' দলে জাতীয় দলের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডগামী বাংলাদেশ ‘এ’ দল যে জাতীয় দলের ছায়া-দল হবে, সেটা শোনা যাচ্ছিল আগে থেকেই। কাল আকরাম খানের নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তেমনই এক দল। ১৫ সদস্যের ‘এ’ দলের ১৩ ক্রিকেটারই কখনো না কখনো জাতীয় দলে খেলেছেন। সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছেন এই দলের আট ক্রিকেটার। সঙ্গে ঘোষিত হয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এসিসি ইমার্জিং নেশনস কাপের জন্য অনূর্ধ্ব-২৩ ও ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব-১৯ দলও।
ইংল্যান্ডে শক্তিশালী ‘এ’ দল পাঠানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক আকরাম খান বলেছেন, ‘একই সঙ্গে “এ” দল ও অনূর্ধ্ব-২৩ দল গঠন করতে হওয়ায় আমাদের হাতে বিকল্প কম ছিল। “এ” দলের সফর যেমন গুরুত্বপূর্ণ, অনূর্ধ্ব-২৩ দলটাও শক্তিশালী করা দরকার ছিল।’ জাতীয় দলের খেলোয়াড়দের ইংলিশ কন্ডিশনে খেলার সুযোগ করে দেওয়া এর আরেকটা কারণ, ‘ইংল্যান্ড লায়নস বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে ওই কন্ডিশনে খেললে আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে। বিশেষ করে পেস বোলারদের জন্য বেশি কাজে লাগবে সফরটা। ওরা তো সচরাচর এ ধরনের কন্ডিশনে খেলার সুযোগ পায় না।’
মাশরাফি বিন মুর্তজাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে ‘এ’ দলে। তাঁর ব্যাপারে পরিকল্পনার কথাও জানালেন আকরাম, ‘সপ্তাহ খানেক আগে ফিজিও জানিয়েছেন মাশরাফির সুস্থ হতে এক মাসের মতো সময় লাগবে। ও যদি ৫-৭ দিন আগে সুস্থ হয়ে যায়, আমরা হয়তো ঈদের পর শেষ তিনটা ওয়ানডের জন্য ওকেও পাঠাব। সে ক্ষেত্রে কাউকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারি অথবা দলে বাড়তি সদস্য হিসেবেই যোগ দিতে পারে মাশরাফি।’
ইংল্যান্ডে ৬, ৯, ১১, ১৪ ও ১৬ আগস্ট হ্যাম্পশায়ার, ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, নটিংহামশায়ার ও উস্টারশায়ারের বিপক্ষে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে ‘এ’ দল। ইংল্যান্ড লায়নসের বিপক্ষে শেষ তিনটি ম্যাচ হবে ২০, ২২ ও ২৪ আগস্ট।
৭ থেকে ২৬ আগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ইমার্জিং নেশনস কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল।
খেলোয়াড় তালিকা
বাংলাদেশ ‘এ’ দল
ইলিয়াস সানি, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, আল আমিন।
স্ট্যান্ড বাই: মাশরাফি বিন মুর্তজা, মেহরাব হোসেন জুনিয়র, সাজেদুল ইসলাম, মোশারফ হোসেন, মুক্তার আলী।
অনূর্ধ্ব ‘২৩’ দল
লিটন কুমার দাস, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু, মাহমুদুল হাসান, নূর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির আহমেদ, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী।
স্ট্যান্ডবাই: কাজী নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, রনি তালুকদার।
অনূর্ধ্ব ‘১৯’ দল
জয়রাজ শেখ, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, মুসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রাহাতুল ফেরদৌস, শরীফ উদ্দিন, জসিম উদ্দিন, আবু সায়েম চৌধুরী, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, রিফাত প্রধান, জুবাইর হোসেন। স্ট্যান্ডবাই: নাহিদ হাসান, অনিল বাবু, নিহাদ উজ জামান, মোহাম্মদ সুমন, সাঈদ সরকার।