‘এ’ দলে যুবরাজ
টেস্ট দলে ফেরার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন ক্যানসার-জয়ী অলরাউন্ডার। বছর খানেক পর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে নেমে দিলীপ ট্রফিতে কদিন আগে ডাবল সেঞ্চুরি করেছেন যুবরাজ।তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ৩০ অক্টোবর, মুম্বাইতে। দলকে নেতৃত্ব দেবেন সুরেশ রায়না। টেস্ট দলে জায়গা পাওয়ার লড়াইয়ে যুবরাজের মূল প্রতিদ্বন্দ্বী এই রায়নাই। ভারতের ব্যাটিং অর্ডারে ৬ নম্বর জায়গাটি নিয়েই আপাতত লড়াই চলছে। গত কিছুদিন রায়না এই জায়গায় খেললেও নিজের অবস্থান পাকা করতে পারেননি। তবে লড়াইয়ে শুধু এ দুজনই নন, ৬ নম্বরে চোখ রাখা মনোজ তিওয়ারি ও অজিঙ্কা রাহানেও খেলবেন এই ম্যাচে।সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির গড়া প্রথম দল এটিই। সবচেয়ে উল্লেখযোগ্য, ১৪ জনের দলে নেই কোনো স্পিনার। ধারণা করা হচ্ছে, টেস্ট সিরিজের আগে ইংলিশদের ভারতীয় স্পিনের স্বাদ দিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ওয়েবসাইট।