‘এ’ দলের অনুশীলন কাল থেকে
জাতীয় দল জিম্বাবুয়ে সফর করছে। যুব এশিয়া কাপ খেলতে অনূর্ধ্ব-১৯ দল মালয়েশিয়ায়। দেশে যাঁরা আছেন, কাল থেকে মাঠে নেমে পড়বেন তাঁরাও। ভারতের বেঙ্গালুরু ও মহীশূরে অনুষ্ঠেয় শাফি ধারশাট টুর্নামেন্টের জন্য কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প।চার দিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৪ জুলাই। শেষ হবে ১৭ আগস্ট। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচ খেলবে কমপক্ষে তিনটি, ফাইনালে উঠলে চারটি। টুর্নামেন্টের জন্য এর মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক ‘এ’ দলও ঘোষণা করেছে বিসিবি। ডাক পাওয়া খেলোয়াড়দের কাল সকাল সাড়ে আটটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে।প্রাথমিক ‘এ’ দল: শাহরিয়ার নাফীস, নাসিরউদ্দিন ফারুক, ইমরুল কায়েস, নাজিমউদ্দিন, মমিনুল হক, নাঈম ইসলাম, শামসুর রহমান, ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, মাহমুদুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ধীমান ঘোষ, সাকলাইন সজীব, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, মোশাররফ হোসেন, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, আল-আমিন, সাব্বির রহমান, ডলার মাহমুদ, কাজী কামরুল ইসলাম ও তাসামুল হক।