‘এ’ দলের অধিনায়ক হতে হলো আশরাফুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দল থেকে অস্ট্রেলিয়া সিরিজের দলে কিছু পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। একটা পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে কালই—অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ওয়ানডের হোম সিরিজের দলে নেই মোহাম্মদ আশরাফুল। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য গতকাল ঘোষিত ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে।‘এ’ দলে আশরাফুলকে নেওয়াটা সহজ হয়নি নির্বাচকদের পক্ষে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ না পেলে চলতি জাতীয় লিগে খেলার সুযোগ পেতে চেয়েছিলেন আশরাফুল। যেতে চাননি ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়। শেষ পর্যন্ত বোর্ডের চাপের কাছে মাথা নত করতে হয়েছে তাঁকে।‘এ’ দল দক্ষিণ আফ্রিকা যাবে আগামী ৩ এপ্রিল রাতে। পচেফস্ট্রুমে দুটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচের সিরিজটি শুরু হবে ৭ এপ্রিল। চার দিনের ম্যাচ শেষে ওয়ানডে দলে যোগ দেবেন স্ট্যান্ডবাই থাকা পাঁচ ক্রিকেটারের চারজন। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ‘এ’ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দলের সঙ্গে। দু-এক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার কথা এই দলটিও। বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শামসুর রহমান (সহ-অধিনায়ক), নাজিমউদ্দিন, মেহরাব হোসেন জুনিয়র, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, নাদিফ চৌধুরী, সগীর হোসেন, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, কামরুল ইসলাম রাব্বী, নূর হোসেন ও সাকলাইন সজীব। ওয়ানডের স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ডলার মাহমুদ, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও মোহাম্মদ ইলিয়াস।